রাজনীতিতে বক্তব্য কখনো কখনো শুধু বক্তব্য থাকে না; একটি শব্দও একটি দলের রাজনৈতিক দর্শন, কৌশল কিংবা জনমানস স¤পর্কে বড় প্রশ্ন তৈরি করতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর সাম্প্রতিক বক্তব্য তেমনই একটি প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, ‘সনাতন ধর্মের ভাই-বোনদের কারণে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন।’ একই অনুষ্ঠানে তিনি ব্যাখ্যা করেছেন, তাঁর নির্বাচনী এলাকার এমন কিছু কেন্দ্রে এবার বিএনপি জয় পেয়েছে, যেখানে অতীতে বিএনপি কখনো জয়ী হয়নি এবং সেখানে সনাতন ধর্মাবলম্বীদের ভোট ভূমিকা রেখেছে। সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের ভোট বিএনপির পক্ষে গেছে এটি যদি বাস্তব ঘটনা হয়, তাহলে তাঁদের ভোটের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা স্বাভাবিক রাজনৈতিক সৌজন্য।

প্রশ্ন হচ্ছে, একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকার ভোটের প্রভাবকে কীভাবে জাতীয় পর্যায়ে একজন প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার প্রধান বা নির্ধারক কারণ হিসেবে উপস্থাপন করা হলো? বাংলাদেশের জনমিতিক বাস্তবতা এখানে অস্বীকার করার সুযোগ নেই। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দেশের ৯১.০৪ শতাংশ মানুষ মুসলিম এবং ৭.৯৫ শতাংশ হিন্দু। বৌদ্ধ ০.৬১ শতাংশ, খ্রিস্টান ০.৩০ শতাংশ এবং অন্যান্য ধর্মাবলম্বী ০.১২ শতাংশ। অর্থাৎ, বাংলাদেশের নির্বাচনে মুসলমান ভোটারদের ভূমিকা অস্বীকার করে কোনো দল জাতীয় ক্ষমতায় আসার রাজনৈতিক সমীকরণ ব্যাখ্যা করতে পারে না। আবার এটিও সত্য যে, সংখ্যাগরিষ্ঠ হলেই মুসলমানের ভোট একমুখী নয় এবং সংখ্যালঘু হলেই কোনো সম্প্রদায়ের ভোট একমুখী নয়। প্রত্যেক নাগরিকের ভোট তাঁর নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত।

তাই প্রশ্নটি সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়; প্রশ্নটি বক্তব্যের রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে। মুসলমানের অবদান কি অদৃশ্য?: বাংলাদেশের রাষ্ট্র, সমাজ ও রাজনীতির ইতিহাসে মুসলমান জনগোষ্ঠীর অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের আন্দোলন—প্রতিটি পর্যায়েই এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণ ছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধও কোনো একক ধর্মীয় জনগোষ্ঠীর যুদ্ধ ছিল না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব সম্প্রদায়ের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, জীবন দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন। অতএব বাংলাদেশের রাষ্ট্রচিন্তা এমন হতে হবে, যেখানে সংখ্যাগরিষ্ঠের অবদান যেমন অস্বীকার করা হবে না, তেমনি সংখ্যালঘুর অবদানও খাটো করা হবে না।

কিন্তু একটি রাজনৈতিক দলের বিজয়কে ব্যাখ্যা করতে গিয়ে যদি এমন ধারণা তৈরি হয় যে ‘মুসলমানদের ভোটে নয়, সনাতনীদের ভোটেই সরকার ক্ষমতায় এসেছে’, তাহলে সেটি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক একটি রাজনৈতিক বার্তা আসে। সনাতনীদের ভোট দয়া, না নাগরিক অধিকার?: এখানে আরেকটি বিষয় পরিষ্কার করা দরকার। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা কোনো রাজনৈতিক দলের অনুগ্রহপ্রার্থী নাগরিক নন। তাঁরা এ দেশের নাগরিক। তাঁদের ভোট দেওয়ার অধিকার যেমন আছে, তেমনি মুসলমানদেরও আছে। তাঁদের ভোটকে ‘বিশেষ দয়া’ হিসেবে দেখানোর প্রয়োজন কেন পড়লো? এর উদ্দেশ্য কি সনাতনীদের ব্যবহার করে রাষ্ট্রের কোন পদ পদবী ভাগিয়ে নেয়ার অপচেষ্টা? একজন হিন্দু নাগরিক বিএনপি বা অন্য কোনো দলকে ভোট দিতে পারেন কিংবা কাউকেই ভোট না ও দিতে পারেন।

একইভাবে একজন মুসলমানের ভোটও কোনো দলের জন্য পূর্বনির্ধারিত নয়। তাই সনাতন ধর্মাবলম্বীদের ভোটকে সম্মান করতে হবে নাগরিক অধিকার হিসেবে, কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার জন্য ‘বিশেষ অবদান’ হিসেবে এমনভাবে নয়, যাতে সংখ্যাগরিষ্ঠ মুসলমান নাগরিকদের রাজনৈতিক ভূমিকা অদৃশ্য হয়ে যায়। অজু করে নাম নিতে হবে থেকে সনাতনীদের ভোটেই প্রধানমন্ত্রী বুলু’র এমন বক্তব্য কেন?: বরকত উল্লাহ বুলু এর আগেও তারেক রহমানকে নিয়ে বলেছিলেন, ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন।’ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কুমিল্লার এক রাজনৈতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছিলেন। একজন রাজনৈতিক নেতার মুখ থেকে এমন বক্তব্য যেমন ব্যক্তিপূজার প্রশ্ন তৈরি করে, তেমনি নতুন বক্তব্যটি তৈরি করছে আরেক ধরনের প্রশ্ন।

একজন জাতীয় নেতার রাজনৈতিক বৈধতাকে কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ভোটের সঙ্গে এভাবে যুক্ত করা কখনো সমর্থন করা যায় না। রাজনীতিতে নেতা বড় নন, জনগণ বড়। কোনো ব্যক্তি অজু করে তাঁর নাম উচ্চারণ করবেন কি না, সেটি ব্যক্তিগত বিষয়; কিন্তু রাষ্ট্র পরিচালনার বৈধতা আসে জনগণের ভোট, সংবিধান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে। আর কোনো সরকার যদি নির্বাচনে জয়ী হয়ে থাকে, তার পেছনে একক কোনো ধর্মীয় সম্প্রদায়ের ভোটকে কৃতিত্ব দেওয়া গণতান্ত্রিক বাস্তবতার পূর্ণাঙ্গ চিত্র নয়। তাহলে কি এর পেছনে কোনো উদ্দেশ্য আছে?: এখানে সতর্ক থাকা জরুরি। বুলু’র বক্তব্যের পেছনে ‘ষড়যন্ত্র’ আছে। এমন সিদ্ধান্ত প্রমাণ ছাড়া আমি বলতে চাই না। তবে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক বক্তব্যের তদন্তে ব্যবহার করার কথাও অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখতে হবে।

বক্তব্যটি যদি ইচ্ছাকৃতভাবে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে, তাহলে তার উদ্দেশ্য, প্রেক্ষাপট এবং রাজনৈতিক ফলাফল নিয়ে প্রশ্ন তোলা অবশ্যই বৈধ। মুসলমান বনাম সনাতনী, এই বিভাজন কারও জন্যই ভালো নয়: বাংলাদেশের ভবিষ্যৎ কোনো ধর্মীয় প্রতিযোগিতার ওপর নির্ভর করতে পারে না। মুসলমানরা এ দেশের সংখ্যাগরিষ্ঠ। এটি জনশুমারির বাস্তবতা, সনাতন ধর্মাবলম্বীরা এ দেশের গুরুত্বপূর্ণ নাগরিক, এটিও বাস্তবতা। সংখ্যাগরিষ্ঠের অধিকার যেমন রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, সংখ্যালঘুর নিরাপত্তা ও সমঅধিকারও নিশ্চিত করতে হবে। কিন্তু রাজনৈতিক স্বার্থে যদি কখনো বলা হয় ‘তোমাদের কারণে আমরা ক্ষমতায়’, আর অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ মানুষকে বলা হয় ‘তোমাদের ভোটের মূল্য কম’ তাহলে তা জাতীয় ঐক্যের জন্য বিপজ্জনক। রাজনীতির ভাষা হওয়া উচিত ‘সব নাগরিকের ভোটে সরকার।’ কেউ মুসলমান বলে বেশি নাগরিক নন, কেউ সনাতনী বলে কম নাগরিক নন। তবে একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর রাজনৈতিক ও ঐতিহাসিক অবদানকে অস্বীকার করাও কোনো অসাম্প্রদায়িকতার লক্ষণ নয়।

শেষ কথা: বরকত উল্লাহ বুলুর বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তাই সনাতন ধর্মাবলম্বীরা কাকে ভোট দিয়েছেন সেটি নয়; বরং একজন জাতীয় নেতার রাজনৈতিক বিজয়কে কেন একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ভোটের সঙ্গে এমনভাবে যুক্ত করা হলো, সেটিই বড় প্রশ্ন। তারেক রহমানের নেতৃত্ব কিংবা বিএনপির রাজনৈতিক বিজয় যদি জনগণের ভোটে হয়ে থাকে, তাহলে সেই বিজয়ের কৃতিত্ব দিতে হবে সব ভোটারকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ প্রত্যেক নাগরিককে। আর যদি কোনো নির্দিষ্ট এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ভোট বিএনপির বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে, তাহলে তাঁদের ধন্যবাদ জানানো হোক। কিন্তু সেই কারণে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর রাজনৈতিক ভূমিকাকে অদৃশ্য করার কারণ কি? তিনি কি দাদা বাবুদের খুশি করে আখের ঘোচাতে উঠে পড়ে লেগেছেন? জুলাই পরবর্তী বাংলাদেশে কি দাদা বাবুরা এখন কিছু করতে পারবে? জনাব বুলু সাহেব এবিষয় না বুঝলে কিভাবে চলবে? মনে রাখতে হবে, বাংলাদেশে সরকার সংখ্যাগরিষ্ট মুসলমানদের ভোটে নির্বাচিত হলেও আমি বলতে চাই, বাংলাদেশের সরকার কোন ধর্মের নাগরিকের ভোটে এককভাবে গঠিত হয় না; সরকার গঠিত হয় জনগণের সম্মিলিত ভোটে। তাই বরকত উল্লাহ বুলুর বক্তব্য নিয়ে উত্তেজনা নয়, প্রয়োজন তথ্য, পরিসংখ্যান ও রাজনৈতিক জবাবদিহি। কারণ, বাংলাদেশের রাজনীতিতে মুসলমান ও সনাতনীর মধ্যে বিভাজন নয়, নাগরিকের ভোটের মর্যাদা এবং রাষ্ট্রের প্রতি সমান অধিকার নিশ্চিত করাই শেষ কথা। লেখক : সভাপতি, মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল