কয়েক দশকের ছায়াযুদ্ধ ও ভূরাজনীতির চূড়ান্ত বিস্ফোরণ হলো ২৮ ফেব্রুয়ারি ভোরে। ইরানের ২০টি প্রদেশে একযোগে এ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলা ছিল অত্যন্ত নিখুঁত ও সমন্বিত। আকাশপথের পাশাপাশি সাইবার আক্রমণও চালানো হয়; যাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকার্যকর করা যায়।
মার্কিন-ইসরায়েলের এই পরিকল্পিত ও সমন্বিত আক্রমণ ছিল তিন ভাগে বিভক্ত– ১. ইরানকে নেতৃত্ব শূন্য করার মাধ্যমে শাসন ও প্রাতিষ্ঠানিক কাঠামো-কমান্ড ভেঙে দেওয়া। ২. পরমাণু অবকাঠামো ও গবেষণাগার গুঁড়িয়ে দেওয়া। ৩. ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা ধ্বংসের মাধ্যমে এর উৎপাদন সক্ষমতা শেষ করা।
এই হামলার কয়েক ঘণ্টা পর তেহরানও ইসলায়েল ও পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলা চালায়। ফলে সংঘাত ছড়িয়ে পড়ে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে। দেশগুলো ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ও কঠোর পরিণতির জন্য হুঁশিয়ার করেছে। এই বাস্তবতা ইরানের জন্য বাড়তি সংকট তৈরি করছে। তবে এখনও পর্যন্ত এটি পরিষ্কার বৃহৎ পরাশক্তিগুলোর বিরুদ্ধে মিত্রহীন ইরানকে একাই লড়তে হচ্ছে।
গত কয়েক দশকের ইরানে সরকারবিরোধী বেশ কয়েকটি আন্দোলন সংগঠিত হয়েছে। বিশেষ করে এ বছরের শুরুতে রিয়ালের অভাবনীয় দরপতন, মুদ্রাস্ফীতির প্রতিবাদে জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর পদক্ষেপে বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ১৫ দিনের সেই আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত হন। সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনের দাবি, প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছেন। সেই ক্ষত-সংকট কাটিয়ে উঠতে না উঠতেই তাদের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ হত্যাকাণ্ড রেডলাইন বলে অভিহিত করেছিলেন। ইরান সরকারের এই অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতাকে মার্কিন প্রশাসন তাদের লক্ষ্য অর্জনের সুযোগ মনে করেছে। ১৯ ফেব্রুয়ারি ট্রাম্প তেহরানকে তাদের শর্ত মানতে ১০ দিন সময় বেঁধে দিলেও তা শেষ হওয়ার দুদিন আগে এবং জেনেভায় চলা আলোচনা শেষ হতে না হতেই পেছন থেকে ছুরিটি মারলেন।
গত বছর জুন মাসে ১২ দিনের যুদ্ধে ইরানে বোমা হামলা করে তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আবার এখন বলছেন, তাদের কাছে পারমাণবিক অস্ত্র উৎপাদনের পটেনশিয়াল ইউরেনিয়াম মজুত আছে। তাহলে তখন তিনি এ কথা বলেছিলেন কেন?
ইরানে ইসরায়েল-মার্কিন আক্রমণ কোনো ধর্মীয় বিষয় নয়, নিখাদ ভূরাজনৈতিক ইস্যু। মধ্যপ্রাচ্যের ১৮টি মুসলিম দেশের মধ্যে আমেরিকার দ্বন্দ্ব ইরানের সঙ্গে, বাকি দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক মধুর, বিদ্বেষের নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শত্রুতার প্রধান কারণ আঞ্চলিক নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়। সেখানে অজুহাত হিসেবে কখনও সামনে আনা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে, কখনও বা রেজিম চেঞ্জের প্রশ্নটি। কিন্তু এর নেপথ্যে রয়েছে ইসরায়েল ইস্যু, জ্বালানি নিরাপত্তা, মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি নেটওয়ার্ক, চীন-রাশিয়ার সঙ্গে কৌশলগত ঘনিষ্ঠতা ইত্যাদি। এসব ক্ষেত্রে ইরানের মার্কিনবিরোধী নীতি-অবস্থানই হচ্ছে এই সংকটের মূল।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প তাঁর ব্যক্তি স্বার্থে ও রাজনৈতিক কারণে এ কাজ করেছেন। এ সময় বেশ কিছু কর্মকাণ্ড যেমন– অভিবাসন, কর, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ, এপস্টেইন কেলেঙ্কারি ইত্যাদি কারণে তাঁর জনপ্রিয়তা নেমে গিয়েছিল। সেখান থেকে মানুষের মনোযোগ সরাতে ও আসন্ন মধ্যবর্তী নির্বাচনে দলকে জিতিয়ে আনতে এই কৌশল নিয়েছেন।
সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর রয়টার্স ও ইপসসের এক জরিপের ফলাফলে দেখা যায়, ৪৩ শতাংশ মার্কিন নাগরিক ইরানে মার্কিন হামলার বিপক্ষে, ২৭ শতাংশ নাগরিক হামলার পক্ষে মত দেন এবং ২৯ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত বলে মন্তব্য করেন।
এই যুদ্ধের প্রভাব-পরিণতি কী? এ নিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য শোনা যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের মেয়াদ চার সপ্তাহের কথা বলছেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ছয় সপ্তাহের কথা। এমন কি তারা স্থল সৈন্য পাঠানোর কথাও বলছেন। এই যুদ্ধের যৌক্তিকতা ও বৈধতা নিয়ে কংগ্রেস সদস্যদের মধ্যে চলছে তুমুল বিতর্ক। সময়ের সঙ্গে যুদ্ধের প্রকৃতি যেভাবে পরিবর্তিত হচ্ছে, বিস্তৃতি ঘটছে ও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, তাতে এ ভাবনা অত্যন্ত কঠিন যে, তা সহসাই শেষ হবে।
এই বিষয়ে বিশিষ্ট মার্কিন কূটনীতিক ও বিশ্লেষক রিচার্ড হাস তাঁর এক সাম্প্রতিক বিশ্লেষণে এ যুদ্ধকে ‘ওয়ার অব চয়েস’ ও ‘প্রিভেনটিভ ওয়ার’ হিসেবে উল্লেখ করে সতর্ক করেছেন, যুদ্ধ শুরু করা সহজ হলেও শেষ করা কঠিন। তাঁর মতে, যদি লক্ষ্য হয় শাসন পরিবর্তন, তবে কেবল বিমান হামলা বা সীমিত সামরিক শক্তি দিয়ে তা অর্জন সম্ভব নয়। ২০০৩ সালের ‘ইরান যুদ্ধ’ দেখিয়েছে, প্রতিরোধমূলক যুদ্ধ প্রায়ই দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নেয় এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বৃদ্ধি করে। হাস আরও বলেন, ইরান একটি বড় ও শক্তিশালী নিরাপত্তাবেষ্টিত রাষ্ট্র। ফলে তারা দীর্ঘ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। সে কারণে যুদ্ধের সময়কাল অনেকটাই নির্ভর করবে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার ওপর।
মধ্যপ্রাচ্যভিত্তিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ইরান সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়ে আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে– লেবানন, ইরাক, সিরিয়া, ইয়েমেনে উত্তেজনা বাড়িয়ে সংঘাতকে ছড়িয়ে দেবে। এতে যুদ্ধ সরাসরি বড় আকার না নিলেও দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতায় রূপ নিতে পারে।
সার্বিকভাবে বিশ্লেষকদের বড় অংশ মনে করছে, যদি যুক্তরাষ্ট্রের লক্ষ্য সীমিত সামরিক অবকাঠামো ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং দ্রুত কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়, তবে সংঘাত তুলনামূলকভাবে স্বল্পমেয়াদি হতে পারে। কিন্তু যদি লক্ষ্য হয় শাসন পরিবর্তন এবং উভয় পক্ষই রাজনৈতিকভাবে পিছু হটতে অস্বীকৃতি জানায়, তবে যুদ্ধ মাসের পর মাস, এমনকি বছরের দিকে গড়াতে পারে। সংক্ষেপে যুদ্ধের স্থায়িত্ব নির্ভর করছে সামরিক লক্ষ্য, রাজনৈতিক উদ্দেশ্য এবং আন্তর্জাতিক কূটনৈতিক হস্তক্ষেপের ওপর। সামগ্রিক প্রেক্ষাপটে বিশ্লেষকদের অভিমত হচ্ছে, এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
ড. মঞ্জুরে খোদা: লেখক ও গবেষক
