চলনবিলের কৃষিভিত্তিক গ্রামীণ জনপদের ধর্ম-বর্ণ নির্বিশেষে আপামর মানুষের কাছে নবান্ন উৎসব বার্ষিক আনন্দের বিশেষ দিন। আশি বা নব্বই দশকের চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর; পাবনার ফরিদপুর, চাটমোহর, ভাঙ্গুড়া; নাটোরের গুরুদাসপুর, সিংড়া এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলা এলাকায় হাজার হাজার হেক্টর জমিতে বোনা আমন ধানের আবাদ হতো। সাদা দিঘা, সরসরিয়া, লাউজাল, মাটিয়াগড়ল, বরণসহ স্থানীয় জাতের ধান কাটার মধ্য দিয়ে নবান্ন উৎসবের আমেজ জানান দিত। ধান কাটার পর বাড়ির উঠানে বৃত্তাকার ধানের আঁটি সাজিয়ে কৃষক ঈষৎ শীতের আমেজে চাদরে শরীর জড়িয়ে গরু দিয়ে রাতভর মাড়াই দিত। মাড়াই শেষে প্রথমেই বাড়ির উঠান থেকে পরিবারপ্রধান পহেলা অগ্রহায়ণ বা নবান্নের পিঠাপুলি আয়োজনের জন্য প্রয়োজনীয় ধান বাড়ির গিন্নির হাতে তুলে দিতেন।
এ অঞ্চলে নবান্নের সময় চাল গুঁড়া করার সময় বাড়ির নবীন-প্রবীণ নারীরা আঞ্চলিক গীত বা লাচারী গাইতেন। বলা বাহুল্য, এটা যে শুধু পহেলা অগ্রহায়ণ হতো, তা নয়। এ নবান্ন উৎসবের ছটা পৌষ মাস অবধি চলত চলনবিলের কৃষিজীবী পরিবারে।
নবান্নের আনন্দ চলনবিলে ঘটা করে পালন করাকালে নতুন খেজুর রসের সঙ্গে গাভি বা মহিষের গাঢ় দুধে দুধপিঠা হাঁস, দেশি মুরগি বা গরুর মাংসের সঙ্গে ধবধবে সাদা রুটির স্বাদ গ্রহণ করা হতো। ছিল সাতসকালে ধূমায়িত ভাপা পিঠা, পাকান পিঠা, কুশলি পিঠা, পাটিসাপটা, দুধকলি, মুঠাসহ হরেক পদের রসনাবিলাসী খাবারদাবার।
চলনবিলের অনেক গ্রামে আশি বা নব্বই-এর দশকে সম্মিলিতভাবেও নবান্ন পার্বণ আয়োজন ছিল চোখে পড়ার মতো।
গ্রামের বারোয়ারি পিতলের ডেকচিতে আমন ধানের লাল চাল-ডালের সুস্বাদু খিচুড়ি, খেজুর গুড়ের পায়েস গ্রামসুদ্ধ সব নারী-পুরুষ কলার পাতায় করে খেয়ে গ্রামের ঐক্য ও সংহতির দৃষ্টান্ন স্থাপন করতেন। তারপর গ্রামের খেলার মাঠে লাঠি খেলা, পুথিপাঠ, বিবাহিত- অবিবাহিতদের ফুটবল খেলা, সাঁতার প্রতিযোগিতা, হাঁড়িভাঙা, নারীদের জন্য সুঁইয়ে সুতা পরানো, চেয়ার, বালিশ খেলার মতো নানান আয়োজন থাকত। দিন শেষে রাতের পর্বে কবিগান, ফকিরান্নি গান, ভাষান যাত্রা, লছিমন, বেহুলার জারি গানের আসর বসানো হতো নবান্নের পার্বণ উপলক্ষে।
কৃষক পরিবারের অকৃত্রিম এ উৎসব ছিল একদিকে উপভোগ্য, অন্যদিকে প্রাচীনকালের একান্নবর্তী পরিবারের পরিবারপ্রধান আয়োজিত প্রাণের উৎসব, যা এখনকার পঞ্চাশোর্ধ্বদের অমলিন স্মৃতি। এর মধ্যে আমরা হারিয়ে ফেলেছি বোনা
আমনের স্থানীয় জাতের পুষ্টিকর চাল, দেশি গাভি বা মহিষের গাঢ় দুধ, খাঁটি খেজুর গুড়। নেই লাঠি খেলা, পুথিপাঠের আসর। ভাবনার বাইরে কবিগান, ফকিরান্নি গান, ভাষান যাত্রা, গানের আসর। হু-হু করে বাড়ছে বিচ্ছিন্ন পরিবারের সংখ্যা। গ্রামগুলোতে কাইজ্জা, মামলা-মোকদ্দমা পেয়ে বসছে। গ্রামবাসীর একত্রিত হয়ে সামাজিক আয়োজনের ভাটার টান লক্ষণীয়।
এখন বাড়ি বাড়ি মোটরবাইক, ট্রাক্টর, একাধিক স্মার্টফোন। চিরায়ত গ্রামীণ মানুষের জীবনে পরিবর্তন এসেছে বাঙালির সব ধরনের পার্বণ বা উৎসবে। তা ছাড়া বড় গৃহস্থ কৃষক আর চাষাবাদ করেন না। জমি লিজ দিয়ে টাকা নেন। তাই কৃষকের বোনা আমন ধানের ম-ম গন্ধে ভরে ওঠে না কৃষকের বাড়ির উঠান। তবে একেবারেই যে পহেলা অগ্রহায়ণ নবান্ন এলে মেয়ে-জামাইকে নাইয়র এনে পিঠা-পায়েসের আয়োজন হয় না, তা নয়। হয়, তবে তা অনেক কম। আর এটাও ঠিক, ক্রমেই রং হারাচ্ছে চলনবিলের নবান্ন পার্বণ– এটা বলার অপেক্ষা রাখে না।
এম. আতিকুল ইসলাম বুলবুল: সমকালের তাড়াশ প্রতিনিধি
