"এই পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর"—কবি জীবনানন্দ দাশ হয়তো শরিফ ওসমান হাদির মতো অকুতোভয় বাংলার আজাদীর বীর সেনানীদের জন্যই লিখেছিলেন এমন কালজয়ী পংক্তিমালা।
দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, সমস্ত জাগতিক মায়া ছিন্ন করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক বিন ওসমান হাদি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বাংলা মায়ের এই সূর্যসন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই মহাপ্রয়াণে কেবল একটি প্রাণের অবসান ঘটেনি, বরং স্তব্ধ হয়ে গেছে ইনসাফ ও ন্যায়ের পথে চলা এক আপোষহীন কণ্ঠস্বর।
ওসমান হাদি ছিলেন বাংলাদেশের পরাজিত অপশক্তি ও ফ্যাসিস্টদের কাছে এক আতঙ্কের নাম। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের অগ্রভাগে থেকে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
৫ আগস্টের পরবর্তী সময়ে যখন অনেকেই ক্ষমতার ভাগাভাগি কিংবা ব্যক্তিগত সুবিধা নিতে ব্যস্ত ছিলেন, ওসমান হাদি তখন ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। অদম্য এই যোদ্ধা জুলাই বিপ্লবের সক্রিয় অংশীদার হওয়া সত্ত্বেও রাষ্ট্র বা সমাজ থেকে ন্যূনতম কোনো ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেননি। ৫৬ হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশে ইনসাফ ও সত্যের যে আলোকবর্তিকা তিনি জ্বালিয়ে দিয়ে গেছেন, তাকে নিভিয়ে দেওয়ার সাধ্য কারও নেই। তাঁর শূন্যতা কেবল একটি পরিবারের নয়, বরং গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
ওসমান হাদি আজ শহীদ হয়েছেন, কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ এখন বাংলার প্রতিটি পাড়া-মহল্লায় লক্ষ-কোটি ‘হাদি’র জন্ম দেবে। আজাদীর যে স্ফুলিঙ্গ তিনি নিজের রক্ত আর ঘাম দিয়ে জ্বালিয়ে গেছেন, তা কোনোদিন ম্লান হবার নয়। বাংলার প্রতিটি সচেতন নাগরিকের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন এক অবিনাশী প্রেরণা হয়ে। ফ্যাসিবাদ ও শোষণের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হাদির কণ্ঠস্বর সহস্র যুগ ধরে এদেশের প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হবে। তিনি চলে গেলেও তাঁর বুনে যাওয়া ‘কল্যাণ রাষ্ট্র’ ও ‘আদর্শ সমাজ’ গড়ার স্বপ্নগুলো এখন উত্তরসূরিদের কাঁধে এক পবিত্র আমানত।
বাংলার প্রতিটি মায়ের কোলে ইনসাফ আর আজাদীর বার্তা নিয়ে আবারও ফিরে আসবেন প্রিয় ওসমান হাদিরা। যে জুলাই ফুলের সুবাস তিনি ছড়িয়ে দিয়ে গেছেন, সেই সুবাসই একদিন এই জনপদকে সব অন্যায়-অবিচার থেকে মুক্ত করবে, ইনশাআল্লাহ।
ওপারে ভালো থাকবেন প্রিয় জুলাই যোদ্ধা, হে বীর সেনানী। আপনার ত্যাগ বৃথা যাবে না; এই বাংলা আপনাকে কোনোদিন ভুলবে না।
