উপমহাদেশীয় খাদ্য সংস্কৃতির ধারায় বাংলাদেশে আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় ভাতের সঙ্গে ডাল খেয়ে থাকি। সেটি হতে পারে মুগ, মুসুর, খেসারি কিংবা অন্য কোনো ডাল। ডাল শুধু স্বাদের উপকরণ নয়, বরং সাধারণ মানুষের প্রোটিনের অন্যতম প্রধান উৎস। বাস্তবে বাজারে এই অতি প্রয়োজনীয় খাদ্যে ভয়ংকর প্রতারণার আশ্রয় নিয়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। কৃত্রিম হলুদ রং টারট্রাজিন মিশিয়ে বিদেশ থেকে আমদানি করা মথবীজ কে মুগডাল হিসেবে বিক্রি করা হয় খুচরা বাজারে। দেখতে প্রায় একই রকম হওয়ায় ক্রেতাসাধারণ বুঝতে পারেন না। ফলে ভোক্তারা মরণব্যাধি ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন ধীরে ধীরে। খুব উজ্জ্বল রঙের, অস্বাভাবিকভাবে চকচকে ডাল সন্দেহজনক। ডাল পানিতে ভিজিয়ে রং ছাড়ছে কি না তা ঘরে বসেই পরীক্ষা করা যায়।
এটা নিশ্চিত করে বলা যায়, এ আবিষ্কার একদিন জাতি বিধ্বংসী কামানে পরিণত হতে পারে। কারণ ইতোমধ্যে নকল এই মুগডালে ক্যান্সারের উপাদান টারট্রাজিন পাওয়া গেছে। \r\nডালের বাজার অনুসন্ধানে জানা যায়, গত অর্থবছরে মুগডালের তুলনায় দ্বিগুণ পরিমাণ মথবীজ আমদানি হলেও বাজারে মথ নামে কোনো পণ্য খুঁজে পাওয়া যায়নি। সহজেই অনুমেয়, অতি মুনাফার লোভে পরিকল্পিতভাবে বিপুল পরিমাণ মথবীজ মুগডাল হিসেবে বিক্রি করে প্রতারিত করছে একটি কুচক্রি মহল। এক্ষেত্রে কয়েকটি অভিযানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অনিয়ম চিহ্নিত ও জরিমানা আদায় করাই সমাধান নয়। এই প্রতারণার শিকড় আমদানিকারকদের মুনাফার জালে বন্দি। বন্দর, আড়ত থেকে খুচরা বাজারের জটিল সিন্ডিকেটের গভীরে।
সম্প্রতি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের বিভিন্ন বাজার থেকে ৩৩টি নমুনা সংগ্রহ করে নিজস্ব ল্যাবে পরীক্ষা করে ১৮টিতেই টারট্রাজিনের অস্তিত্ব পেয়েছে। যা স্পষ্টতই খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন। \r\nস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টারট্রাজিন কাঁচা পণ্যে ব্যবহার করলে তা রান্নার সময় নষ্ট হয় না, বরং সরাসরি মানবদেহের পরিপাকতন্ত্রে প্রবেশ করে। দীর্ঘমেয়াদে এটি ক্যান্সার, লিভার ও কিডনি নষ্ট হওয়া, এমনকি শিশুদের অতিরিক্ত উত্তেজনা এবং মনোযোগের ঘাটতির মতো সমস্যার কারণ হতে পারে। অথচ এই রং কোন ক্ষেত্রে কতটা ব্যবহার করা যাবে তার কোনো নির্দেশনা নেই। এমন বাস্তবতায়, যে কোনো খাদ্য পণ্য আমদানির সময় রং পরীক্ষা বাধ্যতামূলক করা, মথবীজের সঠিক শনাক্তকরণ ব্যবস্থা নিশ্চিত করা, আড়তগুলোর ওপর নিয়মিত মনিটরিং চালু রাখা জরুরি। পাশাপাশি অপরাধীদের কেবল জরিমানায় ছেড়ে দিলে চলবে না; ইচ্ছাকৃত খাদ্যে বিষ মেশানোকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল ধরনের গণমাধ্যমে ভোক্তাদের সচেতন করতে স্বাস্থ্য বুলেটিন প্রচার করা আবশ্যক।
