ঐতিহাসিক নগরী ঢাকার অধিকাংশ আবাসিক এলাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি আজ নিখোঁজ সংবাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। অপ্রিয় শোনালেও সত্য, নান্দনিক আবাসিক এলাকাÑ তার শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রায় সবটাই বিলুপ্ত হতে চলেছে। রাস্তার দুই পাশে গড়ে উঠেছে বিশাল বিশাল আকৃতির বাণিজ্যিক প্রতিষ্ঠান, রমরমা কোচিং সেন্টার এবং বহুতল বিশিষ্ট শপিংমল। সোরগোল হৈ-হুল্লোড় আর শব্দ বোমায় আবাসিক এলাকার বাসিন্দারা দিন শেষে নিরিবিলি বসবাসের সুযোগ থেকে আজ অনেকটা বঞ্চিত ও ম্রিয়মাণ। কোলাহলময় জীবন থেকে একটু নিরিবিলি শান্ত পরিবেশে আবাসিক এলাকায় ‘একটি ফ্লাট বাড়ি কিনেছেন যে প্রত্যাশায়’ সেটা এখন আর শান্তি নয়, অশান্তিতে রূপ নিয়েছে। সরকার ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ না করার কারণে সব মানুষ আজ ঢাকামুখী হয়েছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ১৯ দফার কর্মসূচির প্রথম দফায় রেখেছিলেন গ্রাম সরকার। গ্রামকে স্বনির্ভর করে গড়ে তুললে তীব্র যানজট ও জনজট থেকে ঢাকার স্থায়ী বাসিন্দারা শারীরিক-মানসিক কষ্ট থেকে পরিত্রাণ পেতো। গ্রামে-গঞ্জে শিল্প-কারখানা, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অত্যাধুনিক প্রযুক্তির হাসপাতাল নির্মাণ করলে স্বনির্ভর অর্থনীতির পাশাপাশি ঢাকার উপর অত্যধিক মানুষের চাপ হ্রাস পেতো। ঢাকার অধিকাংশ মানুষ গ্রাম থেকে এসেছে। এতে অপরাধ বেড়েছে জ্যামিতিক হারে। মানুষের খরচ বেড়েছে। মানুষ স্বস্তিতে ঢাকায় বসবাস করতেও পারছে না। গ্রাম থেকে মানুষ শহরমুখী হওয়ার কারণে আবাসিক এলাকাগুলো বাণিজ্যিক রূপ ধারণ করেছে।

ঢাকার উত্তরা, বনশ্রী, বাড্ডা, মালিবাগ, শান্তি নগর, মগবাজার, গুলশান, বনানী, বসুন্ধরা, ধানমন্ডি, লালমাটিয়া, এলিফ্যান্ট রোড, হাতিরঝিল ও বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা আবাসিক এলাকায় যত্রতত্র গড়ে উঠেছে নানা ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান, ফ্যাক্টরি, কোচিং সেন্টার, হাসপাতাল, কলেজ ও ডায়াগনস্টিক সেন্টার। এলোপাতাড়ি গাড়ি পার্কিং দিনের ১০/১২ ঘণ্টা রাস্তার দুই পাশে দখল করে রেখেছে। এসব নিয়ে এলাকায় চাঁদাবাজি চলছে দেদারসে। স্বাভাবিক যান চলাচল এবং মানুষ চলাচলে এসব নিয়মিত বড় বাধা। যানজট, জনজট থেকে দুর্ঘটনার শিকার এ নগরীর নিত্যদিনের চিরচেনা দৃশ্য। রাস্তার ভাসমান দোকানপাট এবং রাস্তায় দুই পাশে ফুটপাত দখল করে যেসব দোকানীরা কেনাবেচা করে, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তারা মসজিদের টয়লেট ব্যবহার করে। এ দৃশ্য লালমাটিয়ার ঐতিহাসিক বিবি মসজিদ সংলগ্ন এলাকায় বেশি দৃশ্যমান। আছে এখানে বিশালাকার বস্তি। মাদকাসক্ত মানুষের এসব এলাকায় আনাগোনা চলছে অবিরত। এসব এলাকায় বর্জ্য-আবর্জনাও বেশি। তেমনি বায়ুদূষণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে। দুর্গন্ধময় বায়ু পুরো ঢাকাজুড়ে।

কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ইংল্যান্ড সফরে গিয়ে দেখলাম ভিন্ন দৃশ্য। সেসব দেশে আাবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক ভবন গড়ে ওঠেনি। আবার বাণিজ্যিক এলাকায় নেই কোনো আবাসিক ভবন। খেলার মাঠ, পার্ক, সবকিছুই সমদূরত্ব বজায় রেখে গড়ে উঠেছে। দেখতে অনেকটা সাজানো গুছানো ছবির মতো। যেটা যেখানে দরকার অর্থাৎ স্বাস্থ্যের অনুকূলে এবং পরিবেশবান্ধব সেভাবেই নির্মাণ-অবকাঠামো গড়ে তোলা হয়েছে। ঐসব দেশের সরকার বলে, বৃক্ষ বাঁচলে মানুষ বাঁচবে। অক্সিজেন সরবরাহ করে ‘গাছগাছালি ও ঘন বন’ মানুষকে বাঁচিয়ে রাখে সুস্থভাবে। তাই সেইসব দেশের সরকার ও জনগণ ২০ থেকে ২৫ শতাংশ বন সংরক্ষণ করে শুধু বায়ুকে দূষণমুক্ত রাখার জন্য। এর জন্য তারা নিয়মিত বৃক্ষরোপণ করে। বৃক্ষরোপণের এই ডাক্তারি বিদ্যা স্বচোখে দেখে আমি হতবাক হলাম। তারা গাছ লাগায় আর আমরা করি গাছ কর্তন। ঢাকার পরিবেশ দূষণ বিশ্বের সর্বোচ্চ মাত্রায় থাকার মূল কারণ মাত্রাতিরিক্ত বৃক্ষ নিধন। আমাদের দেশে অনেক স্থানেই বৃক্ষবিহীন আবাসিক এলাকা চোখে পড়বে। বন ও পরিবেশ অধিদপ্তরের কাজ কি? আবাসিক এলাকায় গেলে এর উত্তরটা মুখ ফসকে বেরিয়ে আসে আর সেটা হলো, অবিরত গাছ কাটা। গাদাগাদি লাগালাগি বাড়ি নির্মাণ করা। বাংলাদেশ ছাড়া আর কোথাও এমন আইন আছে বলে জানা নাই। আবাসন কোম্পানিগুলো রাজউকের নিয়মনীতি কতটা মেনে চলে সেটা আবাসিক এলাকার বাড়িঘর দেখলেই অনুমান করা যায়। বাংলাদেশের আবাসিক এলাকায় গেলে মনে হবে সবকিছুই যেন এক জায়গায় থাকতে হবে।

পশ্চিমা বিশ্বে গিয়ে আমার ধারণা পাল্টে যায়। সৌদি আরব হজে গিয়েও আবাসিক ও বাণিজ্যিক এলাকার ভিন্নতা দেখে অবাক হলাম। শুধু বাংলাদেশে আবাসিক ও বাণিজ্যিক এলাকার চিত্র অভিন্ন। কোনো নিয়ম নীতিমালা মেনে চলা যেন জরুরি নয়। ইংল্যান্ড ও কানাডার স্থাপনার নির্মাণ কাঠামো দেখতে এতটাই নান্দনিক, যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আরও অবাক হতে হয় যার যে এলাকায় জন্ম সেখানেই তাকে বসবাস করতে হবে। এ আইন অলঙ্ঘনীয়। সে যদি প্রধানমন্ত্রী, মন্ত্রী বা সচিব তার জন্যও একই নিয়ম। চিকিৎসা খেলাধূলা সবকিছুই এলাকাভিত্তিকভাবে গড়ে উঠেছে। তাই যানজট, জনজট, জলজট কিছুই পরিলক্ষিত হয় না। আমরা চালচলনে কতটা পিছিয়ে আছি তা ভাবলে গা শিহরিত হয়ে ওঠে। বাংলাদেশ নিয়ম মাফিক কাজ চর্চা নয়, অনিয়ম মাফিক দোষ চর্চায় অভ্যস্ত।

ঢাকার ঐতিহ্যবাহী আবাসিক এলাকার আবাসিক ভাবমর্যাদা তলানিতে এসে ঠেকেছে। এসব বিষয়ে সচেতন এলাকাবাসী উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, স্থানীয় থানা, ওয়ার্ড কমিশনার, বাড়ির মালিক সমিতি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। আবাসিক এলাকাগুলোতে নিয়মনীতি তোয়াক্কা না করেই যত্রতত্র গড়ে উঠেছে স্কুল কলেজ ও বিভিন্ন নামে শত শত কোচিং সেন্টার, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার। এসবকে কেন্দ্র করে সব এলাকায় গড়ে উঠেছে দোকানপাট ও হাটবাজার। এলাকায় পেশাজীবী ভিক্ষুকসমাজ এতটাই বেড়েছে যে এদের জন্য পথ চলা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মাঝেমধ্যে মনে হয়, রাষ্ট্র আছে কিন্তু তার সেবক নাই। দেশ থেকে সামষ্টিক চিন্তা চেতনা উঠে গেছে। অপরিকল্পিত নগরায়ন, ঘনবসতি এবং নকশাবহির্ভূত বহুতল ভবনের কারণে রাজধানী ঢাকার আবাসিক এলাকাগুলো উচ্চ ভূমিকম্প ও অগ্নিঝুঁকির মুখে রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মাঝারি বা বড় মাত্রার কোনো ভূমিকম্প হলে অপরিকল্পিত আবাসন ব্যবস্থা ও সরু রাস্তার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

অপরিকল্পিত নগরায়ণের কারণে হাঁটার সুযোগ কমে যাচ্ছে, এতে শারীরিক-মানসিক সুস্থতার উপর প্রভাব পড়ছে, নারীরা নিরাপত্তাহীনতায় হাঁটাতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। সাম্প্রতিক জ্বালানির তীব্র সমস্যার গণপরিবহনের সংখ্যা কমে যাওয়া, ভাড়া বৃদ্ধির কারণে কর্মজীবীরা হাঁটতে চাইলেও পর্যাপ্ত রাস্তা ও সুযোগ না থাকায় হাঁটা সম্ভব হচ্ছে না। ড্যাপ-২০২২ তৈরি হয়েছিল ঢাকার অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত উন্নয়ন ঠেকাতে। এর মূল উদ্দেশ্য ছিল পূর্বাচলকে উত্তরা বা মিরপুরকে বাড্ডার মতো জনঘনত্বের এলাকা হতে না দেওয়া। কিন্তু আবাসন ব্যবসায়ীদের প্রবল চাপ ও লবিংয়ের মুখে সেই উদ্দেশ্যই এখন ব্যাহত হচ্ছে। নগর পরিকল্পনাবিদদের আপত্তি সত্ত্বেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রমাণ করে জনস্বার্থের চেয়ে ব্যবসায়িক স্বার্থই এখানে প্রাধান্য পেয়েছে। কেবল ব্যবসায়িক চাপ বা মুনাফার লোভে একটি শহরের ভবিষ্যতকে এভাবে বিপদে ফেলা যায় না। ঢাকা যদি এখনো কিছুটা বাসযোগ্য শহর হিসেবে টিকে থাকতে চায়, তবে অপরিকল্পিত নগরায়নের রাশ টেনে ধরতে হবে।

লেখক: গ্রন্থকার, গবেষক ও সমাজচিন্তক। harunrashidar@gmail.com