গত কয়েক দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান দুটি অনুষঙ্গ, প্রযুক্তিগত উন্নয়ন ও বিশ্বায়ন, এমন কয়েক পরিবর্তন ও সমস্যা সৃষ্টি করেছে, যার কারণে অনেক মানুষের মধ্যে এ ধারণা তৈরি হয়েছে যে তারা অর্থনৈতিক অগ্রগতির সুফল থেকে বঞ্চিত হচ্ছে। এআই বিপ্লব সে উদ্বেগ আরো বাড়িয়ে তুলছে।
নতুন অর্থনৈতিক কর্মসূচিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করার যে বিষয়, তার লক্ষ্য হওয়া উচিত প্রযুক্তিগত উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্যের ফলে সৃষ্ট নতুন কাঠামোর সঙ্গে মানুষের কর্মসংস্থানের সংযোগ পুনঃপ্রতিষ্ঠা করা।
অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে। যেমন কর্মসংস্থানে উৎসাহ দিতে আয়ের ওপর কর ছাড়ের পরিধি বাড়ানো; নতুন কর্মসংস্থানের সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং প্রশিক্ষণ ও পুনঃপ্রশিক্ষণের স্থানীয় কেন্দ্র হিসেবে কমিউনিটি কলেজগুলোতে কেন্দ্রীয় সরকারের সহায়তা বাড়ানো।
দীর্ঘমেয়াদে চাকরি হারানোর ঝুঁকিতে থাকা কর্মীদের জন্য মজুরি বীমার ব্যবস্থাও চালু করা যেতে পারে। এর আওতায় কেউ নতুন ধরনের পেশায় আগের তুলনায় কম বেতনে কাজ শুরু করলে, আগের ও নতুন বেতনের পার্থক্যের একটি অংশ বীমার মাধ্যমে দেয়া হবে।
[ফাইন্যান্সিয়াল টাইমসের এক নিবন্ধে]
গ্লেন হাবার্ড : অধ্যাপক, অর্থনীতি ও অর্থায়ন বিভাগ, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
