অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গত সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী সভা সম্পন্ন হয়েছে। ৩১ অক্টোবর এর কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। সরকারের সংস্কার কার্যক্রমের রূপরেখা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল। এদিকে নির্বাচন কমিশন থেকেও জানানো হয়েছে, ভোটের প্রস্তুতি ৯০ থেকে ৯৫ ভাগ শেষ হয়েছে। এর মানে হলো, আমরা নির্বাচনের দিকে এগোচ্ছি।

এই সময়ে একটু পেছনে তাকানো দরকার, আমরা আসলে কোন পথে যাচ্ছি? যে বিভক্ত সমাজ, রাষ্ট্র ও রাজনীতি আওয়ামী লীগ ১৬ বছরে তৈরি করেছিল, আমরা কি সেখান থেকে উত্তরণের দিকে অগ্রসর হচ্ছি, নাকি আবারও পুরোনো পথেই হাঁটতে যাচ্ছি? রাজনীতিকদের ভুল, লোভ আর ক্ষমতার লড়াইয়ের খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে, যারা এই দেশের প্রকৃত মালিক। তাহলে প্রশ্নটা আজও থেকে যায়, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো মানুষের রক্ত ঝরার পরও কি আমরা আগের পথেই ফিরব, নাকি সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথে হাঁটব?

১৯৯১ সালে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা বাংলাদেশের জন্য ছিল নতুন সূচনা। ধারাবাহিকভাবে নির্বাচন হতে থাকলে দেশটি ২০১১ সালের মধ্যেই স্থিতিশীল গণতান্ত্রিক চর্চার অভ্যাস গড়ে তুলতে পারত। ১৯৯৬ ও ২০০১ সালের পর যদি ২০০৬ সালের নির্বাচন নিয়মমাফিক অনুষ্ঠিত হতো, তাহলে চারটি নির্বাচনের অভিজ্ঞতা জনগণকে গণতন্ত্রের স্বাভাবিক পথের দিকে এগিয়ে নিয়ে যেত। কিন্তু ২০০৬ সালের নির্বাচন ব্যর্থ হওয়ায় সেখানে যে ছেদ তৈরি হলো, সেটিকে মেরামত না করে বরং আরও দীর্ঘায়িত করা হলো। এই ছেদ শুধু গণতন্ত্রের অগ্রযাত্রাই থামিয়ে দিল না; আগেই তছনছ না হওয়া রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেনাবাহিনী ও বিচার বিভাগকেও প্রশ্নবিদ্ধ করে তুলল।

শেখ হাসিনা তাঁর ১৬ বছরের শাসনামলে তিনটি নির্বাচনে একেক ধরনের অপকৌশল ব্যবহার করেছেন। সবচেয়ে ভয়ংকর ছিল জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া, রাতের ভোট এবং প্রধান বিরোধী দল বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার কৌশল। রাষ্ট্রের প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিচার বিভাগ– সবকিছুকে ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি একাধিকবার বলেছিলেন, তাঁকে ‘দেশের উন্নয়নের প্রয়োজনে’ ক্ষমতায় থাকতেই হবে। কাজটি করতে গিয়ে ভিন্নমত দমন করেছিলেন নির্যাতন, মামলা, ভীতি প্রদর্শনের মাধ্যমে।

শেখ হাসিনার এ ধরনের কাজের মধ্য দিয়ে আওয়ামী লীগের ভেতরেও নতুন সংকট দেখা দিয়েছিল। মধ্যপন্থি হিসেবে সুপরিচিত দলটির পুরোনো ও ত্যাগী নেতাকর্মী কোণঠাসা হওযায় ‘হাইব্রিড’ নেতাকর্মীর উত্থান ঘটেছিল। এমনকি দলের সাধারণ সম্পাদককে নিজ দলের কর্মীরাই ব্যঙ্গ করে ‘কাউয়া’ নামে ডাকত। শুধু রাষ্ট্রযন্ত্র নয়; দলের ভেতরেও বিভাজনের চূড়ান্ত ফল হলো জুলাই গণঅভ্যুত্থানে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের ভূমিধস পতন। জনগণের ক্ষোভ, তরুণদের আত্মত্যাগ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ শেখ হাসিনার নেতৃত্বাধীন দল ও সরকারের পতন নিশ্চিত করেছিল।

চব্বিশের গণঅভ্যুত্থানের অভূতপূর্ব সেই ঘটনার পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যদিও গঠিত হয়েছিল মানুষের বিপুল প্রত্যাশা ধারণ করে; বিগত ১৪ মাসে সুস্পষ্ট– অনেক কিছুই ঠিকমতো এগোয়নি। সেখান থেকেই শঙ্কা তৈরি হয়েছে, দেশ কি আগের জায়গায় ফিরে যাবে? জনগণ দেখেছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই কিছু পরিবার ও তাদের ঘনিষ্ঠ মহলের হাতে পরিচালিত হয়ে এসেছে। যে দলই ক্ষমতায় থাকুক, শীর্ষ নেতাদের বা তাদের কাছের মহলের খুব একটা সমস্যা হয়নি। সমস্যা হয়েছে জনসাধারণের। মামলা-মোকদ্দমা, দমননীতি, হয়রানির বোঝা বইতে হয়েছে মাঠে থাকা লাখ লাখ রাজনৈতিক কর্মীকে। অথচ নেতারা ও তাদের ঘনিষ্ঠজনেরা ব্যবসা-বাণিজ্যে উন্নতি করে ভালো থেকেছেন; কম আর বেশি। অথচ সাধারণ মানুষ স্বাধীনতার পর থেকেই চেয়েছে স্থিতিশীল পরিবেশে পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের সুযোগ। অন্তর্বর্তী সরকারের কাজ কি সেদিকে এগিয়েছে?

অতীতের দিকে তাকালে দেখতে পাই, দেশের প্রতিটি রাজনৈতিক বাঁকে রক্তপাত ঘটেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের রাজনৈতিক হত্যাকাণ্ড, ১৯৮১ সালের রাজনৈতিক হত্যাকাণ্ড, ১৯৯০ সালে এরশাদবিরোধী গণঅভ্যুত্থান, ২০১৪ ও ২০১৮ সালের ভোটবিহীন নির্বাচন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান– প্রতিটি অধ্যায়েই রক্তের দাগ লেগে আছে। এসব রাজনৈতিক বাঁকে সংঘটিত অপরাধের কোনো কোনোটার আংশিক বিচার হলেও বেশির ভাগেরই বিচার হয়নি। অন্তর্বর্তী সরকারের বড় দায়িত্ব ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠার সূত্রপাত ঘটানো, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একই পরিণতির মুখোমুখি না হয়। বিচার এমন হওয়া, যাতে আগামী দিনে আর কেউ একই অপরাধের সাহস না করে। সেই লক্ষ্যেই সংস্কারের জন্য ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল। এর মূল লক্ষ্য হওয়া দরকার ছিল জনগণের বিভক্তি দূর এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে ফেরার বন্দোবস্ত। কিন্তু সেটা কি সম্ভব হয়েছে?

ঐকমত্য কমিশনে যারা ছিলেন তারা সবাই সিনিয়র সিটিজেন। নিয়তির অমোঘ নিয়মে তারা চলে যাবেন, কিন্তু বাংলাদেশ থাকবে। এই দেশের জনগণের জন্য একটি শান্তির দেশ তৈরিতে তারা কি সঠিক কাজগুলো করতে পেরেছেন? ১৯৯১ সালে যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি তৈরি করেছিল, আগামীতে কি আমরা সেখানে ফিরতে পারছি? অন্তর্ভুক্তিমূলক রাজনীতি মানে শুধু কিছু দলের অংশগ্রহণ নয়; বরং সব মতাদর্শ ও জনগোষ্ঠীর কণ্ঠকে রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে স্থান দেওয়া। এটা ইউটোপিয়া নয়; বরং এটিই বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক বিকাশের একমাত্র পথ।

বাংলাদেশ এখন সন্ধিক্ষণে দাঁড়িয়ে; একদিকে অতীতের অপরাধ ও বিভক্তি, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাবনা। এই সম্ভাবনা তখনই বাস্তবে রূপ নেবে, যখন রাজনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, রাষ্ট্র হবে ন্যায়ভিত্তিক এবং সমাজ হবে সহনশীল। এর বিকল্প নেই।

মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন