বই ও বইমেলা বাঙালির প্রাণভোমরার মতো। একদা মুক্তধারার চিত্তবাবু পাটি বিছিয়ে এর সূচনা করে ইতিহাসে অমর হয়ে আছেন। এরপর ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। দেশের বইমেলা দেশ পেরিয়ে বিদেশেও সমান উজ্জ্বল। আমাদের সিডনি শহরে যখন হাতেগোনা বাঙালি বসবাস করত তখন থেকেই স্থানীয় অ্যাশফিল্ড পার্কে গড়ে উঠেছে বইমেলা। গোড়ার দিকে সন্দিহান হলেও এখন আর বলতে দ্বিধা নেই সবকিছু ছাপিয়ে এই মেলাটিই এখন আমাদের মূল আকর্ষণ। যার মূল কারণ বই আর বই।\r\nএকুশে একাডেমির কাছে তাই আমাদের চাওয়া বাড়ছে। তারা সেমিনার করেন আলোচনা করেন এমনকি জাতীয় দিবসও পালন করেন। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। কথা হলো, এখন আমরা গুণগত পরিবর্তন চাই। জানি বিষয়টা সহজ কিছু না। কিভাবে তা হবে বা হতে পারে সে নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে।

বলব ভালো বই আর বইয়ের প্রচার হতে হবে। এখনো সর্বসাধারণে এমন কোনো প্রত্যয় জন্মেনি যে, তারা না গেলে কিছু মিস করবেন। এই মিস করাটা বা এমন অনুভূতি জাগ্রত করার জন্য একুশে একাডেমি সারাবছর ধরে নানাভাবে চেষ্টা করলেও মনে হয় তাদের আরও কিছু কাজ বাকি।\r\nশুরুতেই বলব আমাদের রাজনীতি কলুষিত। যেভাবেই আমরা দেখি না কেন কখনো অচলায়তনের মাঝে কখনো বাংলা বাঙালির শত্রুদের হাতে পড়েছে সংস্কৃতি। সবচেয়ে দুঃখজনক হলো, যে ভাষা আর ভাষা আন্দোলন দেশের স্বাধীনতার সূতিকাগার তার ওপরও আক্রমণ অব্যাহত রয়েছে। বিশেষত, বর্তমান সময়ে দেশ পার করছে এক চরম ক্রান্তিকাল। এটা কোনো কথার কথা না। যে বয়সীদের কাছে আমাদের স্বপ্ন আর ভবিষ্যৎ জমা, তারা আজ বেপরোয়া। সবচেয়ে বেশি কষ্ট আর দুঃসময়ে আছে বাংলাদেশের শিক্ষা।

শিক্ষা না থাকলে মানুষ পশুর চাইতেও অধম হয়ে যায়। আজ পরিবেশ পরিস্থিতি এমন যে বাংলাদেশের শিক্ষক সমাজ সবার চেয়ে বেশি আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের অপমান আর হেনস্তা করার ঘটনায় বিশ্ব বাঙালি উদ্বেগে অধীর।\r\nরাজনীতি কী করবে কেন করবে সেটা তাদের ব্যাপার। আমরা বলব, বাংলাদেশের শিক্ষা এবং শিক্ষকদের অপমান বন্ধ হোক। সবাই মানবেন, বাঙালি কোনো অমেধাবী জাতি নয়। তার মেধা আর রুচি ইতোমধ্যে প্রশংসিত। কিছুদিন আগে গণতন্ত্র বাদ দিলে বাকি সব বিষয়ে আমরা তরতর করে এগিয়ে চলছিলাম। একেকটা বইমেলা ছিল একেকটি মাইলফলক। আকাশচুম্বি জনপ্রিয়তা আর কাটতির ভেতর দিয়ে লেখক গড়ে উঠছিল। গড়ে উঠছিল মেধার জগৎ। বলি না যে সে আশা শেষ।

কিন্তু দেশে শহীদমিনার থেকে মুক্তচিন্তা যখন আক্রান্ত হয়, তখন শঙ্কা থাকে বৈকি।\r\nবিদেশে বসবাসরত বাঙালি অর্থবিত্তে স্বচ্ছল। তার বই কেনার শক্তি বেশি। কিন্তু মূল জায়গায় যদি প্রকাশনা বাধাগ্রস্ত হয় বা এমন একটা দশায় পড়ে যা তাকে অন্ধকারের দিকে ধাবিত করে, তখন তার প্রভাব আমাদের ভেতরেও পড়ে। যেমন ধরুন বিজ্ঞান গবেষণা বা বস্তুগত ভাবনা বিষয়ক বইপত্র এখন তোপের মুখে। কিন্তু চিন্তা শানিত করার বুদ্ধি জাগ্রত করতে এর কোনো বিকল্প নাই। আমরা সবসময় বলি মেধাভিত্তিক জ্ঞানভিত্তিক সমাজ চাই। সে ধারা বজায় রাখতে হলে মত প্রকাশের স্বাধীনতার বিকল্প নেই। তোষামোদি বা চাটুকারিতার বহু আমল আমরা দেখেছি। এতে ব্যক্তির লাভ হলেও সমাজ বা বইয়ের লাভ নেই।

ফলে বলতে পারি যে, মুক্ত জগত চাওয়ার স্বপ্ন আমাদের জাগিয়ে রাখে, তা এখন বাধাগ্রস্ত।\r\nএখানে একুশে একাডেমির দায়িত্ব আছে। বাংলা ভাষা বা অন্য যে কোনো ভাষায় এমনসব কিতাব আছে যা সোজা কথায় চোখ খুলে দেয়। রবীন্দ্রনাথ নজরুলের পাশাপাশি এমন সব তত্ত্ব বা জ্ঞানের বই পুস্তক আসুক। ভাসিয়ে দিয়ে যাক আমাদের পাঠক হৃদয়। কারণ এখন সময় চোখ কান খোলা রাখার। এটা করতে না পারলে মেলা ক্রমেই ক্লিশ আর দুর্বল হয়ে পড়বে। চা সিঙ্গারা চটপটি বা খাবার-দাবার অন্য মেলাতেও পাওয়া যায়। হয়ত আরও ভালোই পাওয়া যায়। কিন্তু যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে বই। বই এখন শুধু বাংলাদেশ থেকে আনতে হবে এমনও না। দুনিয়া তার দুয়ার খুলে রেখেছে। নানা দেশের বাঙালি এবং বিদেশি লেখকেরা তাদের তথ্য আর জ্ঞান বিলিয়ে তৈরি করছেন অসাধারণ সব বই। আমরা সেগুলো পেতে চাই।\r\nকিছুদিন আগে আয়ান হিরসা আলীর ইনফিডেল কিংবা আনা ফ্রানকের ডায়েরির পাতা উল্টিয়ে মনে হলো, এসব আমাদের আত্মার খোরাক। মন যোগানো বা মন ভালো করার বই তো আমরা পড়বই। এমন চিন্তা জাগিয়ে তোলা পুস্তকের দরকার আরও বেশি। \r\nবছর বছর বইমেলা হবে, কেউ না কেউ তা করবেন। গান-বাজনা হবে নাটক হবে সব চলবে। মূল উদ্দেশ্য যেন হালকা বিনোদনের আড়ালে হারিয়ে না যায়। একজনকেও যদি জাগিয়ে তোলা যায়, আমাদের এই সিডনির বইমেলা তার জয়যাত্রায় এক ধাপ এগিয়ে থাকবে।\r\nসিডনি একুশে একাডেমির বই মেলার জয় হোক।\r\ndasguptaajoy@hotmail.com