পশ্চিমা সংবাদমাধ্যম নিয়ে আস্থার সংকট নতুন নয়, বাস্তবতার সঙ্গে উপস্থাপনার প্রায় কোনো সম্পর্ক থাকে না, আর মৃত্যুর খবর হলে তা পরিবেশিত হয় সাম্রাজ্যের স্বার্থের সঙ্গে ওই ঘটনা কতটা যায় তার ওপর ভিত্তি করে। আড়াই বছর ধরে পশ্চিমা সংবাদমাধ্যম প্রত্যেক মৃত ফিলিস্তিনি ও গাজাবাসীর খবর খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করেছে, যারা পঙ্গু কিংবা আহত হয়েছেন এবং যাদের দেহ পুড়িয়ে ফেলা হয়েছে, তারা কীভাবে এমন পরিণতি বরণ করলেন–তা নিয়ে খোঁজখবর করেছে। এমনভাবে কাজটি তারা করেছে যেন প্রশ্ন তুলতে চেয়েছে–ওই ভুক্তভোগীরা কি আদৌ সত্যিকারের মানুষ ছিলেন? যারা নিহত হয়েছেন, বলা হচ্ছে, তারা কি সত্যিই মারা গেছেন? কিংবা তারা কি আসলেই ইসরায়েলের বোমা, গুলি, নির্যাতন এবং অবরোধের কারণে এমন পরিণতি বরণ করেছেন? যদি তাদের হত্যা করা হয়, তাহলে তারা যে যোদ্ধা ছিলেন না, তা কীভাবে জানা সম্ভব? সুতরাং যা ঘটেছে, তা কি তাদের ‘প্রাপ্য’ ছিল না?
মোটকথা, একেবারে অকুস্থল থেকে যে ফিলিস্তিনিরা ধ্বংসযজ্ঞের খবর দিয়েছেন, তাদের প্রিয়জনদের একে একে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন, তাদের কথা বিশ্বাস করা হয়নি। এমনকি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ধারাবাহিকভাবে যে মৃতের সংখ্যা প্রকাশ করেছে, তা অস্বীকার করে বারবার প্রশ্নবিদ্ধ করেছে ওই পশ্চিমা মিডিয়া।
২০২৫ সালের শেষ দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় কমপক্ষে ৭০ হাজার ১১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, বেশির ভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এবং অসংখ্য স্বাধীন গবেষক একমত যে, সরকারিভাবে নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। শুধু যুদ্ধের প্রথম ৯ মাসে আঘাতজনিত কারণে মৃতের সংখ্যা প্রায় ৬৪ হাজার বলে অনুমান করা হয়েছিল, যা মন্ত্রণালয়ের পরিসংখ্যানের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি। এতে স্বাস্থ্যসেবার অভাব, অনাহার বা পানি ও স্যানিটেশনের ব্যর্থতার কারণে মৃত্যুর সংখ্যা বাইরে রাখা হয়েছিল। জনসংখ্যাতাত্ত্বিক সবকটি পদ্ধতি ইঙ্গিত দেয় যে পরোক্ষ মৃত্যু অন্তর্ভুক্ত করলে সামগ্রিক মৃত্যু উল্লেখযোগ্যভাবে বেশি হবে। ২০২৪ সালের জুলাইয়ে দ্য ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণায় সংখ্যাটি এক লাখ ৮৬ হাজারেরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। সন্দেহ নেই, এরপর থেকে বোমা, গুলি, অল্প অসুস্থতা এবং ক্ষুধাজনিত কারণে আরও লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে।
তবুও পশ্চিমা সংবাদমাধ্যম আজও এই হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে যাচ্ছে। এমনকি তারা যে সংখ্যা প্রকাশ করে, তাও বিভিন্ন শর্তের মধ্যে মোড়ানো। এটি ‘ইসরায়েল দ্বারা বিতর্কিত’, ‘নিশ্চিত করা সম্ভব নয়’, অথবা ‘হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়’ কেবল এটি ‘দাবি করেছে’ ইত্যাদি বিভ্রান্তি সৃষ্টির মসলা তারা লাগিয়েছে। কখনও একটি প্রতিষ্ঠিত সত্য হিসেবে এগুলো তুলে ধরেনি। এখন যদিও তথাকথিত ‘যুদ্ধবিরতি’র আড়ালে ধীরগতিতে হত্যাযজ্ঞ চলছে, সেখানে গণহত্যা চলমান, একই অঞ্চলে সংঘাত, ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর নতুন গল্প উঠে আসছে। ইরানে সরকারবিরোধী আন্দোলনে মানুষ রাস্তায় নেমে এসেছে, আর তা করতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। তবে এসব মৃত্যুর কথা বলতে গিয়ে সাংঘাতিক সব পরিসংখ্যান হাজির করা হচ্ছে এবং যেখানে সূত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ইরানি ডায়াস্পোরা বা প্রবাসী ইরানিদের সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির (এইচআরএনএ) সংগঠনকে, মাঠের বাস্তবতার সঙ্গে যার কোনো সংযোগ নেই। ইরানের ভেতরে এদের কোনো সরাসরি যোগাযোগ না থাকলেও এদেরই তথ্য পশ্চিমা মিডিয়ায় তাৎক্ষণিকভাবে প্রকাশিত হচ্ছে।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ইরানের অভ্যন্তরীণ একটি সূত্রসহ দুটি সূত্র; তাদের সাংবাদিকদের মতে, ‘কমপক্ষে ১২ হাজার এবং সম্ভবত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।’ প্রতিবেদনে স্বীকার করা হয়েছে, বিদেশি সাংবাদিকদের ইরানে প্রবেশের অনুমতি নেই এবং চলমান যোগাযোগও বন্ধ। তবুও একটি অজ্ঞাত সূত্রের দাবি করা নিহতের সংখ্যাকে বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করা হয়েছে। শিরোনাম ছিল, ‘ইরানে বিক্ষোভের পর ১২ হাজারেরও বেশি নিহত হওয়ার আশঙ্কা, কারণ ভিডিওতে মর্গে সারিবদ্ধভাবে মৃতদেহ দেখা যাচ্ছে।’
গাজায় মৃতদেহের স্তূপীকৃত ভিডিও, শিশুদের জীবন্ত পুড়িয়ে মারার ফুটেজ এবং গণকবরের ছবিগুলোকে কখনও গাজায় মৃত্যুসংখ্যার প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়নি। এটি কেবল একটি উদাহরণ, আরও অজস্র উদাহরণ দেওয়া সম্ভব। ইরানের বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা সংবাদমাধ্যম হঠাৎ করেই এমন একটি নতুন ধারণা তৈরি করেছে যে একটি সংকটে বাস্তবতার সঙ্গে সরাসরি সংযোগ না থাকলে মৃত্যুর সংখ্যার বিশ্বাসযোগ্য, নির্ভুল এবং গ্রহণযোগ্য প্রতিবেদন তৈরি সম্ভব।
তাই কোনটা বিশ্বাস করতে হবে, কোনটা নয়, সাম্রাজ্যবাদী সংবাদমাধ্যমই তা ঠিক করে দেয়। এভাবেই হাজার হাজার মাইল দূরে এবং বেনামি উৎসের ওপর ভিত্তি করে অনুমাননির্ভর ব্যাপক ইরানির মৃত্যুর প্রতিবেদন তাৎক্ষণিকভাবে বিশ্বাসযোগ্যতা পায়।
এটি কেবল সাংবাদিকতার ব্যর্থতা নয়, বরং ধারাবাহিকভাবে নৈতিকতা বজায় রাখায়ও ব্যর্থতা। মৃত্যুও এখন প্রমাণসাপেক্ষ নয়, বরং রাজনৈতিক ফায়দালাভের কারণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিছু লাশের বিচার হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে নীরবতা নেমে আসে। যতক্ষণ পর্যন্ত পশ্চিমা সংবাদমাধ্যম কোন মৃত্যু বিশ্বাসযোগ্য এবং কোনটি নয়–তা নির্ধারণে ভূমিকা রাখবে ততক্ষণ সহিংসতার সঙ্গে তাদের যুক্ততার প্রশ্ন উঠবেই।
আহমদ ইবসাইস: প্রথম প্রজন্মের ফিলিস্তিনি-আমেরিকান এবং আইনের ছাত্র; আলজাজিরা থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
