নতুন বছরের দ্বিতীয় মাসে দেশের মানুষ অপেক্ষায় রয়েছে একটি জাতীয় সংসদ নির্বাচন দেখতে। ভোট শুধু একটা সরকার নির্বাচনের প্রক্রিয়া নয়, এটি আমাদের গণতন্ত্রের মূলে থাকা এক অমূল্য অধিকার এবং দেশের ভবিষ্যৎ গঠনে একটি মহৎ উৎসব। বিগত নির্বাচনে নানা কারণে অনেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। কেউ হয়ত ভয়ের কারণে, কেউবা রাজনৈতিক হেনস্থা বা নানা অনিয়মের শিকার হয়েছেন। এবার সেই অন্ধকার কাটিয়ে উঠতে হবে এবং ভোট উৎসব হিসেবে উদ্্যাপন করতে হবে এ নির্বাচনের দিনগুলোকে।\r\nভোট উৎসব মানে একসাথে সবাই মিলে দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে একযোগে অংশ নেওয়া। প্রত্যেক নাগরিক যেন তার ভোটাধিকার ব্যবহার করে নিজের এবং দেশের ভবিষ্যৎ গড়ার অংশীদার হতে পারে।

২০২৬ সালের এই নির্বাচন হবে এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে নাগরিক অধিকার পূর্ণ মর্যাদায় বাস্তবায়িত হবে। দেশের রাজনৈতিক পরিসর হবে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ। এই নির্বাচনের মধ্য দিয়ে সমাজে ফিরবে স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা সুদৃঢ় হবে এবং দেশের উন্নয়নের পথে নতুন গতি আসবে।\r\nতবে এই উৎসব সঠিকভাবে সফল করতে হলে আমাদের সতর্ক থাকতে হবে বিভিন্ন ধরনের অনিয়ম থেকে। ভোট কেন্দ্র দখল, জালভোট, বলপ্রয়োগ, ভোটারদের ওপর ভয়ভীতি, ফলাফল বিকৃতি এবং প্রশাসনিক পক্ষপাত এসব বাধা হয়ে দাঁড়ায় গণতন্ত্রের পথে। বিশেষ করে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচন কমিশনের স্বচ্ছ ও শক্তিশালী ভূমিকা ছাড়া এগুলো বন্ধ করা অসম্ভব।

সরকারের উচিত হবে সংশ্লিষ্ট সকলকে উৎসাহিত করা যাতে তারা ভোটারের অধিকার রক্ষা করে এবং অনিয়ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে।\r\n দেশের রাজনৈতিক প্রক্রিয়া সুষ্ঠু হলে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক প্রভাব পড়বে। গণতন্ত্রের শক্তি বৃদ্ধি পাবে, যেখানে সবাই মিলেই দেশের গঠনমূলক কাজের অংশীদার হবে। ভোট উৎসব এমন এক মুহূর্ত যেখানে দেশের সব শ্রেণিপেশার মানুষ তাদের প্রত্যাশার ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে। ফলে দেশের নীতিনির্ধারকগণ জনগণের অধিকার ও উন্নয়নের প্রতিশ্রুতি পূরণে বাধ্য হবেন। সুতরাং, আসন্ন নির্বাচনকে শুধু একটি রাজনৈতিক ঘটনা হিসেবে নয়, বরং দেশের এক জাতীয় উৎসব হিসেবে গ্রহণ করতে হবে। এই উৎসব দেশের প্রতি প্রত্যয়ের প্রকাশ, যেখানে প্রতিটি ভোটার তার অধিকার সঠিকভাবে প্রয়োগ করে দেশের গণতন্ত্রের জয় নিশ্চিত করবে। আমাদের প্রত্যাশা, এই নির্বাচন হবে দেশের ইতিহাসে এক নন্দিত অধ্যায়, যেখানে ভোট উৎসব হবে সবার জন্য উৎসব।\r\nনতুন বছরে, নতুন নির্বাচন যেন আমাদের দেশের জন্য উন্নতি, শান্তি ও সমৃদ্ধির পথ প্রশস্ত করে। আমরা প্রত্যাশা করি, দেশের প্রতিটি নাগরিক দায়িত্বশীল ও সচেতন হবে, ভোট উৎসবের অংশ হবে এবং দেশের গণতন্ত্রকে আরও মজবুত করবে।\r\nকুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া থেকে