রাজপথে বা মাঠে এই মুহূর্তে কোনো রাজনীতি নাই। কিন্তু তার পরেও রাজনীতি সম্পর্কে বেশ কয়েকটি ডিস্টার্বিং খবর পাওয়া যাচ্ছে। কথায় বলে, সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়। এটির ইংরেজি হলো, A stich in time saves nine. সময় মতো অশুভ সঙ্কেত অ্যাড্রেস না করলে সেটি চূড়ান্ত পরিণামে সূচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বের হয়। এই ধরনের কয়েকটি ডিস্টার্বিং নিউজ নিচে দিচ্ছি। স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ১৫-২০ জনের একটি দল আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে গেলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়। একইদিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসসহ দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আশুলিয়া থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বৃষ্টির দুদিন এবং রফিকুল ইসলাম ওরফে দুর্জয়ের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে বৃহস্পতিবার দুপুরে স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেয় তারা।
এর আগে বৃহস্পতিবার রাতে দুই আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান শামীম ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনীষ কান্তি দে মিন্টু। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর সুনামগঞ্জে থেকে ২০ জনেরও বেশি আইনজীবীকে আসামি করে মামলা করা হয়। এবার স্বাধীনতা দিবসের সকালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে এই আইনজীবীরা মিছিল করে শহরের কালেক্টরেট প্রাঙ্গণের স্মৃতিসৌধে ফুল দেয়। মিছিলে ছিল ২৩ থেকে ৩০ জন। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’ ইত্যাদি স্লোগান দেয়। পরে মিছিল ও স্লোগানের ভিডিও-ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে বলে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর শুক্রবার রাতে তাঁর ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দেখা যায়, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, সদরের পালং মডেল থানার কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির যুব শক্তির নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভের মাঝ বরাবরে চারদিক দিয়ে আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন দেখা গেছে। স্মৃতিস্তম্ভটি হালকা কমলা রঙের। তার ওপরে জুলাই ৩৬ ও জুলাই বিপ্লবের নানা স্লোগান লেখা রয়েছে। স্মৃতিস্তম্ভটির মাঝ বরাবরে চারপাশে চারটি স্থানে কালো পোড়া দাগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরের মতে, ‘একটি ব্যস্ততম ও জনবহুল এলাকার মধ্যে জুলাই স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়েছে। সেখানে কীভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আগুন ধরিয়ে দিল, তা আমাদের ধারণায় আসছে না। নিশ্চয়ই তাদের কেউ সহায়তা করেছেন। প্রশাসনের নীরবতার কারণে সন্ত্রাসী ওই সংগঠনটি এমন কাজ করার সাহস দেখিয়েছে।’ এই ঘটনাটি সবচেয়ে উদ্বেগের। ১৪ শত শহীদ এবং ২৬ হাজার আহত মানুষের রক্তের ওপরে যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তাকে অমান্য করার স্পর্ধা দেখালো ছাত্রলীগ।
॥দুই॥ মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান সম্পর্কে মন্তব্য করায় পটুয়াখালী জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মওলানা আব্দুুল হককে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে বের করে দিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক। এসম্পর্কিত ভিডিওটির ফুল ট্রান্সক্রিপশন থেকে দেখা যায় যে, মওলানা আব্দুল হক সঠিক কথা বলেছেন এবং সেটা ছিলো টু দি পয়েন্ট। ঐ ভিডিও মোতাবেক জমিয়ত নেতা বলেন, তিনি মুক্তিযুদ্ধকে স্বীকার করেন। তবে মুক্তিযুদ্ধে শেখ মুজিবের সরাসরি কোনো অবদান ছিলো না। তিনি বলেন, ২৫ মার্চ রাত থেকে স্বাধীনতা অর্জন পর্যন্ত শেখ মুজিবের কোনো অবদান নাই। কারণ, ২৫ মার্চ রাতেই শেখ মুজিব পাকবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং ঐ রাতেই তাকে পাকিস্তান নেওয়া হয়। মওলানা আব্দুল হক বলেন, মুক্তিযুদ্ধে সরাসরি অবদান ছিলো শহীদ জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানির। মওলানা আব্দুল হক এই কথা বলার সাথে সাথে কয়েক ব্যক্তি নিজেদেরকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে মওলানা আব্দুল হকের বক্তব্যের প্রতিবাদ করেন এবং তাকে বের হয়ে যেতে বলেন। অবাক ব্যাপার হলো এই যে, বিএনপি আমলে ঐ জেলা প্রশাসক মওলানা আব্দুল হককে বের করে দেন।
মওলানা আব্দুল হক তো কোনো ভুল বলেননি শুধুমাত্র মওলানা আব্দুল হক কেনো, স্বাধীন বাংলা প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা শারমীন আহমদ তাজউদ্দীনের ওপর একটি বই লিখেছেন। বইটির নাম, ‘তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা’। ঐ বইতে তিনি লিখেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ তার পিতা তাজউদ্দীন আহমদ (তখন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী) রাতে শেখ মুজিবের ৩২ নম্বরের বাস ভবনে যান। তিনি শেখ মুজিবকে অনুরোধ করেন, স্বাধীনতা ঘোষণা করে মুজিব যেনো ২ লাইন লিখে দেন। তাহলে সেটি আওয়ামী লীগ প্রচার করার ব্যবস্থা করবে। শেখ মুজিব উত্তরে বলেন, ঐভাবে এখন কিছু লিখে দেওয়া যাবে না। লিখলে পাকিস্তান রাষ্ট্রদ্রোহের মামলা করবে। তখন তাজউদ্দীন বলেন, তিনি একটি টেপ রেকর্ডার সাথে এনেছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অসংখ্য বিদেশি সাংবাদিক রয়েছেন। যদি স্বাধীনতা ঘোষণা সম্পর্কিত দু চারটি কথা শেখ মুজিব এই টেপ রেকর্ডারে রেকর্ড করেন তাহলে তিনি সেটি ঐসব বিদেশি সাংবাদিকদের দেবেন। উত্তরে মুজিব বলেন, আপনারা এখনই চলে যান। পাকিস্তান আর্মি অ্যাকশন শুরু করে দেবে। আমাকে নিয়ে চিন্তা করবেন না। ২৭ মার্চ আমি হরতাল ডেকেছি। সেই হরতাল সফল করুন।
তাজউদ্দীন ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যান। শেখ মুজিব তার স্যুটকেস গুছিয়ে রেখেছিলেন। রাত সাড়ে ১০টার পর পাকবাহিনী তার বাসায় আসে। অতঃপর যথাযোগ্য সম্মান দিয়ে তাকে পাকিস্তান নিয়ে যায়। অতঃপর ১৯৭২ সালের ১০ জানুয়ারি শেখ মুজিব স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। ওপরের এই ঘটনা থেকে দেখা যাচ্ছে যে, মুক্তিযুদ্ধের ঐ ৯ মাস শেখ মুজিব তো পাকিস্তান ছিলেন। সুতরাং ঐ ৯ মাসে শেখ মুক্তিযুদ্ধ করেননি, এই কথা বললে কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেলো? আর বিএনপি সরকারের আমলে একজন জেলা প্রশাসক ঐ কথা বলার জন্য একজন রাজনৈতিক নেতাকে স্টেজ থেকে নামিয়ে দেন এবং হল থেকে বের করে দেন। এখানে কার পারপাস সার্ভ করলেন ঐ ডিসি?
॥তিন॥ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ইউএনও খাদিজা আক্তারকে বদলী করা হয়েছে। এ ব্যাপারে খাদিজা আক্তার বলেন, তিনি সরকারি কর্মচারী। সরকারের প্রতিটি নির্দেশ মেনে চলাই তাদের কাজ। এই সরকার সংবিধানকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেয়। সেই সংবিধানে এখনো জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয়নি। স্বাধীনতার ঘোষক হিসাবে সংবিধানে অন্য একজনের নাম রয়েছে। সরকারি অফিসার হিসাবে তিনি সংবিধানের বাইরে যাবেন কীভাবে? জিয়াউর রহমানের নাম সরকারিভাবে বলতে গেলে প্রথমে সংবিধান পরিবর্তন করতে হবে। রাজনৈতিকভাবে আমরা যাই বলি না কেনো, বিএনপি দল এবং সরকার যখন সংবিধানের ঐসব অংশ সংশোধন করে নাই তখন খাদিজা আক্তারকে কোনো গ্রাউন্ডেই অভিযুক্ত করা যায় না।
এখানে আরেকটি বিষয়ের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো, সংবিধানের ৪ অনুচ্ছেদের (ক) উপ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী, স্পীকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারী ও আধা সরকারী অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিত হইবে।’
॥চার॥ সংবিধানের এই অনুচ্ছেদ যতক্ষণ পর্যন্ত সংশোধিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শেখ মুজিবের ছবি সমস্ত সরকারি অফিসে টাঙিয়ে রাখতে হবে। অনেকেই হয়তো খেয়াল করেননি, কিন্তু আমার চোখ একটি বিষয় এড়িয়ে যায়নি। সেটি হলো, জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবেও সংবিধানের ৪ অনুচ্ছেদের বিলোপ বা সংশোধনের কথা নাই। কাজেই জুলাই সনদ সম্পূর্ণ বাস্তবায়িত হলেও শেখ মুজিব কিন্তু জাতির পিতা থেকেই যাচ্ছেন। বিএনপি সরকার কি শেখ মুজিবকে জাতির পিতা মানে? বিষয়টি পরিষ্কার হওয়া দরকার।
গত ২৭ মার্চ শুক্রবার দৈনিক ‘ইনকিলাবের’ প্রথম পৃষ্ঠায় একটি রাজনৈতিক ভাষ্য প্রকাশিত হয়েছে। ভাষ্যটির শিরোনাম, ‘শেখ মুজিবের ছবিযুক্ত টাকা চালুর নেপথ্যে আ. লীগ পুনর্বাসন!’ এই ভাষ্যটি প্রকাশিত হওয়ার পরদিন দৈনিক ইনকিলাব একটি বিশাল সম্পাদকীয় প্রকাশ করেছে। সম্পাদকীয়টির শিরোনাম, ‘শেখ মুজিবের ছবি চলবে না।’ প্রথম পৃষ্ঠার ঐ ভাষ্য এবং পরদিন ঐ সম্পাদকীয় আসলে সঠিক জায়গাতেই হিট করেছে। ঐ সম্পাদকীয়তে সঠিকভাবেই বলা হয়েছে যে, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও শেখ মুজিবের প্রতি জনগণ যে ঘৃণা ও রোষ দেখিয়েছে, তা এখনো তাজা রয়েছে। আমরা দেখেছি, গণঅভ্যুত্থানে গণক্রোধ এতটাই তীব্র ছিল যে, শেখ হাসিনাকে যেমন প্রাণ নিয়ে পালাতে হয়েছে, তেমনি দেশের যেসব স্থানে শেখ মুজিবের মূর্তি, মুরাল, ছবি ছিল, জনগণ তা ভেঙে চুরমার করে দিয়েছে। তারা দেশের মাটিতে হাসিনা ও শেখ মুজিবের কোনো চিহ্ন রাখতে চায়নি, চায় না এবং ভবিষ্যতেও চায় না, এমন মনোভাব ধারণ করে আছে। অন্তর্বর্তী সরকার জনগণের এই সেন্টিমেন্টের সাথে একাত্মতা পোষণ করে সরকারি সকল অফিস-আদালত থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলে।’
সম্পাদকীয়তে দ্ব্যর্থহীন ভাষায় বলা হয়েছে, ‘পর্যবেক্ষকরা এই পদক্ষেপকে দেশের মানুষের কাছে শেখ মুজিব, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ফের গ্রহণযোগ্য করে তোলার কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, জনগণের বিপুল সমর্থন নিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার দুই মাসের মধ্যে জনগণের কাছে তার জনপ্রিয়তা ধূলিস্মাৎ করতে সরকারের ভেতরে থাকা কুচক্রী মহল এই অপকর্ম ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন এবং ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে।’ গণভোট ও সংবিধান সংস্কার আদেশের ওপর একটি বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। সংসদ এই বিষয়টি আলোচনায় উত্তপ্ত হবে। তবে জনগণ আশা করে, আলোচনা উত্তপ্ত হলেও সিদ্ধান্ত গ্রহণের বেলায় জাতীয় সংসদের সদস্যগণ যেনো জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন।
Email:journalist15@gmail.com
