একটা সময় নির্বাচন মানেই ছিল পোস্টার, মাইক, দেয়াল লিখন আর জনসভায় দেওয়া প্রতিশ্রুতি; যা অনেকাংশেই বাস্তবে রূপ নিত না। এখন দৃশ্যপট আমূল বদলে গেছে। ১৩তম জাতীয় নির্বাচনের প্রাক্কালে রাজনীতির মাঠ আর শুধু রাজপথে সীমাবদ্ধ নেই; সেটি ঢুকে পড়েছে আমাদের মোবাইল স্ক্রিনে, নিউজফিডে এবং ব্যক্তিগত ইনবক্সে। সেখানে নতুন এক খেলোয়াড়ের আগমন হয়েছে, যার নাম কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই)। সমস্যা হলো, এই খেলোয়াড় অত্যন্ত দক্ষ, দ্রুতগতির কিন্তু প্রায়ই নিয়ম-নীতির তোয়াক্কা করে না।

এই বাস্তবতার মধ্যে সম্প্রতি সরকার জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতির একটি খসড়া প্রকাশ করেছে, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, মানবাধিকার সুরক্ষা এবং ঝুঁকিপূর্ণ এআই ব্যবহারের ওপর নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। নীতির ভাষা নিঃসন্দেহে কিছুটা আশাব্যঞ্জক। প্রশ্ন হলো, নির্বাচনের মতো সংবেদনশীল প্রেক্ষাপটে এই নীতি বাস্তবে কতটা সুরক্ষা দিতে পারবে?

এআইভিত্তিক অপপ্রচার, বিশেষ করে ডিপফেইক এখন এক মূর্তিমান আতঙ্ক। এর মাধ্যমে কিছু ভিডিও বা অডিও তৈরি করা হচ্ছে, যেখানে কোনো প্রার্থীকে এমন বক্তব্য দিতে দেখা যায়, যা তিনি কখনও দেননি; এমন আচরণ করতে দেখা যায়, যা তিনি কখনও করেননি। প্রযুক্তিগতভাবে এগুলো এতটাই নিখুঁত যে সাধারণ ভোটারের পক্ষে সত্য আর কৃত্রিমতার পার্থক্য করা প্রায় অসম্ভব। যে প্রযুক্তি মানুষকে আরও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার কথা ছিল, সেটিই এখন সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিটাকে নড়বড়ে করে দিচ্ছে।

সরকার প্রকাশিত এআই নীতির খসড়ায় ডিপফেইক, বিভ্রান্তিকর কনটেন্ট ও অপতথ্য মোকাবিলার প্রয়োজনীয়তার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ এআই ব্যবস্থার ক্ষেত্রে বাড়তি নজরদারি ও দায়িত্ব নির্ধারণের কথাও বলা হয়েছে। নীতিগতভাবে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে বাস্তবতা হলো, নীতিপত্র আর নির্বাচনকালীন ডিজিটাল বাস্তবতার মাঝে একটি বড় ফাঁক রয়ে গেছে। নির্বাচনের সময় অপপ্রচার এই দেশে নতুন কিছু নয়। গুজব, বিকৃত বক্তব্য, ছবি কিংবা উদ্দেশ্যমূলক প্রচার আমরা আগেও দেখেছি। এআই সেই পুরোনো অপপ্রচারকে দিয়েছে নতুন গতি ও বিশ্বাসযোগ্যতার মোড়ক। আগে কেউ যদি বলত, ‘সে নাকি এটা বলেছে’, মানুষ সন্দেহ করত। এখন ভিডিও দেখিয়ে বলা যায়, ‘এই তো, নিজের চোখে দেখুন।’ ফলে যুক্তি আর যাচাইয়ের জায়গায় বসে যায় আবেগ-রাগ, ক্ষোভ, ভয় কিংবা অন্ধ সমর্থন। গণতন্ত্রের জন্য এর চেয়ে বিপজ্জনক পরিস্থিতি আপাতত কল্পনা করা কঠিন।

আমাদের প্রেক্ষাপটে ঝুঁকিটি আরও গভীর, কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি আগে থেকেই তীব্র মেরূকরণে আক্রান্ত। ভোটারের একটি বড় অংশ সিদ্ধান্ত নেয় সামাজিক মাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, যেখানে যাচাইয়ের চেয়ে ভাইরাল হওয়াই মুখ্য। ডিপফেইক ঠিক এখানেই সবচেয়ে কার্যকর অস্ত্র হয়ে ওঠে। এটি নতুন কোনো মত তৈরি করে না; বরং মানুষের আগে থেকেই থাকা পক্ষপাতকে গভীরতর করে দেয়। ভোটার ভাবেন, তিনি তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছেন, অথচ বাস্তবে তিনি নিজের বিশ্বাসের কৃত্রিম প্রতিফলন দেখছেন।

এআই নীতির খসড়ায় মানবকেন্দ্রিক ও নৈতিক এআই ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা প্রশ্নের বাইরে নয়। ডিপফেইক শনাক্ত করতে ডিজিটাল ফরেনসিক দক্ষতা, প্রশিক্ষিত জনবল ও আধুনিক টুল প্রয়োজন; যা সময় সংকটে নির্বাচনকালে দ্রুত প্রয়োগ করা কঠিন। একটি ভুয়া ভিডিও শনাক্ত ও অপসারণের প্রক্রিয়া চলতে চলতেই সেটি লাখো মানুষের কাছে পৌঁছে যায়। নীতিতে যা লেখা আছে, বাস্তবে তা কার্যকর করতে না পারলে, এ দিয়ে কোনো কাজ হবে না।

আইন প্রয়োগের ক্ষেত্রেও জটিলতা কম নয়। কোনটি মতপ্রকাশ আর কোনটি পরিকল্পিত এআইভিত্তিক অপপ্রচার–এই সীমারেখা সবসময় স্পষ্ট নয়। অতিরিক্ত কঠোরতা দেখালে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার অভিযোগ আসতে পারে; আবার শৈথিল্য দেখালে অপপ্রচারকারীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। উপরন্তু, সামাজিক মাধ্যমগুলোর অধিকাংশই আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যাদের ওপর জাতীয় নীতির বাস্তব প্রয়োগ সহজ নয়।

এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার এআই নীতির মাধ্যমে যতই এর দায়িত্বশীল ব্যবহারের বার্তা দিক, রাজনৈতিক দলগুলো এআইভিত্তিক অপপ্রচারকে ‘কৌশল’ হিসেবে ব্যবহার করলে সেই নীতির নৈতিক ভিত্তিই ভেঙে পড়ে। ডিপফেইককে যদি প্রতিপক্ষকে ঘায়েল করার বৈধ অস্ত্র মনে করা হয়, তাহলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে পুরো নির্বাচন ব্যবস্থা। সবকিছুর পরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ভোটারের। প্রযুক্তি যতই শক্তিশালী হোক, শেষ সিদ্ধান্ত নেয় মানুষই। তাই ভোটার হিসেবে আমাদের দায়িত্ব হলো সন্দেহ করতে শেখা! কোনো ভিডিও দেখলেই বিশ্বাস নয়, কোনো অডিও শুনলেই শেয়ার নয়। উৎস কোথায়, অন্য নির্ভরযোগ্য মাধ্যমে খবরটি আছে কিনা, কনটেন্টটি কেন ঠিক এই সময় ছড়ানো হচ্ছে–এ প্রশ্নগুলো করার অভ্যাস গড়ে তুলতে হবে। ঠাট্টা করে বলতে হয়, আমরা এখন এমন এক যুগে বাস করছি, যেখানে যে কোনো মানুষ কিছু না বললেও ‘বলানো’ যায়, কিছু না করলেও ‘করানো’ যায়। সরকার যখন এআই নীতির খসড়া প্রকাশ করছে, তখন এটি একটি ইতিবাচক সূচনা বটে কিন্তু নির্বাচনকালীন বাস্তবতায় সেই নীতির কার্যকর প্রয়োগই হবে আসল পরীক্ষা!

শেষ পর্যন্ত প্রশ্নটি খুব সরল: আমরা কি এআইকে আমাদের গণতন্ত্রের চালক হতে দেব, নাকি তাকে একটি কঠোরভাবে নিয়ন্ত্রিত উপকরণে সীমাবদ্ধ রাখব? এ প্রশ্নের উত্তর কোনো নীতিপত্র একা দিতে পারবে না। এটি নির্ভর করে রাষ্ট্রের সদিচ্ছা, রাজনৈতিক দলগুলোর নৈতিকতা এবং নাগরিকদের সচেতনতার ওপর। নইলে এমন এক সময় আসতে পারে, যখন ব্যালট বাক্সে দেওয়া ভোট বাস্তব হবে, কিন্তু সেই ভোটের সিদ্ধান্ত জন্ম নেবে সম্পূর্ণ কৃত্রিম এক পরিস্থিতিতে।

ড. ইকবাল আহমেদ: অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়