জিলহজ মাসের ১০ তারিখ পুরো মুসলিম বিশ্বে পালিত হয় ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ; কিন্তু প্রবাসজীবনে এর বাস্তবতা অনেকটাই ভিন্ন। দেশের মাটিতে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনে যে আনন্দ তা ভাষায় বর্ণনা করার মতো নয়। আমরা কি কখনো ভেবে দেখেছি প্রবাসী বাংলাদেশিরা কীভাবে ঈদ উদযাপন করে! কত পানসে হয় প্রবাসীদের ঈদ, তা প্রবাসী ব্যতীত কেউ সহজে অনুধাবন করতে পারে না। ঈদের দিনে প্রবাসীদের হৃদয়ের রক্তক্ষরণ বেড়ে যায়। এখানে মানুষ ঈদ উদযাপনে ব্যতিব্যস্ত থাকে না, মন-মননে আনন্দের যে ছাপ দেশের মাটিতে থাকে তা প্রবাসে একেবারে ¤্রয়িমান।

দেশে ঈদুল আজহাকে ঘিরে কত আয়োজন! গরু, ছাগল, ভেড়া, মহিষ কিংবা দুম্বা কোথা থেকে কিনবে, কত দিয়ে কিনবে কিংবা কে জবাই করবেÑ এসব নিয়ে চলে জোর প্রস্তুতি। এলাকায় এলাকায় বসে নতুন অস্থায়ী বাজার যেখানে বিক্রি হয় কোরবানির শত শত পশু। কামাররা ব্যস্ত হয়ে উঠে দা, ছুরি বানাতে বা পুরাতন দা-ছুরিতে শান দিতে। এত সব আয়োজনের ছিটেফোঁটাও প্রবাসের মাটিতে নেই। দেশভেদে কিছু ভিন্নতা থাকলেও মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ অন্যান্য দেশে ঈদের আনন্দ খুঁজে পাওয়া কঠিন, বিশেষ করে ঈদুল আজহার। কেননা, ঈদুল আজহার প্রধান অনুষঙ্গ হচ্ছে পশু কোরবানি দেয়া। প্রবাসীরা হাজারে একজনও মনে হয় পশু কোরবানি দিতে পারে না বা নানাবিধ কারণে কোরবানি দেয়া সম্ভব হয়ে উঠে না। প্রবাসে কোরবানি দিতে হলে অনেক টাকা প্রয়োজন।

একজন প্রবাসীর দেশে পরিবার-পরিজনের জন্য টাকা পাঠিয়ে নিজের জন্য পশু কিনে কোরবানি করার মতো সামর্থ্য থাকে না। আবার কারো যদি সামর্থ্য থাকেও তবু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কোরবানি করা হয় না। এখানে পশু কিনতে গেলে অনেক দূর- দূরান্তে যেতে হয় গাড়ি নিয়ে আবার পশু কিনে আনলে নিজেদের খেয়ালখুশি মতো বাসায় জবাই করতে পারা যায় না। কোরবানির পশু জবাই করার জন্য এখানে নির্দিষ্ট কসাইখানা বা বুচারহাউজ আছে। কসাইখানাগুলোতে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে পশু জবাই করে তারপর নিয়ে আসতে হয় নিজেদের বাসায়। ওখানে ছাড়া অন্য কোথাও কোনো পশু জবাই করা যায় না। যদি কেউ এরকম করে এবং সিটি করপোরেশনের (বলদিয়) দায়িত্বপ্রাপ্ত কারো নজরে আসে তাহলে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়।

তাই সামর্থ্য থাকলেও এরকম নানাবিধ ঝামেলার কারণে প্রবাসীরা ঈদুল আজহা উদযাপন করতে পারে না বললেই চলে। অনেকেই হয়তো আছে, যারা এক বাসায় আপন ভাই-বন্ধু বা আত্মীয়-স্বজন কয়েকজন একসাথে থাকে এবং সামর্থ্যও আছে অথবা কেউ পরিবার নিয়ে প্রবাসে থাকে তারা হয়তো পশু কোরবানি দেয় এবং নিজেদের মধ্যে খানাপিনার ব্যবস্থা করে। তবে সউদী আরব ব্যতীত ওমান, আরব-আমিরাত, কুয়েত, কাতার কিংবা বাহরাইনে হয়তো পশু জবাইয়ের ব্যাপারে আইন এত কঠোর নয়। তবে আর্থিক সঙ্গতি এবং অন্যান্য বিষয় প্রায় অভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ঈদুল আজহার দিনে দেশে ঈদের জামাতের পর ঘরে ঘরে কোরবানির পশু জবাই দেয়ার যে দৃশ্য স্মৃতিতে এখনো ভাস্বর, তা প্রবাসের মাটিতে নেই। এখানে পশু জবাইয়ের সেরকম কোনো আয়োজন নেই। একজনের পশু অন্য কোনো প্রতিবেশী এসে খুশিতে জবাই করে দেয়া, মাংস বণ্টন করা, দরিদ্র এলাকাবাসী কিংবা আত্মীয়-স্বজনের কাছে মাংস বিলি করাÑ এসব দৃশ্য কেবল দেশেই দেখা যায়। কোরবানির পশুর মাংস তাড়াতাড়ি রান্না করে চালের রুটি কিংবা পরোটা দিয়ে প্রতিবেশীদের নিয়ে খাওয়া, আত্মীয়দের বাড়িতে পাঠানোর যে আনন্দ-উৎসব তা প্রবাসীদের জন্য শুধুই স্মৃতি। তবে দেশেও এখন আগের মতো এত আয়োজন বা সামাজিক বন্ধন দেখা যায় না। কেন জানি এক ধরনের আত্মকেন্দ্রীকতায় অভ্যস্ত হয়ে পড়েছে দেশের মানুষও। হৃদ্যতায় ভাটা পড়েছে, আত্মীয়তার বন্ধনগুলো যেন ঢিলেঢালা হয়ে যাচ্ছে দিন দিন।

দীর্ঘদিন যাবৎ বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যে বসবাস করলেও এখানকার সাধারণ জনগণের সাথে প্রবাসীদের হৃদ্যতা বা সামাজিকতার বন্ধন সৃষ্টি হয়নি। দেশগুলোতে চাকর-ভৃত্য সম্পর্ক, ভাষাগত দূরত্ব, সামাজিক রীতি-নীতির বিস্তর ব্যবধান পেরিয়ে প্রবাসীদের সাথে এসব দেশের নাগরিকদের তেমন সখ্য গড়ে উঠেনি। তাই তাদের সাথে ঈদের আনন্দ বিনিময় করার তেমন সুযোগও থাকে না। এখানে ঈদ মানে বেশির ভাগ প্রবাসীর জন্য একটু ঘুমের সুযোগ ব্যতীত আর কিছু নয়। জীবনের ঘানি টানতে টানতে প্রবাসীরা হাফিয়ে ওঠে তাই এরকম ঈদের ছুটিতে তারা একটু নীরবে ঘুমাতে চায়। কেননা, বেশির ভাগ বাংলাদেশি প্রবাসী ভাইদের নিয়মিত কোনো ছুটির ব্যবস্থা নেই।

প্রবাসী বাংলাদেশিদের বেশির ভাগ পরিচ্ছন্নতাকর্মী, বাগানে, দোকানে কিংবা বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করে যেখানে সেরকম কোনো ছুটি থাকে না বা থাকলেও একটু বাড়তি আয়ের জন্যে ছুটি না কাটিয়ে তারা কাজ করে। আর যারা দোকানে কাজ করে বা ছোটখাটো ব্যবসা-বাণিজ্য করে তাদের তেমন কোনো ছুটি থাকে না, বিশেষ করে দুই ঈদের সময় ছুটি নেই বললেই চলে। ঈদের দিন ফজরের আজানের আগে দোকান বা ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় গিয়ে আবার যে ঈদ জামায়াতে অংশগ্রহণ করবে সেই শারীরিক সামর্থ্য কিংবা মানসিকতাও অনেকের থাকে না। তখন কোনোরকমে পরিশ্রান্ত শরীরটাকে একটু বিছানায় এলিয়ে দিতে পারলেই যেন হয়। দেশের মতো খুব ভোরে উঠে ঈদের নামাজের জন্য তৈরি হওয়া, নতুন পাঞ্জাবি-পায়জামা পরে দলবেধে ঈদগাহে যাওয়াÑ এসব কিছুই এখানে নেই।

এখানে বেশির ভাগ ঈদের জামাত হয় মসজিদে। তাই দেশের খোলামেলা ঈদগাহে নামাজ আদায় ও সামাজিক মহামিলনের আনন্দ-উপলব্ধি একেবারেই বিরল। নামাজের পর নিজ বাসার অন্য কোনো বাংলাদেশি কিংবা পরিচিত কারো সাথে কোলাকুলি করে দুধের সাধ ঘোলে মেটাতে হয়। ঈদের জামাতের পর বার বার হৃদয় গহীনে ভেসে উঠে কালের তরীতে ভেসে যাওয়া স্মৃতিময় দিনগুলোর কথা। সব চাইতে বেশি মনে পড়ে ‘মার’ কথা। স্মৃতির ক্যানভাসে ভেসে উঠে ঈদগাহ থেকে এসে মাকে সালাম করার স্মৃতি। এমন কোন প্রবাসী বাংলাদেশি হয়তো খুঁজে পাওয়া যাবে না, ঈদের দিনে যার মার কথা মনে পড়ে না। মার কথা ভেবে হৃদয়ে যে রক্তক্ষরণ হয়, তা প্রবাসী ব্যতীত অন্য কেউ উপলব্ধি করেতে পারে না। বারে বারে মনে পড়ে আপন ছোট্ট শিশুটির কথা, যার কিনা এবারের ঈদে বাবার হাত ধরে জীবনের প্রথম ঈদগাহে যাওয়ার কথা।

মনে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত শৈশব-কৈশোরের বন্ধুদের কথা, যারা কিনা গ্রামের বাড়িতে এসে ঈদ করে। দেশের কথা, প্রিয়জন থেকে দূরে থাকার ব্যথা থেকে নিজেকে প্রবোধ দেয়ার জন্য প্রবাসীরা ঈদ জামাতের পরপরই শুরু করে ভার্চুয়াল ঈদ পালন। মোবাইল ফোনে পরিবার-পরিজনের সাথে কথা বলে নিজেকে হালকা করার চেষ্টা করে। তারপর কোনো হোটেল-রেস্টুরেন্টে বসে নাশতা বা মিষ্টান্ন খেয়ে বাসায় গিয়ে বিছানায় গা এলিয়ে দেয় আর নীরব অশ্রুতে বালিশ ভেজায়। কেউ কেউ আবার নিজেদের বাসায় খানাপিনার ব্যবস্থা করে তবে তা সংখ্যায় খুব কম। বিশেষ করে যদি নিকটাত্মীয় বা একই মতের কয়েকজন এক বাসায় থাকে তাহলে ঈদ উপলক্ষে হয়তো বিশেষ আয়োজন হয়ে থাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিছু বাঙালি অধ্যুষিত এলাকা রয়েছে, যেখানে বাংলাদেশি প্রবাসীরা ঈদের দিনে জমায়েত হয়ে একে অপরের সাথে কুশল বিনিময় করে, ভাগাভাগি করে নেয় জীবনের সুখ-দুঃখের নানান কথা। শত কোলাহলের মধ্যেও তখন প্রবাসীদের অন্তরে বেজে ওঠে প্রিয়জন থেকে দূরে থাকার করুণ সুর। ধূসর মরুভূমির তপ্ত বালুকারাশির নিঃসীম হাহাকার আর প্রিয়জন থেকে দূরে থাকার দীর্ঘশ্বাস মিলে সৃষ্টি হয় বেদনার বর্ণমালা, যা কখনো উচ্চারিত হয় না। জীবনে একটুখানি সুখের আশায়, পরিবারকে একটুখানি সচ্ছলতার স্বাদ দিতে লাখ লাখ প্রবাসী পৃথিবীর দেশে দেশে বছরের পর বছর তাদের সোনালি সময় অতিবাহিত করছে অব্যক্ত এক বুকচাপা কান্না নিয়ে। ঈদ আসে ঈদ যায়; কিন্তু প্রবাসীদের ঈদ রয়ে যায় বেদনার স্বরলিপি হয়ে।

লেখক : প্রাবন্ধিক, সৌদি আরব প্রবাসী Email: shadat@yahoo.com