মানুষের বিবেক যখন ঘুমিয়ে পড়ে, সমাজে অপরাধ তখন মাথাচাড়া দিয়ে ওঠে। আজ আমাদের চারপাশে অন্যায়, অত্যাচার, সন্ত্রাস ও চাঁদাবাজির যে মহামারী আমরা দেখছি, তা দমনে কেবল কঠোর আইনই যথেষ্ট নয়। আইন যতই কঠোর হোক না কেন, মানুষের মনে যদি আইনের প্রতি শ্রদ্ধা এবং নৈতিকতাবোধ না থাকে, তবে সুশাসন প্রতিষ্ঠা করা একদমই অসম্ভব। তাই অপরাধ দমনে সবচেয়ে জরুরি হলো মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আর এই পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার হলো বই। বই মানুষের সংকীর্ণ চিন্তাকে প্রসারিত করে এবং বিবেকের দুয়ার খুলে দেয়। মূলত আধুনিক অপরাধবিজ্ঞানের ভাষায় বলা হয় অপরাধ একটি সামাজিক ব্যাধি এবং অপরাধী সেই ব্যাধিতে আক্রান্ত একজন ব্যক্তি। একজন অপরাধীকে কারাগারে পাঠানোর মূল উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়াই নয় বরং তাকে সংশোধন করা।

বিচার ব্যবস্থার মূল দর্শন হলো অপরাধীর ভেতরের কলুষিত চিন্তাগুলোকে বদলে তাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। মানুষ যখন তার বিবেক হারিয়ে ফেলে এবং চিন্তা-চেতনার অবক্ষয় ঘটে, তখনই সে অপরাধ করতে দ্বিধা করে না। \r\nসমাজের অনেক মানুষ ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যের ওপর অন্যায় করতে পারেন না। কারও সামান্য ক্ষতি করার চিন্তা করলেও তাদের বিবেক বাধা দেয়, অনুশোচনার সৃষ্টি হয়। এর প্রধান কারণ হলো তাদের বিবেক জাগ্রত এবং তারা মানসিকভাবে সুস্থ। এই সুস্থতা মূলত আসে অর্জিত শিক্ষা ও মূল্যবোধের সঠিক চর্চা থেকে। এর ঠিক বিপরীতে এমন কিছু মানুষ আছে যারা অপরাধ করাকে অতি সাধারণ বিষয় হিসেবে বিবেচনা করে থাকে। প্রশ্ন জাগে, একই সমাজে বসবাস করা মানুষের চিন্তার এই আকাশ-পাতাল পার্থক্য কেন হয়?

আর এর উত্তরটি লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্বে। মানুষ যা শেখে এবং অন্তরে যা লালন করে, তা তার আচরণের মধ্য দিয়েই প্রতিফলন ঘটে। মানুষের এই ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার প্রধান পথ হলো সুস্থ জ্ঞানের চর্চা। আর বই হলো সেই জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। সমাজের এই অপরাধপ্রবণ মনস্তত্ত্বকে বদলে দিতে হলে দরকার একটি বই পড়ার সামাজিক আন্দোলন। এই আন্দোলন কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে চেনার আন্দোলন। এই নৈতিক পরিবর্তনের সূচনা হওয়া উচিত শৈশব থেকেই। শিশুদের হাতে যদি পাঠ্যবইয়ের পাশাপাশি রুচিশীল ও জীবনমুখী বই তুলে দেওয়া যায় তবে তাদের মধ্যে নৈতিকতা ও সততা গড়ে উঠবে। শৈশবেই যদি সঠিক বোধ তৈরি হয়, তবে বড় হলে তাদের মস্তিষ্কে অপরাধের পচন ধরবে না।

কারণ একজন প্রকৃত জ্ঞানসম্পন্ন মানুষ কখনোই অন্যের ওপর জুলুম বা অবিচার করতে পারেন না।\r\nকিন্তু দুর্ভাগ্যজনকভাবে, বর্তমানে আমাদের সমাজে এক নেতিবাচক ও অসুস্থ বিপ্লব চলছে। চারদিকে আমরা তাকালে দেখি চলছে একশ্রেণির তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের অসুস্থ প্রতিযোগিতা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পরিলক্ষিত হচ্ছে অশ্লীলতা, কুরুচিপূর্ণ বিনোদন আর গুজব ছড়ানোর নোংরা মহোৎসব। এই সস্তা ও বিকৃত রুচির প্রচার আমাদের মস্তিষ্কে পচন ধরিয়ে দিচ্ছে। কেড়ে নিচ্ছে আমাদের ভালো-মন্দ বিচার করার নিজস্ব ক্ষমতা। এসবের মোহে পড়ে আমরা সুস্থ চিন্তা ও সৃজনশীলতা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমাদের মাসের পর মাস অতিবাহিত হয়ে যায়। কিন্তু একবারের জন্যও আমরা আত্মোপলব্ধি করি না যে, আমাদের জীবনের উদ্দেশ্য কী? আমরা যা করছি, তা কেন করছি? এই উদ্দেশ্যহীন জীবনযাত্রা মানুষের অন্ধ করে দিচ্ছে বিবেককে। যার চূড়ান্ত পরিণতি হিসেবে সমাজে অপরাধ হু হু করে বেড়েই চলছে। \r\nসঠিক বুঝ ও নৈতিক শিক্ষার অভাবেই মানুষ মুলত অপরাধপ্রবণ হয়ে ওঠে। সমাজ থেকে অপরাধের এই শিকড় উপড়ে ফেলতে হলে মানুষকে বইয়ের সান্নিধ্যে ফিরিয়ে আনতে হবে। ঘরে ঘরে বই পড়ার সংস্কৃতি চালু হলে মানুষের ঘুমন্ত বিবেক জাগ্রত হবে। একই সঙ্গে দূর হবে অন্ধকারাচ্ছন্ন নানাবিধ চিন্তা। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে আজ বই পড়ার আন্দোলন কেবল প্রয়োজনই নয়, বরং অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা বই থেকে মুখ ফিরিয়ে রাখি তবে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আমাদের কাছ থেকে বিবেকহীন সমাজই উত্তরাধিকার হিসেবে পাবে।\r\nলেখক : শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়