বাংলাদেশ ও জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) চূড়ান্ত হয়েছে। জাপানই হচ্ছে প্রথম দেশ যার সঙ্গে প্রথম ইপিএ করতে যাচ্ছে বাংলাদেশ। ইপিএ হলো দুই দেশের মধ্যে মুক্তবাণিজ্যের পরিসর বা এফটিআই পরিকল্পনা। এর পরিসরে দুই পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্পর্কিত বিভিন্ন ব্যবস্থা নিতে পারবে। এর মধ্যে রয়েছে বাণিজ্য বাধা অপসারণ, আমদানি কোটা সংশোধন, শুল্ক বাধা অপসারণ, একে অপরের সঙ্গে পণ্য ও পরিষেবা ব্যবসার জন্য পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা ইত্যাদি।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ ডিসেম্বর দুই দেশের মধ্যে প্রথম বাংলাদেশ-জাপান ইপিএর উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিক ধাপ হিসেবে যৌথ গবেষক দল ১৭টি খাত অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত পদ্ধতিতে দরকষাকষি পরিচালনার সুপারিশ করে। তীব্র দরকষাকষির মাধ্যমে জাপানের সঙ্গে ইপিএর খসড়া চূড়ান্ত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে, উভয় দেশে বিনিয়োগ আকর্ষিত হবে এবং অর্থনৈতিকসম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে। উভয় দেশের উপদেষ্টা পরিষদ বা মন্ত্রিপরিষদের অনুমোদন সাপেক্ষে আইনি ধাপগুলো শেষ হলে ২০২৬ জানুয়ারি মাসে স্বাক্ষরিত হতে পারে ইপিএ চুক্তি। এর মাধ্যমে বাংলাদেশের ৯৭টি সেবাখাত খুলবে জাপানের জন্য।

অন্যদিকে জাপানের ১২০টি সেবাখাত উন্মুক্ত হবে বাংলাদেশের জন্য। এটি বাংলাদেশের জন্য ব্যাপক বাণিজ্য, প্রযুক্তি ও অর্থনৈতিক সুফল বয়ে আনবে। বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ প্রথমদিন থেকেই ৭ হাজার ৩৭৯ পণ্য জাপানের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে জাপানের ১ হাজার ৩৯টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশের বাজারে। বাংলাদেশকে কেন্দ্র করে জাপান সরকারের প্রস্তাবিত বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ (বিগ-বি) ইনিশিয়েটিভ বিগ-বি নামে পরিচিত। ইতোমধ্যে এই উদ্যোগের আওতায় অনুমোদিত হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প। দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে বিগ-বি দ্রুত কার্যকর করার উদ্যোগ গ্রহণের সংবাদ বাংলাদেশের জন্য স্বস্তিকর।

এছাড়াও জাপানের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষর করার প্রস্তুতি নিয়েছে সরকার। এই চুক্তি কার্যকর হলে আগামী চার বছরের মধ্যে জাপানে ১ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি হওয়ার কথা। আসন্ন ২০২৬ সালে এলডিসি উত্তরণ হলেও বাংলাদেশের জন্য জাপানের শুল্ক সুবিধা আরও অন্তত তিন বছর বহাল রাখার ঘোষণা দিয়েছে দেশটি। উল্লেখ্য, এক দশক আগে মূলত ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার (বেল্টে) এলাকায় শিল্পায়নকে সামনে রেখে বিগ-বি উদ্যোগটির পরিকল্পনা করা হয়। বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে দেশের এই অঞ্চল বেশ সম্ভাবনাময় বলে মনে করে জাপান। বিগ-বির প্রথম স্তম্ভটি হলো শিল্প ও বাণিজ্য। দ্বিতীয় স্তম্ভ জ্বালানি। তৃতীয় স্তম্ভ পরিবহন ব্যবস্থা। বাংলাদেশ জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি বড় অনুষঙ্গ হলো বিগত অর্ধশতকে ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক আদান-প্রদানের প্রসারতা।

এ কথা প্রণিধানযোগ্য যে, আধুনিক পর্যায়ে দুই দেশের সম্পর্কের গভীরতা ও গতিপ্রকৃতিতে অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় বাণিজ্যের উত্থান-পতন বিশেষ নির্দেশক হিসেবে কাজ করেছে। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের অব্যবহিত পরে জাপান সরকার বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে এগিয়ে এসেছিল। জাপানই হচ্ছে এশিয়ায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের অন্যতম গন্তব্যস্থল। আবার জাপানি পণ্য বাংলাদেশের আমদানি বাণিজ্যের অনেকটা দখল করে আছে।