গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘নাগরিক প্ল্যাটফর্মের বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’ ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে, সংস্কার কমিশনগুলোর অনেক সুপারিশ অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়নের সুযোগ থাকলেও তা করা হয়নি। সংস্কার কমিশনগুলোর প্রধান, সদস্য ও বিশিষ্ট নাগরিকদের আলোচনায় গভীর সংশয়ও প্রকাশ পেয়েছে– সংস্কারগুলো ভবিষ্যতেও বাস্তবায়ন হবে কিনা। কমিশনের সদস্যদের আশঙ্কা, সংস্কার বাস্তবায়ন না হলে জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন নস্যাৎ হয়ে যেতে পারে।

বিভিন্ন সংস্কার কমিশনের খোদ প্রধান ও সদস্যদের এমন বক্তব্য কেবল হতাশার প্রকাশ হিসেবে দেখার সুযোগ নেই; বরং গুরুতর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দক্ষতার প্রশ্ন। কারণ যখন কমিশনের ভেতর থেকেই বাস্তবায়নহীনতার অভিযোগ ওঠে, তখন সেটি সরাসরি রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের আন্তরিকতা ও অগ্রাধিকারের প্রশ্ন হয়ে দাঁড়ায়।

জুলাই গণঅভ্যুত্থান স্পষ্টভাবে দেখিয়েছিল, ২০১৪ সাল থেকে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনার বিদায়ই ছিল জনগণের প্রধান চাওয়া। গণঅভ্যুত্থানে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করেছিল, চাওয়াটি পূর্বনির্ধারিত, সুস্পষ্ট ও এককেন্দ্রিক।

গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ মূলত দুটি নিশ্চয়তা খুঁজেছিল: এক. অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন; দুই. সেই নির্বাচনের ধারাবাহিকতা রক্ষায় একটি টেকসই ব্যবস্থার প্রবর্তন, যাতে শেখ হাসিনার মতো নতুন করে কেউ কর্তৃত্ববাদী হয়ে উঠতে না পারে।

এই ক্ষেত্রে মৌলিক প্রশ্নটি হলো, জনগণ কি এতগুলো সংস্কার কমিশন গঠন এবং আলোচনা ও প্রতিবেদন প্রস্তুতে দীর্ঘ সময় নিতে গিয়ে নির্বাচন বিলম্বিত করার প্রক্রিয়া চেয়েছিল? এ প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায় না ঠিকই, কিন্তু সময়ের প্রেক্ষাপট বিবেচনায় রাখলে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়। বিশেষত শেখ হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেওয়া ‘জেন জি’ প্রজন্মের শুরু ১৯৯৭ সালে। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় বসার সময় এই প্রজন্মের সবচেয়ে বয়স্ক সদস্যের বয়স মাত্র ১২ বছর। তার মানে, যাদের বয়স এখন কমবেশি ৩০, তারা কেউই ভোট দেওয়ার সুযোগটাই পায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রথমবার ভোট দেবেন। সুতরাং তাদের প্রধান চাওয়া পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ। শেখ হাসিনা যদি জুলাইয়ের আন্দোলনে গুলি বর্ষণ না করে ১৯৯০ সালে এরশাদের মতো শান্তিপূর্ণভাবে বিদায় নিতেন, তাহলে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী ঘটনাপ্রবাহ ভিন্নও হতে পারত।

অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে দুটো ঘটনা পুরো রাষ্ট্রব্যবস্থাকে এলোমেলো করে দেয়। প্রথমত, হঠাৎ সরকারের ভেতর-বাইরের সবাই তাদের ১৬ বছরের দুঃখ-কষ্ট-বঞ্চনা দূর করার জন্য নানামুখী তৎপরতা শুরু করে। দ্বিতীয়ত, গোদের ওপর বিষফোঁড়া হিসেবে হাজির হয় মব সহিংসতা। এত দীর্ঘ সময় ধরে মব সহিংসতা বাংলাদেশে আগে কখনও দেখা যায়নি। এর ফলে একদিকে রাষ্ট্র ও প্রশাসন ব্যতিব্যস্ত এবং ক্ষেত্রবিশেষে অচল হয়ে পড়ে। অন্যদিকে মব সহিংসতার অস্থিরতায় সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হতে থাকে। কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ সবখানেই অনিশ্চয়তা তৈরি হয়।

এই বাস্তবতায় জনগণের প্রত্যাশা ছিল প্রয়োজনীয় ও সীমিত সংস্কার দ্রুত শেষ করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। কিন্তু ডজনখানেক সংস্কার কমিশন গঠন, দীর্ঘ সময় ধরে সুপারিশ প্রণয়ন এবং অতীত থেকে শিক্ষা না নেওয়ার প্রবণতা জনপরিসরে উদ্বেগ ও অনিশ্চয়তাই বাড়িয়েছে কেবল। এখন নির্বাচন সামনে রেখে সংস্কার কমিশনের সদস্যদের প্রকাশ্য হতাশা ও সংশয় যেমন জনগণকে আশাহত করে, তেমনি সংস্কারের নামে নির্বাচন বিলম্বের যৌক্তিকতাকে করে প্রশ্নবিদ্ধ। যদি সুপারিশ বাস্তবায়নের নিশ্চয়তা না-ই থাকে, তাহলে গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে আরও আগে এগোনো হলো না কেন– সেই প্রশ্ন অনিবার্য হয়ে ওঠে।

সংস্কার কমিশনের রিপোর্টগুলোও একটি পরিচিত চিত্র সামনে আনে। কমিশন গঠন, রিপোর্ট তৈরি এবং সেগুলো ‘শেলফবন্দি’ রাখার দীর্ঘকালীন রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটেছে। তদন্ত কমিশন, সংস্কার কমিশন, পরামর্শক কমিশন রিপোর্টে বিগত ৫৪ বছরে সরকারি তাক ভরে উঠেছে; বাস্তবায়নের ঘর প্রায় ফাঁকা।

এই প্রেক্ষাপটে সংস্কারের হাঁকডাক ক্রমেই ফাঁকা আওয়াজে পরিণত হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর সামনে আর কোনো কমন এজেন্ডা ছিল না। বৈষম্য দূর করার দাবিটি আন্দোলনের পটভূমি হলেও ক্ষমতা পরিবর্তনের পর আন্দোলনকারীদের লক্ষ্য হয়ে ওঠে রাষ্ট্রক্ষমতায় আরোহণ।

বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় ইস্যু ছিল তুলনামূলক সীমিত দাবি কোটা সংস্কার। একটি রাষ্ট্রের কাঠামোগত রূপান্তরের জন্য যা যথেষ্ট ছিল না। এই বাস্তবতা সবার জানা থাকলেও মানুষের আবেগ ও প্রত্যাশার ‘টেম্পো’ ধরে রেখে রাজনৈতিক শক্তিগুলো নিজেদের ঘর গোছানো, প্রশাসনে প্রভাব বিস্তার এবং পেশাজীবী সংগঠনগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে পড়ে। এতে পুরো চিত্র বদলে যেতে থাকে। এই অবস্থায় সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়া কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়; এটি জনগণের প্রত্যাশার সঙ্গে নীরব প্রতারণার শামিল। যে সুপারিশের কোনো রোডম্যাপ নেই, তার জন্য কমিশন গঠন ও আলোচনা ক্ষমতায় বসে সময়ক্ষেপণের কৌশল ছাড়া আর কী হতে পারে! কমিশনের সদস্যদের হতাশা আসলে একটি সতর্কবার্তা। এই সতর্কবার্তা উপেক্ষা করা হলে ক্ষতি শুধু কমিশনের নয়; ক্ষতি গণতন্ত্রের, রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতার এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও স্বপ্নের। ইতিহাস সাক্ষ্য দেয়, রিপোর্ট দিয়ে রাষ্ট্র বদলায় না; বদলায় রাজনৈতিক সদিচ্ছা দিয়ে।

মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন