ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কর্মজীবী নারীদের ভয় ছিল কর্মক্ষেত্র সংকুচিত হওয়া নিয়ে। সহিংসতার মতো সংখ্যা দিয়ে এ ভয়ের মাত্রা নির্ণয় সম্ভব নয়। এর প্রভাব পড়েছে মতপ্রকাশে সামাজিক মাধ্যমে ট্রলের ভয়ে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করার মতো ঘটনায়। ছিল গণপরিবহনে স্লাট শেমিংয়ের আতঙ্ক নিয়ে দাঁড়িয়ে থাকা একা নারীর মুখাবয়বে। এসব আতঙ্ক বাংলাদেশের নারীর জন্য চিরকালীন। তবে নির্বাচনের রাজনীতিতে সবসময়ই ‘নারী কার্ড’ ব্যবহৃত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ক্ষমতার সমীকরণ, প্রশাসনিক স্থিতি, অর্থনৈতিক সংকট, গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি গুরুত্ব পেয়েছে নারী। এত কিছুর মধ্যেও নির্বাচনে প্রার্থীদের তুরুপের তাসে ঘুরেফিরে এসেছে। নারীর ক্ষমতায়ন আর পর্দা প্রসঙ্গ ভোটের সংখ্যার তারতম্যে নিয়ামক হিসেবে বারবার উত্তেজনার পারদ তুলেছে।
দেখা গেল বিগত নির্বাচনগুলোর তুলনায় এবার সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্যের সংখ্যা কমেছে; অতীতে যেখানে ধীরে হলেও বেড়েছে। এমন এক দমবন্ধ অবস্থার স্বাক্ষর রয়ে গেছে সামাজিক মাধ্যমে লেখা মানুষের স্বাধীন মতামতে।
২০২৫ সালটি দেশের ইতিহাসে নারীর অবস্থান নিয়ে দ্বন্দ্বের বছর মনে করা যেতে পারে। একদিকে যেমন নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও বিদ্বেষের ভয়াবহ রূপ সামনে এসেছে; অন্যদিকে নারীর দৃশ্যমান উপস্থিতি, প্রতিবাদ ও প্রতিরোধও নতুন মাত্রা পেয়েছে। কিন্তু একটি মৌলিক প্রশ্ন এখনও স্পষ্টভাবে আলোচিত হয়নি– এই নির্বাচনের পর নারীদের নিরাপত্তাহীনতার অবস্থা কেমন? ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর আপাতদৃষ্টিতে সহিংসতার বড় কোনো ঢেউ দেখা যায়নি। এটি নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু সহিংসতার দৃশ্যমান ঘটনা কমে যাওয়া মানেই নারীদের আতঙ্ক কমা নয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদন বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সারাদেশে ২৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৪৫ জন নারী, শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া ১০ জন নারী ও কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এবং তিনজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ৯০ জন নারী ও কন্যাশিশু, তন্মধ্যে শিশু ১১ জন। এসব ঘটনার প্রতীক হয়ে উঠেছে যেন চট্টগ্রামের সীতাকুণ্ডের শিশু ইরা। শ্বাসনালি কেটে ফেলা শিশুটির সেই ছবি কি ভুলে যেতে পারবে বাংলাদেশ? তবুও এই অনন্ত তিমিরে আশার আলো দিয়ে যায় নানা উৎসবে নারীর অংশগ্রহণ। নির্বাচনের একদিন পরই ছিল ফাল্গুন উৎসব। এবার দেশের নানা স্থানে উদযাপিত সে আয়োজনে নারী-শিশুর রঙিন উপস্থিতি, অকপটে আবার কথা বলার একটু একটু করে সাহস অর্জন করছে।
বাংলাদেশ গত কয়েক দশকে নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু এই অগ্রগতির স্থায়িত্ব নির্ভর করে নারীদের নিরাপদ বোধ করার ওপর। যদি নারীরা ঘরে, কর্মক্ষেত্রে কিংবা জনপরিসরে নিজেদের নিরাপদ না মনে করেন, তবে উন্নয়নের এই গল্প অসম্পূর্ণই থেকে যাবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তাই মূল প্রশ্নটি সংখ্যার নয়; অনুভূতির। নারীরা কি আগের চেয়ে কম ভয় পাচ্ছেন? তারা কি মনে করছেন, রাষ্ট্র তাদের পাশে আছে? এই প্রশ্নের ইতিবাচক উত্তরই হবে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও মানবিক সমাজের সূচক।
নতুন সংসদের কাছে প্রত্যাশা– নারীদের নিরাপত্তা যেন রাজনৈতিক প্রতিশ্রুতির ভাষণে সীমাবদ্ধ না থাকে; বরং তা নীতিনির্ধারণ, আইন প্রয়োগ এবং সামাজিক আচরণের প্রতিটি স্তরে যেন বাস্তব রূপ পায়। নারীর প্রতি সহিংসতার অবসান এবং নারীর নিরাপত্তা হোক রাষ্ট্রের অঙ্গীকার।
সাদিয়া মাহ্জাবীন ইমাম: সহকারী সম্পাদক, সমকাল; কথাসাহিত্যিক
