মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার পর যে প্রতিষ্ঠান মানুষের উচ্চতর জ্ঞানচর্চা, গবেষণা ও দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়, তাকেই বিশ্ববিদ্যালয় বলা হয়। এটি কেবল শিক্ষালয় নয়, বরং জ্ঞান, সংস্কৃতি ও মানবতার বিকাশকেন্দ্র। ইংরেজি শব্দ টহরাবৎংরঃু এসেছে ল্যাটিন টহরাবৎংরঃধং থেকে, যার অর্থ সংগঠিত জ্ঞানসম্প্রদায় বা শিক্ষকদের ও শিক্ষার্থীদের সমষ্টি। বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হলো জ্ঞানার্জন, গবেষণা, মানবিক মূল্যবোধ চর্চা এবং সমাজ উন্নয়ন। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্কে প্রতিটি দেশের সাধারণ জনগণের মধ্যে এক ধরনের উচ্চ ধারণা গড়ে ওঠে। বাংলাদেশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।

ষাটের দশক থেকে দেখা যায়, এ দেশের সাধারণ মানুষ প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরের শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতেন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি তাঁদের শ্রদ্ধা ছিল আরও গভীর ও মমতাপূর্ণ। তাঁদের জ্ঞানগরিমা, পা-িত্য, মানবিক গুণাবলি ও আচার-আচরণের প্রতি সমাজে ছিল বিশেষ সম্মান। মানুষ বিশ্বাস করতেন, যাঁরা মেধা, বাচনভঙ্গি, আচরণ ও কর্মদক্ষতায় অনন্য, তাঁরাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্য। এই বিশ্বাসের কারণেই সাধারণ মানুষ সভা-সমাবেশ, অফিস-আদালত কিংবা হাট- বাজারে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষকের সাক্ষাৎ পেলে তাঁকে বিশেষভাবে সম্মান জানাতেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তখন সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান উপভোগ করতেন।

কিন্তু আশির দশকের পর থেকে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই সম্মান ও মর্যাদার অবস্থান ধরে রাখতে পারেনি। অনেকেই এ অবস্থার জন্য শিক্ষক রাজনীতি, ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি এবং শিক্ষা ও গবেষণার মানের ক্রমাবনতিকে দায়ী করেন। বিশেষ করে প্রধান চারটি বিশ্ববিদ্যালয়ে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বাস্তবায়নের পর থেকে এসব সূচকের অধোগতি লক্ষ করা যায়, যা পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও প্রভাব ফেলেছে। সাম্প্রতিক বছরগুলোতে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পদ্ধতি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষত জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এই বিতর্ক আরও তীব্র হয়েছে। এ প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীবের বক্তব্য উল্লেখযোগ্য।

তিনি একজন আদর্শ শিক্ষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক এবং জাতির মঙ্গলকামী চিন্তক। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সিনেট ভবনে আয়োজিত আলোচনায় তিনি বলেন, উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর তাঁর আশা ছিল বিশ্ববিদ্যালয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, ভোটার তৈরির জন্য নয়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বাস্তবে সেই অঙ্গীকার রক্ষা করা সম্ভব হবে না বলে তাঁর মনে হচ্ছে। স্বাধীনতাপূর্ব সময়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভাগের শ্রেষ্ঠ মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হতো। যাঁরা সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করতেন, তাঁদের মধ্য থেকেই শিক্ষক নিয়োগ দেওয়া হতো। কোনো লিখিত পরীক্ষা থাকত না।

নিয়োগ বোর্ড প্রার্থীর একাডেমিক ফলাফল, উচ্চতর ডিগ্রি, স্বীকৃত জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ এবং মৌখিক পরীক্ষায় পারদর্শিতার ভিত্তিতে সিদ্ধান্ত নিত। স্বাধীনতার পরও একই প্রথা চলমান ছিল। কিন্তু ২০০৮ সালের পর থেকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণ ও স্বজনপ্রীতির প্রভাব প্রকট হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে যোগ্য ও মেধাবীদের বাদ দিয়ে তুলনামূলক কম যোগ্য প্রার্থী নিয়োগ পাচ্ছেন। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তদন্ত কমিটি গঠন করলেও তার প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হয়নি বা সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দোষীদের বিরুদ্ধে কোনো কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়নি।

বর্তমানে অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের শুরুতেই আধা ঘণ্টা বা এক ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কিছু প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। কোথাও কোথাও নমুনা ক্লাস নেওয়ারও প্রচলন রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপিত পদের তিনগুণ প্রার্থী লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন এবং মৌখিক পরীক্ষার পারদর্শিতার ভিত্তিতে চূড়ান্ত সুপারিশ করা হয়। তবে এই পদ্ধতি নিয়েও মতভেদ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় বিপুল সংখ্যক প্রার্থীকে প্রাথমিকভাবে ছাঁটাই করতে লিখিত পরীক্ষা প্রয়োজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঁচ সদস্যের বোর্ড প্রশ্ন প্রণয়ন ও মূল্যায়নের দায়িত্ব পালন করে।

তবুও এই পদ্ধতি নিয়ে বেশ কিছু মৌলিক প্রশ্ন থেকে যায়। নিয়োগ বোর্ডের সব সদস্য যে নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞতা সবসময় নিশ্চিত নয়। লিখিত পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সিলেবাস প্রদান করা হয় না, ফলে প্রার্থীরা প্রস্তুতির ক্ষেত্রে অনিশ্চয়তায় ভোগেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষায় আহ্বান জানানো হয় না, যা স্বচ্ছতার ঘাটতি তৈরি করে। কেবল লিখিত পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করার কারণে অনেক মেধাবী ও যোগ্য প্রার্থী, বিশেষ করে যারা সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করেছে, তারা নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়ে যায়। এর ফলে উচ্চতর ডিগ্রি, গবেষণাকর্ম ও আন্তর্জাতিক প্রকাশনার মতো গুণাবলি বিবেচনায় নেওয়ার সুযোগ থাকে না।

এমন অভিযোগও রয়েছে যে, এই পদ্ধতিতে প্রকৃত মেধাবী ও গবেষণামুখী প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বরং তুলনামূলক কম যোগ্য ব্যক্তিরাই নিয়োগ পাচ্ছেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান ও সামাজিক মর্যাদা উভয়ই ক্ষুণœ হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন প্রশাসন শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে কিছু কাঠামোগত পরিবর্তন এনেছে। কিন্তু যথাযথ পরীক্ষা-নিরীক্ষা বা মূল্যায়ন ছাড়া নতুন পদ্ধতি প্রবর্তনের ফলে এর মধ্যেও কিছু ফাঁকফোকড় থেকে গেছে, যা অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি করছে। কোনো কোনো বিভাগে এই অভিযোগ প্রকাশ পেলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলত সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এতে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন প্রত্যাশা ও আস্থার জন্ম হয়েছিল, তা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে স্থায়ী ও গুণগত পরিবর্তন আনতে হলে বর্তমান পদ্ধতির সংস্কার প্রয়োজন। লিখিত পরীক্ষার জন্য প্রতিটি বিষয়ের নির্দিষ্ট সিলেবাস প্রণয়ন করা জরুরি। নিয়োগ বোর্ডের সদস্যরা যেন প্রশ্ন প্রণয়নে অংশ না নেন, সে ব্যবস্থা করতে হবে। বরং প্রতি বিভাগের জন্য চার সদস্যের একটি প্রশ্নকর্তা প্যানেল গঠন করা উচিত, যারা নির্ধারিত সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় থেকে প্রশ্ন প্রস্তুত করবেন। নিয়োগ বোর্ড সেই প্রশ্ন সেটগুলোর সমন্বয়ে চূড়ান্ত প্রশ্নপত্র তৈরি করবে। পরীক্ষার পর খাতা কোডিং করে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের দ্বারা তা মূল্যায়ন করাতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত নম্বরের সঙ্গে তাঁদের সম্মান ও স্নাতকোত্তর ফলাফল, উচ্চতর ডিগ্রি, আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশিত গবেষণাপত্র এবং মৌখিক পরীক্ষায় পারদর্শিতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা উচিত। প্রয়োজনে নমুনা ক্লাসের ব্যবস্থাও রাখা যেতে পারে। উপর্যুক্ত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে তা হবে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও বিতর্কহীন। যদিও এই প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ, তবুও এটি দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সহায়ক হবে।

আমার বিবেচনায় সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সবচেয়ে সহজ, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য উপায় হলো সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফলে অগ্রাধিকার দিয়ে, তার সঙ্গে উচ্চতর ডিগ্রি ও প্রকাশিত প্রবন্ধ বিবেচনায় নিয়ে এবং মৌখিক পরীক্ষায় পারদর্শিতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। কারণ, বিভাগের শিক্ষকবৃন্দ, বহিরাগত পরীক্ষক ও পরীক্ষা কমিটি দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে ধাপে ধাপে শিক্ষার্থীদের মূল্যায়ন করেন এবং সেই ভিত্তিতেই মেধাতালিকা প্রস্তুত হয়। অন্যদিকে অন্য বিষয়ের শিক্ষক দ্বারা প্রশ্ন করা, খাতা মূল্যায়ন করা এবং একাডেমিক সাফল্য উপেক্ষা করে কেবল মৌখিক পরীক্ষার ওপর ভিত্তি করে মূল্যায়ন করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এতে যেমন বিভাগের দীর্ঘমেয়াদি মূল্যায়ন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়, তেমনি প্রকৃত মেধাবীরাও বঞ্চিত হয়। অতএব, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক নিয়োগ পদ্ধতি পুনর্বিবেচনার দাবি রাখে। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি ও শিক্ষক-শিক্ষার্থীর সম্মান পুনরুদ্ধারের জন্য নিয়োগ প্রক্রিয়া যেমন স্বচ্ছ ও বিতর্কহীন হতে হবে, তেমনি ছাত্র-শিক্ষক সম্পর্কের উন্নয়নও অপরিহার্য। এই সম্পর্কের উন্নয়ন ছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও গুণগত উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।

লেখক: ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক ভিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর।