শ্রমিক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরে বিরাজ করছে অচলাবস্থা। আমরা মনে করি, চট্টগ্রাম বন্দর আর দশটা সাধারণ বাণিজ্যিক স্থাপনা নয়। এটি বাংলাদেশের অর্থনীতির শ্বাসনালি, জাতীয় নিরাপত্তার কৌশলগত অবকাঠামো, যা স্বাধীন দেশের সার্বভৌম অস্তিত্বের এক সরব প্রতীক। এই অচলাবস্থার মূলে রয়েছেÑ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। প্রায় ২ হাজার ৭১২ কোটি টাকা রাষ্ট্রীয় বিনিয়োগে নির্মিত এই টার্মিনাল ১৫ বছরের জন্য বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘিরেই সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ। ফলে কনটেইনার ওঠানামা বন্ধ, জাহাজ আটকে আছে জেটিতে, রপ্তানি পণ্য বন্দরে ঢুকছে না, বের হচ্ছে না আমদানি পণ্য। \r\nদেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত স্তব্ধ।

অথচ সরকার নির্বিকার, কর্তৃপক্ষ নীরব, আর সিদ্ধান্ত গ্রহণের নামে চলছে একতরফা চাপ প্রয়োগ, যা মোটেও কাম্য নয়। তথ্য বলছে, বন্দরের মোট কনটেইনারের ৯৭ শতাংশ ওঠানামা হয় জিসিবি, সিসিটি ও এনসিটিÑ এই তিন টার্মিনাল দিয়ে। এই তিনটি কার্যত বন্ধ মানে দেশের রপ্তানি কার্যক্রম অচল। এরই মধ্যে বেসরকারি কনটেইনার ডিপোগুলোতে ১০ হাজারের বেশি রপ্তানি কনটেইনার জমে গেছে। পোশাকশিল্পসহ রপ্তানিনির্ভর খাতগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে প্রতিনিয়ত। \r\nরাজনৈতিক হঠকারিতা, অদূরদর্শী ও অস্বচ্ছ সিদ্ধান্ত এবং একরৈখিক নীতির কারণে থমকে যায়, তবে এর দায় সবার-শ্রমিক সংগঠন ও নীতিনির্ধারক কেউই এড়াতে পারে না।

বন্দর ইজারায় সরকারের যুক্তিÑ বন্দরে পণ্যজট, অদক্ষতা, প্রযুক্তির ঘাটতি এসব দূর করতে দরকার বিদেশি অপারেটর। প্রশ্ন হলো, এই অদক্ষতা কি প্রকৃতপক্ষে সক্ষমতার অভাব, নাকি রাজনৈতিক হস্তক্ষেপ, শ্রমিক সংগঠনের দুর্নীতি ও নীতিগত ব্যর্থতার ফল? যদি দ্বিতীয়টি সত্য হয়, তাহলে বিদেশি কোম্পানি এনে সমস্যার মূল সমাধান নয়, বরং দায় এড়িয়ে যাওয়ার পথ তৈরি করা হবে। বিশ্বের বহু দেশে দেখা গেছে, বিদেশি অপারেটর বন্দরের নিয়ন্ত্রণ নিলে লাভবান হয় মূলত করপোরেট স্বার্থ। রাষ্ট্র পায় সীমিত রাজস্ব, আর হারায় দীর্ঘমেয়াদি নীতিনির্ধারণের ক্ষমতা। চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত স্থাপনায় এটি আরও বিপজ্জনক। \r\nদক্ষ জনশক্তির ঘাটতি থাকলে তাদের বিদেশি বিশেষজ্ঞদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অভিজ্ঞ করার প্রশিক্ষণ হাতে নেওয়া যেতে পারে।

সংবাদ মাধ্যমে জানা যায়Ñ বন্দর কেন্দ্রিক এক শ্রেণির রাজনৈতিক মাফিয়া গড়ে উঠেছে বিগত সময়ে, যাদের শেকড় অনেক গভীরে। যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন তাদের হাত করে এই অসাধু চক্র দেশে ও বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। তারাই বিদেশি অপারেটর নিয়োগের বিপক্ষে। \r\nআমাদের বক্তব্য পরিষ্কার, সবার আগে দেশের স্বার্থ সংরক্ষণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আপোস চলবে না। আমরা এও মনে করি, বন্দর গতিশীল করতে উন্নয়ন ও আধুনিকায়ন প্রয়োজন। কিন্তু তা হতে হবে রাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে, রাষ্ট্রীয় স্বার্থে। চট্টগ্রাম বন্দর কোনো পরীক্ষাগার নয়, যেখানে এমন কোনো ভুল সিদ্ধান্তের ফলে তার খেসারত দিতে হবে দেশবাসীকে। আমরা মনে করি, সমস্যা ব্যবস্থাপনায় নয়, সমস্যা রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতির রাহু। এক্ষেত্রে রাষ্ট্র চাইলে নিজেই বিনিয়োগ করতে পারে। বন্দর লাভজনক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক প্রতিযোগিতায় আঞ্চলিক হাব হতে হলে বাংলাদেশকে হতে হবে বৈশ্বিক খেলোয়াড়।