বাংলাদেশের জাতীয় পরিচয়, আত্মমর্যাদা ও স্বাধীন অস্তিত্বের মূলে যে অর্জনটি সবচেয়ে গৌরবের ও সবচেয়ে মর্যাদার, তা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৬ ডিসেম্বরের বিজয়। বাংলাদেশের রাষ্ট্র গঠনের ইতিহাস মূলত জনগণের সংগ্রাম, আত্মত্যাগ এবং গণঅধিকার প্রতিষ্ঠার ধারাবাহিকতায় নির্মিত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয়পরিচয় ও স্বাধীনতার ভিত্তি স্থাপন করে। প্রতিবছর ১৬ ডিসেম্বর আমরা বিজয় দিবস উদযাপন করি গভীর শ্রদ্ধা ও মর্যাদার সাথে, কারণ এই দিনেই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়। নয় মাসের রক্তঝরা সংগ্রাম শেষে যে বিজয় অর্জিত হয়, তা শুধু একটি ভূখ-ের দখল মুক্তির অর্থ বহন করে না, এটি এদেশের মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির প্রতীক। তাই বিজয় দিবস কেবল ইতিহাসের একটি দিন নয় এটি একটি চেতনা, একটি আদর্শ, একটি পথ প্রদর্শক আলো।

মহান মুক্তিযুদ্ধের ভিত্তি ছিল রাজনৈতিক নিপীড়ন ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম। পাকিস্তানি শাসক গোষ্ঠীর চরম বৈষম্যমূলক আচরণ, সাংস্কৃতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে জাতি অস্ত্রহাতে তুলে নেয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অনন্য সাহস, ত্যাগ এবং নেতৃত্বের এক উজ্জ্বল দলিল। এই ইতিহাসে বিচিত্র ভূমিকায় কয়েকজন ব্যক্তি বিশেষ অবদান রেখেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁদের মধ্যে অন্যতম, যিনি যুদ্ধের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিকামী মানুষের মনে বিশেষ স্থান অধিকার করেন। পরবর্তীতে সম্মুখ যোদ্ধা, সংগঠক ও সামরিক নেতৃত্বের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেন। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যদিয়ে অর্জিত হয় বিজয়, এদেশের মানুষ লাভ করে স্বাধীনতা। তাই বিজয় দিবস শুধু একটি রাজনৈতিক বিজয়ের দিন নয়; এটি মানুষের অধিকার, মর্যাদা, ভাষা, সংস্কৃতি ও স্বাতন্ত্রের বিজয়ের প্রতীক। মুক্তিযুদ্ধের আদর্শ ছিল স্বাধীনতার পাশাপাশি গণতন্ত্র, সমতা, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচারপূর্ণ রাষ্ট্র নির্মাণ।

স্বাধীনতার পর বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক নানা সংকট মোকাবিলা করতে হয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমরা বার বার হোঁচট খেয়েছি। স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে এবং আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তাদের শাসনামলে দেশ ও দেশের মানুষ এক চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়ে। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে এক দলীয় বাকশালী শাসন ব্যবস্থা চালু হয়। এ সংশোধনের ফলে জনগণের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা সবকিছুই হরণ করা হয়। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, প্রশাসনিক বিশৃঙ্খলা ও আদর্শিক বিভাজন রাষ্ট্র জীবনে গভীর সংকট সৃষ্টি করে, যা ছিল মুক্তিযুদ্ধের আদর্শ ও বিজয় দিবসের চেতনার পরিপন্থী।

এই প্রেক্ষাপটে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান নিহত হন এবং আওয়ামী লীগের একটি অংশ রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়। দেশ আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে। বিশেষ করে নভেম্বরের প্রথম সপ্তাহে ধারাবাহিক সেনা অভ্যুত্থান দেশকে আরও অস্থিতিশীল ও নৈরাজ্যকর অবস্থায় নিয়ে যায়। ৭ নভেম্বর ঘটে সিপাহি জনতার বিপ্লব, যা সেই সময়ের ঘটনা প্রবাহের চূড়ান্ত রূপ।

এই ঘটনার কেন্দ্রবিন্দু ছিলেন স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান। বন্দিদশা থেকে মুক্ত হয়ে তিনি সেনাবাহিনী ও সাধারণ জনগণকে ‘বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য’ আহ্বান জানান। সেনা ও জনগণের এই মিলন তখনকার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক অসাধারণ সংহতির প্রকাশ ছিল, যা দেশীয় চেতনার নতুন ধারা সূচিত করে। ৭ নভেম্বরের ঘটনাকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ বলা হয়। কারণ, এটি কেবল একটি ক্ষমতা পরিবর্তনের দিন নয়; এটি ছিল বাংলাদেশের রাষ্ট্রচিন্তা, রাজনীতি ও আদর্শের নতুন সংজ্ঞায়ন।

মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে রাজনৈতিক মেরুকরণ ও মতাদর্শিক দ্বন্দ্বে জাতি বিভক্ত হয়ে পড়েছিল। ৭ নভেম্বরের বিপ্লব সেই বিভাজনে বহুমাত্রিক সেতুবন্ধন রচনা করে। এটি ছিল দেশপ্রেম ও আত্মমর্যাদাবোধে উদ্বুদ্ধ এক জাতীয় চেতনার পুনর্জন্ম। এই চেতনা দেশকে কেবল রাজনৈতিকভাবে নয়, আদর্শিকভাবেও নতুন দিক নির্দেশনা দেয়। ৭ নভেম্বরের বিপ্লব-পরবর্তী এই চিন্তা ধারাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত প্রশাসন পরবর্তীকালে ‘উন্নয়ন, শৃঙ্খলা, উৎপাদন’ এই তিন মূলনীতিকে রাষ্ট্র পরিচালনার মন্ত্র হিসেবে গ্রহণ করে। এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা নতুন গতিপথ পায়।

জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন মূলত বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং রাষ্ট্রীয় দক্ষতার সমন্বিত এক কাঠামো। তিনি জাতীয় পরিচয়কে রাষ্ট্রগঠনের কার্যকর ভিত্তি হিসেবে দেখেছিলেন। তাই জাতীয়তাবাদ তাঁর রাজনৈতিক দর্শনের কেন্দ্র বিন্দুতে অবস্থান করে। তাঁর মতে, রাষ্ট্রের ক্ষমতা তখনই ফলপ্রসূ হয় যখন জনগণ স্থানীয় পর্যায় পর্যন্ত সিদ্ধান্তগ্রহণে অংশ নিতে পারে এবং প্রশাসনিক শৃঙ্খলা, উৎপাদনশীলতা ও ন্যায়ভিত্তিক উন্নয়নের পথে পরিচালিত হয়। তিনি বাজারমুখী অর্থনৈতিক সংস্কারকে উৎসাহ দিলেও সাম্য, গ্রামীণ উন্নয়ন, কৃষক-শ্রমিকের অধিকার এবং প্রশাসনিক স্বচ্ছতাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে ব্যাখ্যা করেন। জিয়াউর রহমানের দর্শন এমন এক রাষ্টীয় মডেলের দিকে ইঙ্গিত করে, যেখানে গণতন্ত্র কেবল নির্বাচনী প্রক্রিয়া নয়; বরং বিকেন্দ্রীভূত ক্ষমতা, জাতীয় ঐক্য ও উন্নয়নমুখী রাষ্ট্রনীতি দ্বারা পরিচালিত হয়। এর ভিত্তিতেই বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন, শৃঙ্খলা, উৎপাদন এবং রাষ্ট্রযন্ত্রের জবাবদিহিÑ এসব নীতিকে তাঁর রাজনৈতিক দর্শনের মূল বলে বিবেচনা করা হয়।

জিয়াউর রহমানের মৃত্যু ও ১৯৮১ সালের পর বাংলাদেশের রাজনীতি নতুন অনিশ্চয়তার মধ্যে প্রবেশ করে। ১৯৮২ সালে হোসাইন মুহম্মদ এরশাদ অভ্যুত্থান করে ক্ষমতা দখল করেন এবং দেশকে সামরিক শাসনের দখলে নিয়ে আসেন। এর ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া স্থগিত থাকে এবং দেশের অর্থনীতি, প্রশাসন ও সামাজিক কাঠামো ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এ সময়ে জনগণের অধিকার, মত প্রকাশ ও রাজনৈতিক অংশগ্রহণ সীমিত থাকে। যদিও বিভিন্ন সময়ে ছাত্র-জনতা ও রাজনৈতিক দল আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের চেষ্টা করে, কিন্তু তা কঠোর সেনা ও প্রশাসনিক দমন নীতির মুখে ব্যর্থ হয়। এই দীর্ঘ সংকটকাল জাতীয় ঐক্য, মানুষের মর্যাদা এবং মুক্তিযুদ্ধের আদর্শের সাথে সরাসরি বিরোধ সৃষ্টি করে, যা স্বাধীনতার মূলচেতনার বিপরীতমুখী।

১৯৯০ সালে সেনা শাসন অবসান ও গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। এর পরের সময়কালে জিয়াউর রহমানের আদর্শে লালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় রাজনীতিতে স্থিতিশীলতা, সংহতি ও উন্নয়নের পক্ষে প্রধান ভূমিকা রাখে। মাঝে একবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। কিন্তু দুই বার ক্ষমতায় আসা বিএনপি সরকার জনগণের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং রাষ্ট্রীয় ক্ষমতার যথাযথ ব্যবহারকে তাদের মূল আদর্শিক ভিত্তি হিসেবে ধরে রাখে। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে, যা দেশের অর্থনৈতিক ও সামাজিক প্রগতিতে অবদান রাখে। সেই সঙ্গে, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতি জোরদার করতে আন্দোলন ও সংস্কারমূলক উদ্যোগ চালিয়ে যায়। রাজনৈতিক দ্বন্দ্ব থাকা সত্ত্বেও বিএনপির নেতৃত্ব দেশের জন্য একটি আদর্শিক এবং দায়িত্বশীল রাজনৈতিক বিকল্প হিসেবে কাজ করেছে, যা জাতীয় ঐক্য, মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অবদান রাখে।

২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে এক দলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন এবং অনিয়ম, দুর্নীতি ও নৈতিকতা বিবর্জিত কর্মকা-ের মাধ্যমে দেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক মূল্যবোধ, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যান। এমনকি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও চরম হুমকির মুখে পড়ে।

এরই প্রেক্ষাপটে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত ও সফল অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ঘটে এবং নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়। জুলাই অভ্যুত্থান শুধু একটি সরকারবিরোধী নয়, এটি ছিল জনগণের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, হতাশা ও পরিবর্তনের গভীর আকাক্সক্ষার প্রতিফলন। এই আন্দোলনে দেখা যায়, মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্ম তাদের নিজস্ব ভাষায়, নতুনভাবে অনুধাবন করছে। স্বাধীনতার মূলচেতনা হলো জনগণের সার্বভৌমত্ব। জুলাই গণঅভ্যুত্থান সেই সার্বভৌমত্ব পুনরুদ্ধারের প্রতি জনগণের প্রত্যক্ষ সমর্থন।

কিন্তু এরই মধ্যে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বৈরিতা ও অগণতান্ত্রিক আচরণ রাষ্ট্রব্যবস্থার ভিত দুর্বল করেছে। দেখা দিয়েছে রাজনৈতিক বিভাজন, মতাদর্শিক সংঘাত, মূল্যবোধের অবক্ষয় ও সামাজিক বৈষম্য। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই রাজনৈতিক বিভাজন ও মতাদর্শিক সংঘাত বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের শক্তি এবং বিজয় দিবসের চেতনা নিয়ে শুরু হয়েছে নানা রকম তর্কবিতর্ক, যা আমাদের জাতীয় ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করছে। আর এই দুর্বলতাকে ব্যবহার করে পতিত স্বৈরাচার আবার মাথাচাড়া দেবার সুযোগ খুঁজছে।

জুলাই আন্দোলন বিজয় দিবসের মূল্যায়নে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রথমত, বিজয় দিবস এখন আর কেবল পাকিস্তানি শাসন থেকে মুক্তির স্মৃতি নয়; এটি স্বাধীনতার পর রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার বা গণতন্ত্রহীনতার বিরুদ্ধে জনগণের লড়াইয়েরও স্মারক হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে যেমন জনগণ শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তেমনি জুলাই আন্দোলন ও স্বাধীনতার অন্তর্নিহিত মূল্যবোধের প্রতি জনগণের অঙ্গীকারকে দৃঢ় করেছে।

লেখক: সাবেক উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ও প্রফেসর (অবসরপ্রাপ্ত), অর্থনীতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।