ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়া রুনা নিহত হয়েছেন ৪ মার্চ বুধবার। নিজের অফিস কক্ষ থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়; তারপর হাসপাতাল হয়ে মর্গে। চিকিৎসক জানিয়েছেন, এই শিক্ষকের গলায় ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ডান পাশের রক্তক্ষরণ ছিল গুরুতর। বৃহস্পতিবার নিহত শিক্ষকের বাড়িতে গিয়ে সাংবাদিকরা দেখেছেন, এক দিকে তাঁর চার সন্তান, যার মধ্যে দেড় বছরের শিশু আয়শা জান্নাতও আছে; আরেক দিকে চলছে নিহত আসমা সাদিয়ার দাফনের প্রস্তুতি। এসব বর্ণনার সঙ্গে প্রচ্ছন্ন হয়ে রইল একটি প্রশ্ন– রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে কতটুকু নিরাপদ একজন শিক্ষক?

এখন পর্যন্ত যা জানা যায়, আসমা সাদিয়া রুনাকে হত্যা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অস্থায়ী অফিস সহায়ক ফজলুর রহমান। শিক্ষকের ওপর ব্যক্তিগত ক্ষোভ প্রকাশের নজির নতুন নয়। তবে অফিস সহায়কের হাতে শিক্ষক হত্যার ঘটনা বিস্ময়কর। এতখানি ঔদ্ধত্যের পেছনে যে মনস্তত্ত্ব কাজ করতে পারে, তা নিয়ে কথা থাকে। আমাদের সমাজে শিক্ষকের মর্যাদা নিয়ে রীতি, সংস্কার, প্রথা, ঐতিহ্য রয়েছে। প্রশ্ন আসে সামাজিক রীতি-প্রথার ভাঙনের নিয়ামক নিয়ে। সম্প্রতি ‘মব’ করে শিক্ষক লাঞ্ছনার ঘটনাগুলোকে এর বাইরে রাখার সুযোগ নেই।

আসমা সাদিয়া রুনাকে হত্যা নিয়ে নিবন্ধটি লেখার সময় আরেকটি খবর চোখে পড়ল। রাজধানীর আদাবর থানার রিং রোডে অবস্থিত বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা করেছেন একই প্রতিষ্ঠানের একজন কর্মচারী।

৪ মার্চ বুধবার বিকেলে স্কুলের প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যাচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে তিন কাঠা জমি অনুমতি ছাড়াই ব্যবহার করছিলেন ওই কর্মচারী। সেটা ছেড়ে দিতে বলার জের ধরেই প্রধান শিক্ষকের গায়ে হাত তুলেছেন তিনি। আর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারী ফজলুর রহমানের বেতন বৃদ্ধি-সংক্রান্ত বিষয়ে ঝামেলা ছিল। মাসখানেক আগে বেতন বাড়ানো নিয়ে বিভাগের সভাপতি আসমা সাদিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। কিন্তু মতবিরোধ হলেও শিক্ষকের ওপর এমন হামলার ঘটনার সাহস কি এক দিনে তৈরি হয়েছে? দুটি ঘটনাই ‘বিচ্ছিন্ন’ ধরে নেওয়ার সুযোগ থাকতে পারে; কিন্তু দুটি ঘটনাতেই কর্মচারীর সঙ্গে শিক্ষকের মতবিরোধের জের।

এই আলোচনার সূত্রে শিক্ষকদের নিগৃহীত হওয়ার খবরে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সাম্প্রতিক একটি দৃশ্য মনে পড়তে পারে পাঠকের। হলুদ পাঞ্জাবি গায়ে এক ব্যক্তিকে দুই পাশ থেকে দুইজন ধরে নিয়ে যাচ্ছেন টেনেহিঁচড়ে। আতঙ্কে সেই ব্যক্তি চিৎকার করছেন। আর তখন ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করছেন কেউ কেউ। ঘটনাটি এ বছরের ১০ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। সেদিন চাকসুর চার নেতার নেতৃত্বে আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ লাঞ্ছনার শিকার হলেন।

এর মাত্র কয়েক দিন আগে আরেকটি দৃশ্য দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে হেনস্তা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এক নেতা। গত ১১ ডিসেম্বর ওই ঘটনার এক পর্যায়ে অধ্যাপক জামাল উদ্দীনকে ধাওয়া করা হয়। সেই দৃশ্যও মোবাইল ফোনে ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছিল সামাজিক মাধ্যমে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটেছে কয়েক দফায়। এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন খানকে অবরুদ্ধের প্রতিবাদে মাঠে নেমেছিলেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের বেপরোয়া আচরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অতিষ্ঠ হওয়ার খবর এখনও পুরোনো হয়নি।

শিক্ষক হেনস্তার ঘটনায় নিগৃহীত এসব শিক্ষকের নিজেদের দায় কতখানি, সে বিষয় নিয়েও দুটো কথা আছে। তারা কখন কী ভূমিকা রেখেছেন, সে হিসাবও হিসাবের বাইরে নয়। তাই বলে কি ‘মব’ করে শিক্ষক হেনস্তার ঘটনাকে সমর্থন করা যায়? সামাজিক প্রথা ভেঙে গেলে বিশৃঙ্খলা, অবিশ্বাস ও অস্থিরতা তৈরি হয়। দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্কের মূল্য থাকে না তখন। তারই ফলাফল দেখছি আমরা শিক্ষক লাঞ্ছনার ঘটনায়।

গত বছরের জুলাইয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। তারা স্লোগান দিয়েছিলেন, ‘যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও’; ‘শিক্ষা ও সন্ত্রাস, একসঙ্গে চলবে না’। সত্যি কি যে হাত শিক্ষক মারে সে হাত ভেঙে দেওয়ার মতো শক্তি আমাদের রাষ্ট্র কাঠামোয় রয়েছে? নাকি আরও উস্কে দেওয়ার মতো ঘটনা ঘটছে প্রায়ই?

সামাজিক মাধ্যমে ‘ভাইরাল’ অন্যান্য ভিডিও ক্লিপের মতো আমরা দেখছি একজন শিক্ষকের দৌড়ে যাওয়া। অসহায় হয়ে পালাতে চাওয়া। মানুষের মনে কি শিক্ষক নিয়ে যে বিশ্বাস, সম্মানের স্থান; তা ভেঙে যায় না এসব দৃশ্যে? আর এই ভেঙে পড়াই জন্ম দেয় সহিংসতর ঘটনার।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান আর রাজধানীর বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের দারোয়ান ধলু শিকদার মোবাইল ফোনে শিক্ষক লাঞ্ছনার ভিডিওগুলো তারিয়ে তারিয়ে দেখে মনের আক্রোশ মেটাতেন কিনা– এর উত্তর জানা নেই। তবে ক্রোধী মানুষের কোনো নীতি থাকে না। আর যেটুকুও অবশিষ্ট থাকে, তা ভেঙে দিতে পারে তার চারপাশের ইন্ধন। মব করে শিক্ষক লাঞ্ছনার ঘটনা সেসব ইন্ধন উস্কে দেয়।

আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনাটি যতই ব্যক্তিগত বিরোধ বা বিচ্ছিন্ন হিসেবে ব্যাখ্যা করা হোক, বিশ্ববিদ্যালয়ের ভেতরে এমন নৃশংসতর ঘটনার সুযোগ তৈরি হওয়াই বড় প্রশ্ন। কর্মস্থলে একজন শিক্ষকের এত অনিরাপত্তার দায় কি রাষ্ট্রের নয়?

সাদিয়া মাহ্জাবীন ইমাম: সহকারী সম্পাদক, সমকাল; কথাসাহিত্যিক