বড় বড় দালানকোঠা, হর্ম্য থাকলেই তাকে বিশ্ববিদ্যালয় বলা চলে না। চিন্তার স্বাধীনতা, মুক্তবাক ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের জন্য আবশ্যক। শিক্ষক বরখাস্ত, প্রশাসনিক হয়রানি, পাঠ্যক্রমে হস্তক্ষেপ ও ভিন্নমতাবলম্বীদের নিপীড়ন– এসব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যায় না।
ইতিহাসে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ব্যাপক রাজনৈতিক আক্রমণের মুখে পড়েছে। হিটলারের নাৎসি জার্মানিতে ইহুদি, বামপন্থি ও উদারনৈতিক চিন্তার অনেক শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। এর ফলে শুধু শিক্ষকরা চাকরি হারাননি; বিশ্ববিদ্যালয়ের গবেষণা, পাঠ্যক্রম ও জ্ঞান উৎপাদনের কাঠামো নাৎসি মতাদর্শের অধীন হয়ে পড়ে।
ভারতে ক্ষমতাসীন বিজেপি হিন্দুত্ববাদী ধারায় পাঠ্যপুস্তকে ইতিহাসের ধর্মীয় সাম্প্রদায়িকীকরণ ও হিন্দু জাতীয়তাবাদী আখ্যান যুক্ত করছে। ধর্মীয় কল্পকাহিনিকে বিজ্ঞানের সঙ্গে মিশিয়ে পাঠ্যক্রমে ঢুকিয়ে দিচ্ছে। ব্রিটিশদের রাজনৈতিক সহযোগী ও সাম্প্রদায়িক বিভেদকারীদের নায়ক বানাচ্ছে। সরকারি নীতিবিরোধী শিক্ষক-শিক্ষার্থীদের ‘দেমাগী নকশাল’ ও ‘রাষ্ট্রদ্রোহী’ বলে ট্যাগ দিচ্ছে। সরকার সমর্থকরা সম্প্রতি পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। একইভাবে বাংলাদেশেও ইতিহাসকে উল্টে দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরদের নায়ক বানানোর অপচেষ্টা চলছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে কলাম্বিয়া ও হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি আন্দোলন দমনে পুলিশ ক্যাম্পাসে ঢুকে হামলা চালিয়ে অনেক শিক্ষার্থী ও শিক্ষককে গ্রেপ্তার করে। অনেক শিক্ষককে বরখাস্ত করা হয়। আন্দোলনে অংশগ্রহণকারী অনেক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রে পাবলিক ও প্রাইভেট উভয় ধরনের বিশ্ববিদ্যালয়ের বোর্ডে অধিকাংশ সদস্য আসেন বৃহৎ করপোরেশন ও বড় বড় ফিন্যান্সিয়াল ফার্ম থেকে। কথিত স্বাধীন চিন্তার দেশ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো এভাবে করপোরেট ক্যাপিটালিজমের সঙ্গে ব্যাপকভাবে একীভূত ও নিয়ন্ত্রিত।
তুরস্কে ২০১৬ সালে ‘একাডেমিকস ফর পিস’ ঘোষণায় স্বাক্ষরকারী ৩৭৮ জন শিক্ষককে এরদোয়ান সরকার বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করে। ইরানে ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ১৯৮০ সালে সরকার বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে পাঠ্যক্রম পুনর্গঠন ও রাজনৈতিক বিরোধী প্রায় ৭০০ শিক্ষককে বরখাস্ত করে। নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও রাজনৈতিক ও ধর্মীয় যাচাই চালু করা হয়।
বাংলাদেশেও বিশ্ববিদ্যালয় দলীয় আধিপত্য ও প্রতিশোধমূলক রাজনীতির বাইরে যেতে পারেনি। দীর্ঘদিন ছাত্র সংগঠনের সন্ত্রাসী ক্যাডার-সংস্কৃতি, হল দখল, ভিন্নমতের শিক্ষার্থীদের নির্যাতন ও প্রশাসনের রাজনৈতিক দলের প্রতি অন্ধ আনুগত্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে ক্ষুণ্ন করেছে। ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের পর পুরোনো ব্যবস্থার সঙ্গে যুক্তদের জবাবদিহির দাবি ওঠে। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গৃহীত পদক্ষেপও প্রতিশোধমূলক ও রাজনৈতিক বিরোধীদের দমনের উদ্দেশ্যে চালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বরখাস্ত ও শাস্তি দেওয়া হয়েছে রাজনৈতিক মতাদর্শের প্রতি সমর্থনের কারণে। শিক্ষকদের শারীরিকভাবেও লাঞ্ছনা করা হয়েছে। শিক্ষক নির্যাতন আওয়ামী লীগ আমলেও হয়েছে। নারায়ণগঞ্জে ২০১৬ সালে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করতে বাধ্য করা হয়। এই শাসনকালে শিক্ষকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, বরখাস্ত ও শরীরিক হামলার অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। দুর্ভাগ্যজনক, ভালো কিছুর প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী শাসনকে বিদায় করে যারা ক্ষমতায় এলো, তারা একই হীন আচরণে আরও এক নয়; বহু কাঠি সরেস।
একাডেমিক স্বাধীনতা অবশ্যই কাউকে জবাবদিহির ঊর্ধ্বে থাকার অধিকার দেয় না। ধর্তব্য কোনো অপরাধের অভিযোগ থাকলে একজন শিক্ষক অবশ্যই তদন্তের আওতায় আসবেন। কিন্তু রাজনৈতিক মতামত, গবেষণা বা সরকারের সমালোচনার কারণে কোনো শিক্ষক শাস্তি পেতে পারেন না।
একসময় যে বিশ্ববিদ্যালয়কে বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে অগ্রসর স্পর্ধিত তরুণ বিপ্লবী বুদ্ধিজীবী তৈরির কারখানা হিসেবে দেখা হতো; সেখানে এখন পুঁজিবাদী নয়া-উদারবাদ (নিও লিবারেল) ও ধর্মীয় ফ্যাসিবাদের সংমিশ্রণে এক নতুন সংস্কৃতির আধিপত্য তৈরি হয়েছে। সম্প্রীতির বিপরীতে হানাহানি প্রধান হয়ে উঠছে। এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভেতর হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরের সামনে গরু জবাই করে ‘গরুর গোশতের’ গামলা নিয়ে খেতে বসার পর্যায়ে গিয়ে ঠেকেছে ধর্মচর্চা। জ্ঞান ও যুক্তির বাহাস এখন শারীরিক আক্রমণের দিকে ধাবিত হচ্ছে। ধর্মীয় ফ্যাসিবাদী রাজনীতি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষায়তনের ওপর নিয়ন্ত্রণ নিতে চাইছে। বিশ্ববিদ্যালয়ের ওপর একটা সাংস্কৃতিক আগ্রাসন চলছে, বলা যায়।
তবে ক্ষমতা ও মতাদর্শ যখন নিজেকে সত্যের একমাত্র মালিক ঘোষণা করে, তখন বিশ্ববিদ্যালয়েই তার বিরুদ্ধে প্রথম প্রশ্ন ওঠে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা মানে তাই শুধু শিক্ষকের চাকরি রক্ষা নয়, এমন পরিবেশ নিশ্চিত করা যেখানে প্রচলিত সত্যকে প্রশ্ন করা, স্বাধীন জ্ঞানচর্চা ও ক্ষমতার সমালোচনা করা সম্ভব। ক্যাম্পাসগুলোকে তাই দলীয় সন্ত্রাসী ক্যাডারভিত্তিক রাজনীতি ও ধর্মীয় ফ্যাসিবাদের খপ্পর থেকে বের করে এনে জ্ঞান ও যুক্তির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে হবে। যে সমাজ চিন্তার স্বাধীনতা হারায়, সে সমাজ নিজের ভুল সংশোধনের ক্ষমতাও হারায়। বিশ্ববিদ্যালয় রক্ষার সংগ্রাম তাই গণতন্ত্র ও মুক্ত সমাজ রক্ষার সংগ্রাম।
ড. আখতার সোবহান মাসরুর: লেখক ও গবেষক
