ঐকমত্য আর মতনৈক্যের মধ্যে বিভেদের যে দেয়াল, সেই দেয়াল ভালো ও মন্দ, উভয়ের জন্যই সংকট সৃষ্টি করে। ভালোকে ভালো থাকতে না দেওয়া আর মন্দকে আরও মন্দ হতে বাধ্য করার ক্ষেত্রে এ সংকটের সুনাম সুবিদিত। উভয় সংকটে পড়ে শুভ চিন্তারা শুভ উদ্যোগের পাড়া থেকে পাততাড়ি গুটিয়ে সরে পড়ে। আর নানা ধরনের অশুভ আচার আচরণ পাড়া মাত করে ফেরে। ষোলো শতকের ব্রিটিশ বণিক ও বিনিয়োগ উপদেষ্টা স্যার টমাস গ্রেশাম (১৫১৯-১৫৭৯) অনেক বুঝে শুনে এই অবস্থাকে Bad money drive away good money from the marke বলে বর্ণনা করেছেন। ভালো আর মন্দকে একসঙ্গে এক পাড়ায় বসবাস করতে দিয়ে, ভালোর আলোয় মন্দকে কলুষমুক্ত হতে সাহায্য করা যেখানে উচিত, সেখানে ভালোকে পত্রপাঠ মাঠ থেকে সাজঘরে পাঠিয়ে দিয়ে, ওয়াকওভারের পরিবেশ সৃষ্টি করা সভ্যতার সংকট সৃষ্টির জন্য যথেষ্ট। এ কথা সমানভাবে প্রযোজ্য হয়ে ওঠার সম্ভাবনা প্রচুর। বিশেষ করে ২৪-এর জুলাই-আগস্টে পটপরিবর্তনের প্রেক্ষাপটে চলমান ‘রাজনৈতিক সমঝোতা ও শুদ্ধাচার অন্বেষণের’ অবয়বে। সনদ আর সংবিধানের যথাসম্মান ও স্বীকৃতির দড়ি টানাটানিতে উভয়েরই তাৎপর্য, জাত্যাভিমানে আঘাত আসা সংকট সম্ভাবনাকে শীতল পাটি বিছিয়ে ডাকছে যেন।

দেশ, সমাজ ও রাজনৈতিক অর্থনীতিতে টেকসই উন্নয়ন ও অগ্রগতির অভিপ্সা আকাক্সক্ষায় সব পক্ষ ও অনুসঙ্গকে নিরবচ্ছিন্ন নিঃশর্ত ঐকমত্যে পৌঁছানোর তাগিদ থাকতে হবে। সব দ্বিমত বিচ্যুতির পরিবর্তে, অন্তর্ভুক্তির অবয়বে আসার অনিবার্যতা রয়েছে। সামষ্টিক অর্থনীতির উন্নয়ন ভাবনা, সমন্বিত উদ্যোগের প্রেরণা ও মতবাদ হিসেবে রাজনৈতিক-অর্থনৈতিক অন্তর্ভুক্তি (Politico-Financial inclusion) তথা সার্বিক সামাজিক অন্তর্ভুক্তির (Social Integration) দর্শন বিশেষ বিবেচনা ও ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। বিশেষ করে, গোয়েবলসীয় কায়দায় পরিচালিত স্বৈরতান্ত্রিত সময় থেকে বৈষম্যবিহীন বাংলাদেশের রাজনৈতিক আকাশকে কালো মেঘশূন্য করার প্রয়াস প্রচেষ্টায়, ঐকমত্যের ব্যর্থতা মানে প্রতিপক্ষের পোয়াবারো।

প্রতিপক্ষ কিন্তু বিজয়ীদের একতায় ভাঙনের সুর শুনতে এবং ভস্মে ঘি ঢালতে থাকবে এটাই স্বাভাবিক। সে কারণে মতানৈক্যের মাশুল সেখানেই গুনতে হবে। বিচ্যুতির অবকাশকে নাকচ করে দিয়ে, যেকোনো সংস্কার আলোচনায় সবার সুচিন্তিত মতামত প্রকাশের সুযোগ, কর্তব্যপালনে দৃঢ়চিত্ত মনোভাব পোষণ, উদ্দেশ্য অর্জন তথা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোয় ঐকান্তিক প্রয়াসে সমর্পিতচিত্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ক্ষেত্রে পারস্পরিক আস্থা ও বিশ্বাস জরুরি বিবেচনা করা হচ্ছে। রক্তক্ষয়ী বিপ্লবের পর সবার মধ্যে সুশাসন সদাচার, মনোভব মনোভঙ্গির পরিবর্তন, ঐকমত্যতায় স্বচ্ছতার সংস্কৃতি গড়ে ওঠা দরকার। নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা ও উপলব্ধির জাগৃতিতে অনিবার্য হয়ে ওঠে যে নিষ্ঠা ও আকাক্সক্ষা, তা অর্জনের জন্য সাধনার প্রয়োজন। প্রয়োজন প্রভূত ত্যাগ স্বীকারের। নেতিবাচক মনোভাব দ্বারা এবং দায়দায়িত্ব পালন ছাড়া, গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বাধীনতার সুফল ভোগের দাবিদার হওয়া বাতুলতা মাত্র। ‘ফেল কড়ি মাখ তেল’ কথাটি এ ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য এ জন্য যে, উৎপাদনে সক্রিয় অংশগ্রহণ না করে ফসলের অধিকার প্রত্যাশী হওয়াটা কোনোভাবেই স্বাভাবিক এবং সঙ্গত কর্ম ও ধর্ম নয়। কোনো কিছু অর্জনে বর্জন বা ত্যাগ স্বীকার যেমন জরুরি, তেমনি প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে বাস্তবতা এ জানান দেয় যে, ন্যায়নীতি নির্ভর, নিরপেক্ষ ও নির্ভার কা-জ্ঞানের বিকাশে গণতান্ত্রিক মূল্যবোধের অর্থবহ ও কার্যকর উপস্থিতির আবশ্যকতা অনস্বীকার্য।

রাজনৈতিক দরকষাকষির এই মহার্ঘ মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন, উপযুক্ত কর্মক্ষমতা অর্জন ও প্রয়োগের পরিবেশ সৃষ্টি করা। বিপুল জনগোষ্ঠীকে যদি জনশক্তিতে পরিণত করা না যায়, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচিতে যেকোনো বিনিয়োগ ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। সরকারি পদ-পদবি লাভকে সোনার হরিণ বানানোর কারণে, সে পদ পাওয়া এবং রাখার জন্য ব্যতিব্যস্ততা আন্দোলনে আত্ম উৎসর্গকারীদেও মর্যাদার চরম অবমূল্যায়ন। দরিদ্রতম পরিবেশে যেখানে শ্রেণি নির্বিশেষে সবার কঠোর পরিশ্রম, কৃচ্ছ সাধন ও আত্মত্যাগ আবশ্যক সেখানে সহজে ও বিনা ক্লেশে কীভাবে অর্থ, প্রতিপত্তি ও ক্ষমতা অর্জন-উপার্জন সম্ভব সেদিকেই ঝোঁক বেশি হওয়াটা সুস্থতার লক্ষণ নয়।

কর্মচারী ইউনিয়ন কিংবা সমাজসেবা প্রত্যাশী যেকোনো সমিতির নির্বাচনে, প্রার্থীর পরিচয়ে যে অঢেল অর্থ ব্যয়ের প্রতিযোগিতা চলে তা যেন এমন এক বিনিয়োগ ব্যবস্থাকে নির্দেশ করে, যে বিনিয়োগে অবৈধভাবে অধিক উসুলের সুযোগ আছে। জনসেবা সেখানে বণ্টন বৈষম্যের, সামাজিক অবিচারের প্রতিভূ হয়ে দাঁড়ায়। শোষক আর পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় বঞ্চিত নিপীড়িত শ্রমিক শ্রেণির স্বার্থ উদ্ধারে নিবেদিতচিত্ত হওয়ার বদলে ট্রেড ইউনিয়ন নেতৃত্ব নিজেরাই যখন উৎপাদনবিমুখ আর শ্রমিক স্বার্থ উদ্ধারের পরিবর্তে আত্মস্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত হয়ে শোষণের প্রতিভূ বনে যায়, বিচ্যুতির সেই দুঃখজনক পরিবেশে দেখা যায়, যাদের তারা প্রতিনিধিত্ব করছে, তাদেরই প্রথম ও প্রধান প্রতিপক্ষ তারা।

প্রচ- স্ববিরোধী এই পরিবেশ ও পরিস্থিতিতে রাজনৈতিক সিদ্ধি লাভ, উৎপাদন, উন্নয়ন সবই বালখিল্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। নীতিনির্ধারক নিজেই যখন সমন্বিতকরণ ও সেবার আদর্শ থেকে বিচ্যুত হয়ে স্ববিরোধিতায় শোষণের হাতিয়ার হয়ে দাঁড়ায়, আর আত্মস্বার্থ উদ্ধারে আত্মঘাতী প্রবণতায় আকীর্ণ হয়ে পড়ে তখন রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন ভাবনার ভবিষ্যৎ অনিশ্চিত অবস্থায় যে আপতিত হয়, তার ভূরি ভূরি প্রমাণ ইতিহাসের পাতায় রয়েছে। সংসার, সমাজ ও দেশের উন্নয়নে সবার সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে অর্থবহ করতে ঐকান্তিক নিষ্ঠা দরকার। দরকার উপযুক্ত পরিবেশ সৃষ্টির। সংসারে নানা বাদ-প্রতিবাদে মানুষ বেড়ে ওঠে, তার দায়দায়িত্ব তদানুযায়ী নির্ধারিত হয় এবং তা যথাযথভাবে পালনে সংসারের গতির চাকা সচল থাকে নির্র্দিষ্ট নিয়মে। দেশ, সমাজ, রাজনীতি-অর্থনীতি এভাবেই প্রবৃদ্ধির পথে যাবে। ভোগবাদী সমাজে কতিপয়ের প্রচুর উন্নতির অঙ্ক সমষ্টির সঙ্গে কাগজে কলমে বিভাজন দেখিয়ে তথাকথিত উন্নতির অবয়ব দেখানোর সংস্কৃতি, রীতিমতো আত্মপ্রবঞ্চনার প্রতীক।

গুণগত মানসম্পন্ন শিক্ষার দ্বারা মানবসম্পদ সৃষ্টি, গণসুস্থতা আর আইনের শাসন সুপ্রতিষ্ঠার সরোবরেই উন্নয়ন অর্থনীতির ফুল বিকশিত হয়। যে সমাজে শিক্ষকতা, রাজনীতি চর্চা, চিকিৎসা আর আইন ব্যবসা মহৎ পেশা হিসেবে বিবেচনার সুযোগ দিনে দিনে তিরোহিত হয় সে সমাজে বুদ্ধিবৃত্তির বিকাশ ও সমাজসেবার আদর্শ প্রতিষ্ঠা অসম্ভব হয়ে ওঠে। সেখানে সামাজিক সুবিচার ও গণকল্যাণ আকাক্সক্ষায় চিড় ধরতে বাধ্য। সুশাসন ও জবাবদিহিতার পরিবেশ পয়মাল হতে হতে সমূহ সর্বনাশও সহনশীল হয়ে ওঠে। পরীক্ষায় উত্তরনির্ভর বিদ্যাচর্চায়, বাস্তব শিক্ষার লেশমাত্র যে থাকে না সে উপলব্ধি করতে রূঢ় বাস্তবের মোকাবিলা পর্যন্ত অপেক্ষা করতে হয় না। সার্টিফিকেটধারী শিক্ষিতের সংখ্যা বাড়লেই দেশে শিক্ষার উন্নতিসহ জনসম্পদ বৃদ্ধি ঘটে না।

বরং তাতে স্বল্পশিক্ষিত বেকারের বিকারজনিত সমস্যার উদ্ভব ঘটে। অসম্পন্ন শিক্ষা সমাধান আনে না বরং সমস্যা বাড়ায়। শিক্ষা খাতে বেশি বরাদ্দ মিললেও, শিক্ষা জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে কিনা, দেশের অধিকাংশ অধিবাসী যে পল্লীতে সেই পল্লীর ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে শহরের হাইব্রিড বিদ্যাচর্চার ব্যবধান বাড়ছে কিনা, সে বিচার-বিবেচনা আবশ্যক। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে শহর আর গ্রামের পাসের হারের ব্যাপক ব্যবধান আসন্ন সমাজে ব্যাপক বিচ্যুতির ফাটল স্পষ্ট হয়ে উঠতে পারে। যে শিক্ষক শ্রেণিকক্ষে পড়ানোর জন্য রাষ্ট্র কর্তৃক জনগণের করের টাকায় বেতন পান, তার বিনিময়ে তার যে দায়িত্ব পালনের কথা তা পালন না করে বরং তার শিক্ষকতার পরিচয়কে পুঁজি করে অত্যধিক পারিশ্রমিকে কোচিং ব্যবসার মাধ্যমে তিনি ক্ষমতার অপব্যবহারই শুধু করেন না, গণশিক্ষার ব্যয় বাড়িয়ে চলেন। সমাজের কাছে যে সম্মান ও সমীহ তার প্রাপ্য, তা তার এই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির সঙ্গে দ্রবীভূত হয়ে যায়।

একই সমাজে কিছুদিন আগেও এমনকি ঔপনিবেশিক পরাধীন পরিবেশেও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে (তখন সরকারি অনুদান ছিল যৎসামান্য) শিক্ষাদান এবং রাজনীতি চর্চা ছিল নিঃস্বার্থ সম্প্রদানের বিষয় এবং আত্মত্যাগের আদর্শে ভাস্বর। আর সে সুবাদে রাজনীতিবিদ এবং শিক্ষক পেতেন সমাজের সর্বোচ্চ সমীহ ও সম্মান। শিক্ষক দায়িত্ববোধের আদর্শ হতেন শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের মনে জ্ঞানের আলো জ¦ালানোকে ব্রত মনে করতেন শিক্ষকরা। চিকিৎসাবিদ্যার প্রধান লক্ষ্যই যেখানে হওয়ার কথা দুঃস্থ-পীড়িত জনকে রোগমুক্তির সন্ধান দেওয়া, সেখানে স্রেফ ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি যেন মুখ্য হয়ে না দাঁড়ায় এ মহৎ পেশা।

অসুস্থ ব্যক্তির উপযুক্ত চিকিৎসা পাওয়া যেখানে মৌলিক অধিকার, সেখানে রাষ্ট্রীয় চিকিৎসা ব্যবস্থার নাজুক অবস্থা ও অবহেলায় ক্লিনিক কসাইয়ের সামনে হাজির হতে হচ্ছে অগণিত অসহায় অসুস্থ মানুষকে। ক্লিনিকে চিকিৎসাব্যবস্থা চালু করা হয়েছে সেখানে টাকার বিনিময়ে চিকিৎসাসেবা দিচ্ছে নবীন-প্রবীণ স্বাস্থ্যকর্মী। কিন্তু সরকার পরিচালিত চিকিৎসা প্রতিষ্ঠানে কেন সেবার মান উন্নত হবে না? যদিও সেখানে বাজেটের বিপুল বরাদ্দকৃত অর্থ ব্যয় দেখানো হয়। জনগণের শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য, বাজেটে বিপুল ব্যয় বরাদ্দ দিয়েও সেই সেবা পাওয়ার জন্য সুবিধা প্রার্থীকে আবার বাড়তি ব্যয়ের বোঝা যাতে বহন করতে না হয়, সেটা নিশ্চিত করা কর্তব্য। আইনের মারপ্যাঁচে নিজের ন্যায্য দাবি যাতে হারিয়ে না যায়, সে সহায়তা চেয়েই তো অসহায় অশিক্ষিত মক্কেল আসে আইনজীবীর দ্বারে। নিজের পেশাগত দায়িত্ব ও মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে স্রেফ ব্যবসায়িক দৃষ্টিতে বাদী-বিবাদী উভয় পক্ষের কাছ থেকে অর্থ আদায়ের অনুক্ষণ অনুযোগ বিচার প্রার্থীর বোবাকান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে। দেশ ও সমাজের স্বার্থকে থোড়াই কেয়ার করে অনেকে বিদেশি অনেক অন্যায্য দাবির স্বপক্ষে অনেকে লবিং করেন স্রেফ পেশাগত ও ব্যবসায়িক স্বার্থে। ‘সেবা পরম ধর্ম’ কিংবা ‘সততা সর্বোত্তম পস্থা’ এ মহাজন বাক্যরা কি শুধু নীতিকাহিনিতে ঠাঁই পাবে, বাস্তবে তাদের সাক্ষাৎ মিলবে না? অন্তত পরিবর্তিত পরিস্থিতিতে?

লেখক: অনুচিন্তক

mazid.muhammad@gmail.com