সংস্কার শব্দটি এখন অনেক আলোচিত হচ্ছে; কিন্তু বিগত সরকারের আমলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সংস্কার নিয়ে আলাপ শুরু করেছে। স্বাধীন এই দেশের সংস্কারের ভিত্তি রচিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, তিনি বাংলাদেশের মুক্তির মহাসনদ ১৯ দফা ঘোষণা করেন। কিন্তু এই দেশ বারবার ষড়যন্ত্রকারীদের কালো হাতে পড়ে, ঘুরে দাঁড়াতে গিয়েও বারবার হোঁচট খায় আমাদের প্রিয় স্বদেশ। ২০১৭ সালে ফ্যাসিস্ট সরকারের অত্যাচার-নিপীড়নের মাত্রা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া ঘোষণা করেন ভিশন-২০৩০। এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ দফা প্রণয়ন করেন এবং সব মত-পথের রাজনৈতিক শক্তিকে একত্রিত করে ঘোষণা করেন ৩১ দফা।
সুদীর্ঘকাল তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সংস্কারের দিক চিন্তা করেছেন, কাজ করেছেন। বিভিন্ন পর্যায়ের গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ নিয়ে তিনি সাজিয়েছেন দেশ গড়ার পরিকল্পনা। যেহেতু জাতীয় সংসদ নির্বাচন একদম ঘনিয়ে এসেছে, তাই বিএনপি এবার একদম গাঠনিকভাবে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এসেছে। ওই পরিকল্পনার মাঝে যে চিন্তাগুলো উঠে এসেছে, তা ইতোমধ্যে চায়ের টেবিলে আলোচনার ঝড় তুলেছে, চলছে চুলচেরা বিশ্লেষণ। তারেক রহমান একটি বিষয় নিয়ে বহুদিন ধরেই আলাপ করে আসছেন, তা হচ্ছে ফ্যামিলি কার্ড। প্রান্তিক পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকার আর্থিক সহযোগিতা অথবা সমপরিমাণ মূল্যের চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দেওয়া হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, ফ্যামিলি কার্ডটি প্রদান করা হবে পরিবারের নারী সদস্যের নামে। দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি ও নারীর ক্ষমতায়নের জন্য এটি একটি যুগান্তকারী উদ্যোগ বলেই মনে করছে দেশের মানুষ।
ফ্যামিলি কার্ডের মতোই তারেক রহমানের আরও একটি ভাবনা সবার সামনে এসেছে, সেটা হচ্ছে ফার্মার্স কার্ড, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের কৃষকদের তথ্য, চাষাবাদের তথ্যসহ সব কিছু নখদর্পণে রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্ববহ একটি উদ্যোগ। কৃষকের হাতে ন্যায্যমূল্যে সার, বীজ, কীটনাশক পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে এই কার্ড। সরকারি ভর্তুকি, প্রণোদনা, ঋণ সুবিধা, কৃষি যন্ত্রপাতি ক্রয়, সেচ সুবিধা, ফসলের ন্যায্যমূল্য পাওয়া, আবহাওয়ার তথ্য, কৃষি বীমা সুবিধা, প্রশিক্ষণ সুবিধা, ফসলের চিকিৎসাসেবাসহ নানান সুবিধা থাকবে এই কার্ডের অধীনে।
বাংলাদেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি একটি বড় সমস্যা। তারেক রহমান মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে দুর্নীতি দূরীকরণের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছেন। দেশের সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এক লাখের মতো স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বিএনপির, যার ৮০ ভাগই হবে নারী সদস্য। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে মানুষ যাতে চিকিৎসা করতে গিয়ে সর্বস্বান্ত না হয়, সবার দোরগোড়ায় যাতে চিকিৎসাসেবা পৌঁছানো যায়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বিএনপি ও তারেক রহমান।
শিক্ষা ক্ষেত্র নিয়ে বিএনপি ও তারেক রহমানের চিন্তাভাবনা সুদূরপ্রসারী। সুশিক্ষার জন্য মেধাবী শিক্ষক নিয়োগ করা, সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করা, সবার জন্য বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষার ব্যবস্থা করা, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্যে অগ্রাধিকার দেওয়ার জন্য ‘মিড ডে মিল’ পরিকল্পনা আছে বিএনপির। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম উপস্থাপন করা, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের আওতায় শিক্ষকদের ট্যাবলেট কম্পিউটার প্রদানের পরিকল্পনা করেছেন তারেক রহমান। শিক্ষার্থীদের পড়াশোনাকে আনন্দময় করার জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ব্যবস্থা চালুর পরিকল্পনা আছে বিএনপির। শিক্ষার পাশাপাশি খেলাধুলা নিয়ে রয়েছে বিস্তর পরিকল্পনা। ‘শুধু শখ নয়, ক্রীড়া হবে আগামী প্রজন্মের প্রেরণা ও মর্যাদার পেশা।’ এই দর্শন নিয়ে ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে চায় বিএনপি।
নদী-খাল-বিল রক্ষায় বিএনপির বিশদ পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সারাদেশে অন্তত ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন-পুনর্খনন করে পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নদী-খাল-বিলগুলোকে প্রাণ ফিরিয়ে আনার জন্য তিস্তা ব্যারাজ উন্নয়ন ও পদ্মা ব্যারাজের মতো প্রকল্প গ্রহণ করার চিন্তা আছে তারেক রহমানের। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছেন তারেক রহমান, যা দূষণমুক্ত বাতাস গড়ে তোলার জন্য ও নতুন বাংলাদেশের শ্বাস এনে দিতে সহায়তা করবে বলেই বিশ্বাস। এ ছাড়া সারাদেশে পর্যায়ক্রমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার চিন্তা আছে, যার মাধ্যমে তৈরি হবে বর্জ্য থেকে জ্বালানি ও জৈবসার এবং রিসাইক্লিংয়ের মাধ্যমে পরিবেশ দূষণ থেকে মুক্তি পাবে বলেই বিশ্বাস করি।
সারাদেশে ইমাম, মুয়াজ্জিন, খতিবদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের জন্য মাসিক সম্মানি প্রদান, উৎসবে বিশেষ ভাতা প্রদান, প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা, ১৯৯৩ সালে বিএনপি কর্তৃক প্রবর্তিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সারাদেশে বিস্তৃত করা, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গড়ে তোলার পরিকল্পনা আছে। এ ছাড়া অন্য ধর্মের উপসানালয়ের প্রধানকেও মাসিক সম্মানী, উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছেন তারেক রহমান।
সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে দেশব্যাপী কর্মসংস্থান গড়ে তোলার বৃহৎ পরিকল্পনা করেছেন তারেক রহমান। ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের কথা তিনি আগেই বলেছেন। বিদেশে বছরে ২০ লাখ মানুষের কর্মসংস্থানের জন্য ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ ও ক্যারিয়ার সেন্টারের ব্যবস্থা করা হবে। চাহিদাভিত্তিক শিক্ষা ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। মেধাভিত্তিক সরকারী নিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করা, বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের আঞ্চলিক হাব তৈরি করা, উন্নয়ন প্রকল্পে কর্মসংস্থান তৈরি করা, তথ্যপ্রযুক্তিতে নতুন শিল্পের উদ্ভাবন করা, উদ্ভাবন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা করা, রপ্তানি খাতে বৈচিত্র্য আনা, ‘মেইড ইন বাংলাদেশ’ আইডেন্টিটি তৈরি করাসহ নানান পরিকল্পনা করেছেন তারেক রহমান।
‘সবার আগে বাংলাদেশ’ ভাবনাকে ধারণ করে তারেক রহমান দেশ নিয়ে একগুচ্ছ চমৎকার পরিকল্পনা সামনে এনেছেন। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে এগুলো বাস্তবায়ন করতে পারলে সত্যিই আমরা একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ দেখতে পাব।
মাহবুব নাহিদ: রাজনৈতিক বিশ্লেষক
