রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য তৈরি করা ফুটপাতগুলো এখন সাধারণ মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দখল, অযত্ন আর অব্যবস্থাপনায় শহরের অধিকাংশ ফুটপাত এখন হাঁটার অযোগ্য। ফলে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আধুনিক নগর-পরিকল্পনায় পথচারী বান্ধব ফুটপাত একটি অপরিহার্য অনুষঙ্গ হলেও ঢাকা মেগাসিটিতে এটি একটি দুঃসহ বিড়ম্বনার নাম। গগনচুম্বী অট্টালিকা আর ফ্লাইওভারের মোড়কে ঢাকাকে তিলোত্তমা গড়ার গালভরা বুলি থাকলেও বাস্তবতা হলো নগরের ফুটপাতগুলো এখন দখলদারিত্বের করাল গ্রাসে এবং প্রশাসনের উদাসীনতায় আজ সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে।
\r\nঢাকা শহরের ব্যস্ততম এলাকাগুলো ঘুরলে দেখা যাবে, ফুটপাতের অর্ধেকেরও বেশি অংশ হকারদের দখলে। কাপড়, জুতা থেকে শুরু করে মুখরোচক খাবারের দোকান সবই বসানো হয়েছে ফুটপাতের ওপর। মতিঝিল, ফার্মগেট, নিউমার্কেট, গুলিস্তানের মতো ব্যস্ততম এলাকাগুলোতে ফুটপাতের অস্তিত্ব পাওয়াই দুষ্কর। কোথাও কোথাও স্থায়ী স্থাপনার বর্ধিতাংশ, কোথাও অবৈধ দখলদার, ভাসমান হকার ও প্রভাবশালী মহলের ক্ষুদ্র বাণিজ্যের চারণভূমি আবার কোথাও কোথাও নির্মাণ সামগ্রী স্তুপ করে রাখায় পথচারীদের চলাচলের কোনো সুযোগই অবশিষ্ট নেই। ফুটপাত দখলের এই অশুভ ও প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতার মুখে সাধারণ মানুষের জীবন জিম্মি হয়ে পড়েছে। দখলমুক্ত থাকা ফুটপাতগুলোর অবস্থাও শোচনীয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ড্রেনের স্লাব ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে অনেক জায়গা।
বর্ষাকালে এই স্লাববিহীন গর্তগুলোতে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা অহরহ ঘটছে। এছাড়া অনেক এলাকায় ফুটপাতের মাঝেই বসানো হয়েছে বৈদ্যুতিক খুঁটি বা ট্রান্সফরমার যা পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটায়। ফুটপাত ব্যবহারের সুযোগ না থাকায় সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। এতে করে যানজট যেমন বাড়ছে তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে শিশু বৃদ্ধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। অফিসগামী এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ফুটপাত দিয়ে হাটার উপায় নেই, হয় হকারদের গায়ের ওপর দিয়ে যেতে হয় নয়ত রাস্তায় নামতে হয়। আমরা ট্যাক্স দেই কিন্তু নিরাপদে হাঁটার ন্যূনতম অধিকারটুকু আমাদের নেই। শুধুমাত্র লোকদেখানো উচ্ছেদ অভিযান এই সংকটের টেকসই সমাধান নয়। এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক কাঠোরতা। \r\nনগর পরিকল্পনাবিদদের মতে, এই সমস্যার সমাধান এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরীকল্পনা ও হকারদের পুনর্বাসন। এজন্য হকারদের পুনর্বাসনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং ফুটপাতকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা অপরিহার্য। একইসঙ্গে ফুটপাত রক্ষণাবেক্ষণে সিটি করপোরেশনের নিয়মিত তদারকি বাধ্যতামূলক করা উচিত। শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে হলে ফুটপাতগুলো দখলমুক্ত করে পথচারীদের ফিরিয়ে দেওয়া এখন সময়ের দাবি। অন্যথায় যানজট ও দুর্ঘটনার এই দুষ্টচক্র থেকে শহরবাসীর মুক্তি মিলবে না। পাশাপাশি আধুনিক প্রকৌশলগত উৎকর্ষের মাধ্যমে ফুটপাতগুলোর নিয়মিত সংস্কার নিশ্চিত করতে হবে। ?ঢাকা শহরকে কেবল ইট-পাথরের জঙ্গল না বানিয়ে একে মানুষের জন্য বাসযোগ্য করে তুলতে হলে ফুটপাতগুলো দখলমুক্ত করার বিকল্প নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই এখন গণদাবি।
