ইতিহাস রচনা ও লিখন দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা একই সাথে ঘটে না। ইতিহাস রচনার মধ্যে এমন সব ঘটনা থাকে, যা সবসময় চিরাচরিত পদ্ধতি মেনে নাও ঘটতে পারে। এমনকি পরিকল্পিত হলেও, ঘটনাপ্রবাহ নির্মাতাদের প্রত্যাশা অনুযায়ী হুবহু নাও হতে পারে। কিন্তু ইতিহাস লিখন তখনই সম্ভব হয়, যখন আপনি বসে, চিন্তাভাবনা করে ইতিহাস রচনার প্রক্রিয়াটি পর্যালোচনা করার সুযোগ পান।
নেপালে আমরা ইতিহাসের এমন এক সুস্পষ্ট পর্যায়ের সাক্ষী হচ্ছি, যেখানে ইতিহাস রচনা ও লিখন আকর্ষণীয়ভাবে এক জায়গায় মিলিত হচ্ছে। অর্থাৎ, নেপাল ইতিহাস রচনার এক নতুন অধ্যায় সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমি ৮-৯ সেপ্টেম্বরের ‘জেন জি’ আন্দোলনের পরবর্তী সময়ের কথা বলছি, যা পূর্ববর্তী ক্ষমতার কাঠামো ও রাষ্ট্রব্যবস্থাকে প্রায় ভেঙে চুরমার করে দিয়েছিল, কিন্তু সেই ভাঙনের প্রক্রিয়াটি ধ্বংসাত্মক ছিল না। সংবিধানের সূত্রগুলো যথাযথভাবে ব্যবহার করা হয়েছিল এবং সাংবিধানিক বিধান মেনে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল।
নেপালিরা যেন নিজেদের সাফল্যে গর্ব করার প্রবণতাও হারিয়েছে। আমরা এখন নিজেদের ক্ষোভ প্রকাশ করতে বেশি আগ্রহী। এর আংশিক কারণ দেশের বর্তমান অস্থিরতা এবং বাকিটুকু নেতিবাচক বিশ্বদৃষ্টিভঙ্গি, যা নিয়ে বাঁচতে আমরা বাধ্য হয়েছি। যাই হোক, আমরা এমন এক মুহূর্তে এসে পৌঁছেছি, যখন আমরা প্রায় একই সাথে এই দুটি বিষয়কেই মোকাবেলা করতে শুরু করেছি। দুটি মুহূর্তকেই এখন আমাদের ব্যবহার করতে হচ্ছে। প্রকৃত ঘটনার মুহূর্ত এবং তা বিচার-বিবেচনার মুহূর্ত। কিছুটা দূরত্ব থেকে মুহূর্তগুলোকে বিচার করা এবং প্রাপ্ত ফলাফলগুলো লিপিবদ্ধ করা এই মূল্যায়ন ইতিহাস রচনার সূচনা বিন্দু।
এবার নেপালে ইতিহাস রচনা ও লিপিবদ্ধ করার মুহূর্তগুলো অভূতপূর্ব গতিতে ঘটেছে। এখানে আমি ইতিহাসের দুটি পর্বের আকর্ষণীয় সংমিশ্রণের দিকে ইঙ্গিত করতে চাই। জেনজি আন্দোলন একের পর এক ঘটনাক্রম তৈরি করেছিল, একইসাথে ঘটনার মূল্যায়নে লেখালেখি ও অন্যান্য প্রচেষ্টা শুরু হয়ে গেছে। শুক্রবার বলেন্দ্র শাহ নেপালের ৪০তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এটাই উন্মোচিত হওয়া নতুন ইতিহাস। মজার বিষয় হলো, ইতিহাস রচনার একটি অপরিহার্য শর্তের ঘটনা এবং তার মূল্যায়নও সামনে আসছে। জেনজি বিক্ষোভের মূল্যায়ন সংক্রান্ত একটি প্রতিবেদন সামনে এসেছে। ঘণ্টার পর ঘণ্টা ধরে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, যা ইতিহাস রচনার পথে একটি নতুন পদক্ষেপ চিহ্নিত করছে।
এটি একটি অ্যাকাডেমিক বিষয়। আমি সহজেই সাহিত্যিক উদাহরণ দিয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারতাম, বিশেষ করে সেইসব তত্ত্বের উল্লেখ করে, যেগুলো ইতিহাস রচনার তাৎপর্য উপলব্ধির ক্ষেত্রে সাহিত্য রচনাকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উপস্থাপন করে। কিন্তু একজন নাট্যমনস্ক ব্যক্তি হিসেবে আমি বিশ্বজুড়ে নাট্যগোষ্ঠীগুলোর দ্বারা গৃহীত ইতিহাসের ধারণাগুলোর দিকে দৃষ্টি ফেরাতে চাই এবং পরিশেষে সেগুলোকে নেপালি ইতিহাসের এই ঐতিহাসিক নাটকীয় মুহূর্তের সাথে যুক্ত করতে চাই।
আমাদের ‘দৃষ্টিভঙ্গির সহাবস্থান’-এর ধারণাটিকে উৎসাহিত করা উচিত। আর নাটকের সেই অনন্য শক্তি রয়েছে। নাটক হলো একত্রিত হওয়ার একটি সাধারণ কাজ, যার মধ্যে ঐক্যবদ্ধ করার ক্ষমতা আছে। ইন্ডিয়ান থিয়েটার ইনস্টিটিউটের পরিপত্রে একটি কথা রয়েছে, যার সঙ্গে নেপালের বর্তমানে ইতিহাস রচনার মিল খুঁজে পাওয়া যায়। সেখানে বলা আছে যে, ‘একসাথে যুক্ত হওয়ার এই সাধারণ কাজের মধ্যে এমন একটি পরিসর তৈরি হয়, যেখানে মতপার্থক্যগুলো অমীমাংসিত অবস্থায় থাকতে পারে, যেখানে প্রশ্নগুলোকে উন্মুক্ত থাকতে দেওয়া হয়, এবং যেখানে দর্শকেরা তাদের জগৎ এবং সম্ভবত নিজেদেরকেও নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করার সুযোগ রয়েছে’।
নেপালে আমাদের ঠিক এটাই প্রয়োজন, যেখানে রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রগুলো নতুন করে রূপ নিচ্ছে। এক নতুন সৌন্দর্য ফুটে উঠছে। কিন্তু রাজনীতিতে এই সৌন্দর্যকে কাজে লাগানো এবং মতপার্থক্যকে স্থান দেওয়া অপরিহার্য। সমস্যাগুলো জাদুর মতো সমাধান না হলেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই; বরং অমীমাংসিত প্রশ্নগুলোকে সৃজনশীলভাবে সমাধানের জন্য কাজ করতে দিন।
আমি এই থিয়েটারের এই বক্তব্য প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, তাঁর দল, সংসদ সদস্যবৃন্দ এবং নতুন নেপাল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অন্যান্যদের প্রতি একটি বার্তা হিসেবে ব্যবহার করতে চাই। ইতিহাস নির্মাতাদের বলা বন্ধ করা উচিত যে, ‘আমরা অন্য সব কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়ে কেবল নিজেদের ভবিষ্যতেরই কথা বলব, কেবল আমরাই কথা বলব, কেবল আমরাই জয়ী হব।’ এটি সবচেয়ে হিতে বিপরীত নিয়ে আসে, যা স্বৈরাচারী মনোভাব।
আমি নাটকের দৃষ্টিকোণ থেকে কথা বলছি। নেপালে যদি একটি চমৎকার, সৃজনশীল ও গণতান্ত্রিক ইতিহাস রচনা করতে চান, তবে বহুত্ববাদকে উদযাপন করুন। পরিসরগুলোকে কথা বলতে দিন; সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিভিন্ন মানুষকে তাদের ভাবনা তুলে ধরতে দিন। কোনো ফলপ্রসূ নাটক একা মঞ্চস্থ করা যায় না। নাটকে, এমনকি যখন আমরা একক নাটক করি, তখনও আমরা দর্শকদের আমাদের চোখের সামনে রাখি। দর্শক সর্বদা অভিনেতার সামনেই বসে থাকেন। সৃজনশীলতা আপনার মজ্জাগত ব্যাপার, কিন্তু চ্যালেঞ্জ হল আপনার মনোভাব ও কর্মশৈলীতে এই নাট্যচেতনা বজায় রাখা।
অভি সুবেদী: কবি, নাট্যকার; দ্য কাঠমুন্ডু পোস্ট থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
