বাংলাদেশ ব্যাংকের (বিবি) ধারাবাহিকভাবে বাজার থেকে ডলার ক্রয়ের নীতি দেশের অর্থনীতিতে একই সঙ্গে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলছে। এই নীতির সঙ্গে ভালো-মন্দের গভীর ও দ্বিমুখী সম্পর্ক রয়েছে, যার সম্ভাব্য ফল হতে পারে বহুমাত্রিক। ইতিবাচক হচ্ছে, বাজারে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকায় বিনিময় হার হঠাৎ কমে যাওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ তা নিয়ন্ত্রণে সহায়ক হচ্ছে। ডলারের দাম আকর্ষণীয় থাকলে রপ্তানি খাতের প্রতিযোগিতা বজায় থাকে, রেমিটেন্স প্রবাহ উৎসাহিত হয়।

পাশাপাশি, অতীতে বিপুল পরিমাণ ডলার (২০২১-২৪ সময়কালে ৩৪ বিলিয়ন ডলার) বিক্রির ফলে রিজার্ভে যে সংকোচন হয়েছিল, সাম্প্রতিক ডলার ক্রয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে, যা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তবে এর নেতিবাচক দিকও উপেক্ষা করা যায় না। বাজার থেকে ডলার কিনে দেশীয় মুদ্রা সরবরাহ বাড়ানো হলে দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি হয়, যা ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধি ও ক্রয়ক্ষমতা হ্রাসের কারণ হয়। যার প্রমাণ দীর্ঘসময় ধরে নীতি সুদ হার বৃদ্ধির পরও দেশে মূল্যস্ফীতি আটকে আছে ৮-৯ শতাংশে। একই সঙ্গে আমদানি ব্যয় বেড়ে শিল্প ও ভোক্তার ওপর চাপ তৈরি হচ্ছে।

আরও একটি বিষয় হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকগুলো এ ব্যবস্থায় তুলনামূলক সহজে মুনাফার সুযোগ পাচ্ছে, যা আর্থিক খাতে বৈষম্য উসকে দিতে পারে। \r\nসামগ্রিকভাবে ধারাবাহিক ডলার ক্রয়ের নীতি স্বল্পমেয়াদে কার্যকর হলেও দীর্ঘমেয়াদে টেকসই ফল পেতে হলে মুদ্রানীতি, রাজস্ব ও প্রশাসনিক সংস্কার এবং উৎপাদনশীলতা বৃদ্ধির সমন্বিত উদ্যোগ অপরিহার্য। যাতে করে অর্থনীতির মৌলিক স্থিতিশীলতা নিশ্চিত হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন রাষ্ট্রীয় নীতির কেন্দ্রবিন্দুতে রূপ নেয়।

সাদা চোখে রেমিটেন্স, রপ্তানি, ডলার ক্রয় ও রিজার্ভের ঊর্ধŸগতির সংবাদ-চিত্র চিত্ত ও দৃষ্টির জন্য সুখকর হলেও মুদ্রাবাজারের গভীরের কলা-কৌশল এবং এর সম্ভাব্য পরিণতি অনুধাবন করা যায় অর্থনীতি শাস্ত্র ও সমাজ-রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বীয় বিশ্লেষণে। \r\nবাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ডলার ক্রয় নীতি এবং এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার ঘটনাটি রবার্ট মুন্ডেল এবং মার্কাস ফ্লেমিংয়ের ‘ইম্পসিবল ট্রিনিটি’ বা অসম্ভব ত্রয়ী তত্ত্বের একটি ধ্রুপদী দৃষ্টান্ত হিসেবে আলোচিত হতে পারে। এই তত্ত্বের মূল নির্যাস হলো, একটি রাষ্ট্র একই সঙ্গে মুক্ত মূলধন প্রবাহ, স্বাধীন মুদ্রানীতি এবং স্থিতিশীল বিনিময় হার বজায় রাখতে পারে না। এর যে কোনো একটিকে অর্জনের জন্য অন্যটিকে বিসর্জন দিতে হয়।

২০২৪ সালে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যখন ১৫-২০ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল। তখন অর্থনীতিতে যে চরম অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছিল, তা কাটিয়ে উঠতে কেন্দ্রীয় ব্যাংক যে কোনো উপায়ে রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধি এবং বাজার থেকে ডলার ক্রয়ের কৌশলগত পথ বেছে নেয়। ২০২৫ সালে রেকর্ড ৩২.৮২ বিলিয়ন ডলার রেমিটেন্স আসার ফলে বাজারে ডলারের যে উদ্বৃত্ত তৈরি হয়েছে, তা কেন্দ্রীয় ব্যাংক কিনে না নিলে টাকার মান শক্তিশালী হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু রপ্তানিকারক ও প্রবাসী আয় গ্রহণকারীদের সুরক্ষা দিতে এবং বেসরকারি ব্যাংকগুলোকে মুনাফা পাইয়ে দিতে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে প্রায় ৩ বিলিয়ন ডলার তুলে নিয়েছে, যা একদিকে রিজার্ভের সক্ষমতা বাড়ালেও অন্যদিকে দেশের অভ্যন্তরীণ মুদ্রানীতিকে এক জটিল সমীকরণের মুখে দাঁড় করিয়েছে।

এই নীতি মূলত বিনিময় হারকে ১২১-১২৩ টাকার মধ্যে স্থির রাখার একটি সচেতন প্রচেষ্টা, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তাবলি পূরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা প্রমাণের জন্য অত্যন্ত জরুরি ছিল। \r\nতবে এই অর্জিত রিজার্ভের পেছনের অর্থনীতি পর্যালোচনা করলে দেখা যায় যে, বাংলাদেশ একই সঙ্গে একটি পরিচালিত ভাসমান বিনিময় হার বজায় রাখা এবং আংশিক মুদ্রানীতি স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করছে। যার ফলে কেন্দ্রীয় ব্যাংককে বাধ্য হয়েই মূলধন প্রবাহের ওপর কিছু কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হচ্ছে। ফলে অর্থনীতির স্বাভাবিক গতিধারা প্রভাবিত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

অর্থনৈতিক শাস্ত্রের বিচারে বাংলাদেশ ব্যাংকের এই ডলার ক্রয় কৌশলকে ‘স্টেরিলাইজড ইন্টারভেনশন’ হিসেবে অভিহিত করা যেতে পারে, যা মিল্টন ফ্রিডম্যানের মুদ্রাবাদী তত্ত্ব অনুযায়ী বাজারে মুদ্রার সরবরাহ বাড়িয়ে মুদ্রাস্ফীতিকে উসকে দেওয়ার ঝুঁকি তৈরি করে। যখন কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে বিপুল পরিমাণ ডলার কেনে, তখন সমপরিমাণ টাকা বাজারে ঢালতে হয়, যা যদি সঠিক উপায়ে বন্ড বা অন্য উপায়ে নিষ্ক্রিয় করা না হয়, তবে তা সরাসরি পণ্যের দামের ওপর প্রভাব ফেলে। বিবির নীতি সুদহার বৃদ্ধির পরও ২০২৫ সালে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ৮-৯ শতাংশের আশেপাশে অবস্থান করার পেছনে বিপুল পরিমাণ নতুন নোট ছাপানোর পাশাপাশি ধারাবাহিকভাবে ডলার ক্রয়ের মুদ্রানীতিগত হস্তক্ষেপই সবচেয়ে বড় ইন্ধন জুগিয়েছে।

এর মূল কারণ, বাংলাদেশ আমদানিনির্ভর একটি দেশ। তাই ডলারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রাখার ফলে জ্বালানি তেল, ভোজ্যতেল, চিনি এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থানীয় মুদ্রায় কমতে পারছে না, যা মূলত সাধারণ ভোক্তার ওপর একটি অদৃশ্য কর আরোপের মতো কাজ করছে। আন্তর্জাতিক যাচাই-বাছাইয়ের আলোকে অর্থনীতিবিদ আন্দ্রেয়াস স্টেইনারের ২০১৩ সালের গবেষণা ফল নির্দেশ করে যে, উন্নয়নশীল দেশগুলোতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ জমা করার এই প্রবণতা প্রায়ই বাহ্যিক ঋণের পরিমাণ বৃদ্ধি এবং সেই ঋণের মেয়াদ সংকুচিত হওয়ার সঙ্গে সরাসরি জড়িত থাকে।

বাংলাদেশের প্রেক্ষাপটে ২০২৫ সালের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, দেশের মোট বাহ্যিক ঋণের পরিমাণ গত সেপ্টেম্বর পর্যন্ত ১১২.১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা রিজার্ভের ঊর্ধ্বগতির সমান্তরালে বৃদ্ধি পাচ্ছে। স্টেইনারের মডেল অনুযায়ী, যখন কোনো কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে বিপুল ডলার কেনে, তখন তা ঋণের কাঠামোকে মূলত স্বল্প ও মধ্যমেয়াদি করে তোলে, যা ভবিষ্যতে বিশ্ববাজারে সুদের হারের আকস্মিক পরিবর্তন কিংবা বৈশ্বিক চাহিদার সংকোচনের প্রতি দেশের অর্থনীতিকে অত্যন্ত সংবেদনশীল করে তোলে এবং যে কোনো সময় বড় ধরনের আর্থিক ঝুঁকির কারণ হতে পারে।\r\nরাজনৈতিক অর্থনীতির দৃষ্টিভঙ্গিতে বিবির এই নীতিকে ‘মার্শাল-লার্নার কন্ডিশন’ ও ‘ডাচ ডিজিজ’ রোগের প্রাথমিক লক্ষণের প্রাথমিক বহিঃপ্রকাশও বলা যেতে পারে।

অর্থাৎ যখন কোনো দেশ তার মুদ্রার মানকে কৃত্রিমভাবে সস্তা রাখে কেবল দুয়েকটি শক্তিশালী বৈদেশিক মুদ্রা উপার্জন খাতের সহায়তার জন্য (বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও রেমিটেন্স), তখন অন্যান্য উদীয়মান শিল্প-খাত অসম প্রতিযোগিতার মুখে পড়ে। ফলে দীর্ঘমেয়াদে অর্থনীতির বৈচিত্র্য নষ্ট হয়ে দেশকে দুয়েকটি খাতের ওপর অতিনির্ভরশীল করে তোলে। এ মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় নীতির প্রধান লক্ষ্য হলো রপ্তানিকারক ও প্রবাসী আয় প্রদানকারীদের উৎসাহিত করা। কিন্তু এটি সাধারণ গৃহস্থালি এবং সামগ্রিক ভোগের ওপর একটি ব্যাপক নিম্নমুখী চাপ সৃষ্টি করে চলছে। সমাজতাত্ত্বিক প্রেক্ষাপটে এই নীতি দেশের অভ্যন্তরে আয় বৈষম্যকে আরও ঘনীভূত করছে।

কারণ ডলারের দাম যদি বাজারের স্বাভাবিক গতিতে নিচে নামতে দেওয়া হতো, তাহলে মুদ্রাস্ফীতি-মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার একটি বিশাল সুযোগ পেত এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেত। কেন্দ্রীয় ব্যাংক ডলার ক্রয় করে টাকার মান সস্তা রাখার মাধ্যমে মূল্যস্ফীতি কমার সুযোগটি সচেতনভাবেই নষ্ট করছে, যাকে কেউ কেউ আমদানিকারক ও ভোক্তাদের (দিন শেষে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ) স্বার্থের বিনিময়ে বিদেশি অর্থ আনয়নকারীদের সুরক্ষা দেওয়ার প্রয়াস হিসেবেও দেখতে পারে। এ ধরনের নীতি হস্তক্ষেপ স্বল্পমেয়াদে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে সাহায্য করলেও দীর্ঘমেয়াদে প্রমাণিতভাবে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মানকে হুমকির মুখে ফেলে দেয়, যা বহুমাত্রিক দারিদ্র্য-বৈষম্যের এক চক্র সৃষ্টি করে।

এ ব্যবস্থা সুষম ও ন্যায়সংগত অর্থনীতির কাঠামোর পরিপন্থি।\r\nউল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংক একদিকে ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে, অন্যদিকে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছে, তখন মুদ্রাবাজারে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, যা স্বচ্ছতার অভাব এবং ‘মোরাল হ্যাজার্ড’ বা নৈতিক ঝুঁকির সৃষ্টি করে। গ্লোবাল ফাইন্যান্সের রেটিংয়ে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের গ্রেডিংয়ের ক্ষেত্রেও এই নীতিগত সীমাবদ্ধতাগুলোরই প্রতিফলন ঘটেছে। যেখানে শ্রীলঙ্কার গভর্নর ড. নন্দলাল উইরাসিংহে দেউলিয়াত্বের চরম সংকটকালে সুদের হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি ৭০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে এনে ‘এ’ গ্রেড পেয়েছেন, সেখানে বাংলাদেশের বর্তমানে গভর্নর ‘সি’ গ্রেড পেয়েছেন। কারণ তার নীতিগত দিকনির্দেশনা সঠিক হলেও বাস্তব অগ্রগতি খুবই ধীর। বিশেষ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ডলারের অস্থিরতা কমানো এবং ব্যাংক খাতের সংস্কারে কাক্সিক্ষত ফল এখনো দৃশ্যমান নয়। আমলাতান্ত্রিক জটিলতা ও প্রাতিষ্ঠানিক অদক্ষতা এই ডলার ক্রয় নীতির সাফল্যকে সীমাবদ্ধ করে দিচ্ছে। কারণ ডগলাস নর্থের ‘ইনস্টিটিউশনাল ইকোনমিকস’ অনুযায়ী, অর্থনৈতিক প্রবৃদ্ধি কেবল পুঁজির ওপর নয়, বরং প্রাতিষ্ঠানিক কাঠামোর উৎকর্ষের ওপরও নির্ভর করে। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ বা ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ এখনো উচ্চ থাকার কারণে রিজার্ভের এই বিশাল সঞ্চয় প্রকৃত শিল্পায়নে রূপান্তরিত হতে পারছে না। বরং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে বিদেশি বিনিয়োগকারীরা আস্থাহীনতায় ভুগছেন। এর প্রভাব গিয়ে পড়ছে প্রথমে উৎপাদনে, তারপর কর্মসংস্থানে। ফলে দারিদ্র্য ও বৈষম্যের মাত্রা ক্রমাগত বাড়ছে।