শীত মানেই হালকা কুয়াশার চাদর, ভোরের শীতল হাওয়া আর বিকেলে মোলায়েম রোদ। কিন্তু এই সুন্দর ঋতু যতটা আরামদায়ক, ততটাই লুকিয়ে থাকে নানান স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য। শীতের বাতাসে ধুলাবালি বেড়ে যায়, বাতাসের আর্দ্রতা কমে, ফলে কাশি, সর্দি, অ্যাজমা, এলার্জি ও শ্বাসকষ্টের সমস্যা হঠাৎ করেই মাথাচাড়া দিয়ে ওঠে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাই শীতের শুরু থেকেই বাড়তি সচেতনতা ও দৈনন্দিন পরিচর্যার পরামর্শ দেন।\r\nশীতকালে সবচেয়ে বেশি দেখা দেয় শুষ্কতার সমস্যা। ত্বক টানটান হয়ে যায়, ঠোঁট ফেটে যায়, হাত-পায়ের চামড়ায় রুক্ষ ভাব আসে। এর কারণ, শীতে বাতাসে আর্দ্রতা কমে গিয়ে ত্বকের স্বাভাবিক তেল ও পানি হারিয়ে যায়। তাই নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার, গ্লিসারিন বা ক্রিম লাগানো এবং পর্যাপ্ত পানি পান করা খুব জরুরি।
অনেকেই ঠান্ডা লাগার ভয়ে পানি কম পান করেন, কিন্তু এটাই শীতে অসুস্থ হওয়ার বড় কারণগুলোর একটি।\r\nশিশু ও বয়স্কদের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন। ঠান্ডা হাওয়া সরাসরি লাগলে তাদের শ্বাসযন্ত্রে দ্রুত সমস্যা দেখা দেয়। তাই বাইরে বের হলে অবশ্যই নরম, উষ্ণ ও পরিষ্কার কাপড় পরানো উচিত। বিশেষ করে মাথা, কান, গলা ও পা ঢেকে রাখা জরুরি। ছোটরা দৌড়ঝাঁপ করতে গিয়ে ঘামার পরপরই ঠান্ডা লেগে ফেলে, তাই বাইরে থেকে আসার পর শুকনো কাপড় বদলে ফেলা ভালো।\r\nশীতে সুষম খাদ্য গ্রহণ শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করে। মৌসুমি ফল, সবজি, ভিটামিন সি-সমৃদ্ধ খাবার, ডাল, ডিম, মাছ, দুধ এসব খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গরম ভাতের সঙ্গে ডাল, একটু মসলাদার স্যুপ বা গরম খিচুড়ি এগুলো শুধু পেট ভরায় না, শীতের ক্লান্তি দূর করে শরীরকে উষ্ণ রাখে।\r\nশীত শুধু দেহেই নয়, মনে ও প্রভাব ফেলে। দিনের আলো কমে গেলে অনেক সময় মন খারাপ ভাব বাড়ে, অনীহা জন্মায়। তাই নিয়মিত হাঁটাহাঁটি, রোদে ১০-১৫ মিনিট থাকা, নিজের পছন্দের কাজগুলো করা; এসবই মানসিক সুস্থতার জন্য জরুরি।\r\nস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন; শীতকে ভয় পাওয়ার কিছু নেই, বরং একটু যত্ন, একটু সচেতনতা আর নিজের প্রতি মমতা থাকলে শীত হয়ে উঠতে পারে সবচেয়ে উপভোগ্য ঋতু। উষ্ণ কাপড়, সুষম খাবার, নিয়মিত পানি পান, ত্বকের বিশেষ যত্ন এবং মনের পরিচর্যা, এই পাঁচটি অভ্যাসই শীতজুড়ে সুস্থ রাখার সবচেয়ে বড় উপায়।\r\nশীত আসছে, সাবধানে, সচেতনে আর নিজের প্রতি একটু বাড়তি ভালোবাসা নিয়ে বেঁচে উঠুক আমাদের প্রতিটি দিন।
