ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের অসম আগ্রাসনে যুদ্ধক্ষেত্রের বিস্তার যত বাড়ছে, ততই আকাশপথ হয়ে উঠছে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ। চলমান সামরিক উত্তেজনা শুধু একটি আঞ্চলিক নিরাপত্তা সংকট সৃষ্টি করেনি, বরং এটি এখন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল ও দরিদ্র রাষ্ট্রগুলোর বৈশ্বিক শ্রমবাজারের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল এবং নিরাপত্তার জন্য বিকল্প রুট খুঁজতে হচ্ছে, যা ব্যয়বহুল। এর ফল ভোগ করছেন লাখ লাখ সাধারণ যাত্রী ও প্রবাসী শ্রমিক। বাংলাদেশের বাস্তবতায় এ সংকট আরও গভীর হয়ে উঠেছে। সাম্প্রতিক দিনগুলোতে যে দৃশ্য দেখা যায়, তা এক গভীর উদ্বেগের প্রতিচ্ছবি।
\r\nঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া শ্রমিকরা ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ বিভিন্ন দেশে কর্মরত ও গমনেচ্ছু শ্রমিকদের অনেকের ভিসা প্রায় শেষ হওয়ার পথে। নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে তাদের চাকরি বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এ ক্ষতি শুধু ব্যক্তিগত নয়; এটি দেশের বৈদেশিক রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব ফেলবে দীর্ঘমেয়াদে, যা পুষিয়ে ওঠা প্রায় অসম্ভব হবে। \r\nআমরা মনে করি, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত নীতিমালার দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
যুদ্ধ পরিস্থিতিতে বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর একটি মৌলিক দায়িত্ব। আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতপূর্ণ অঞ্চলের আকাশসীমা বেসামরিক বিমানের জন্য ঝুঁকিপূর্ণ হলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তা অবিলম্বে সীমিত বা বন্ধ করার বাধ্যবাধকতা রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর স্বচ্ছতা, দ্রুত তথ্য আদান-প্রদান এবং নিরাপদ করিডর নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ, আকাশপথে একটি ভুল সিদ্ধান্ত শত শত নিরীহ মানুষের জীবন-প্রদীপ নিভিয়ে দিতে পারে। মানুষের স্বপ্নগুলো হয়ে যেতে পারে খানখান। এই মুহূর্তে সরকারের কূটনৈতিক উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ এবং তা আরও জোরদার করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করে দেশে ছুটিতে আসা প্রবাসী শ্রমিকদের ভিসার মেয়াদ বৃদ্ধি, বিকল্প আকাশপথ ব্যবহার এবং প্রয়োজন হলে বিশেষ ফ্লাইট পরিচালনার মতো বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে দ্রুত। \r\nএকই সঙ্গে বিমান ভাড়া অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ার মতো অনৈতিক বাণিজ্যিক আচরণ কেউ যেন করতে না পারে, সে দিকে কঠোর নজরদারি রাখা দরকার। সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক সংঘাতের অভিঘাত যেন বৈশ্বিকভাবে প্রান্তিক সাধারণ শ্রমজীবী মানুষের ওপর এসে না পড়ে, এটি নিশ্চিত করা রাষ্ট্রগুলোর আইনি ও নৈতিক দায়িত্ব। যুদ্ধের আগুন যখন স্থলপথ, জলপথ ও আকাশপথ পর্যন্ত ছড়িয়ে পড়ে, তখন সবচেয়ে বেশি বিপন্ন হয় নিরীহ মানুষের স্বপ্ন।
