বাজেট একটি দলিল মাত্র। দলিলে লেখা সংখ্যা এবং মাঠে প্রয়োগ হওয়া নীতির মধ্যে প্রায়ই বিস্তর ব্যবধান থাকে। বাংলাদেশের বাজেটের দীর্ঘ ইতিহাস এই বাস্তবতার সাক্ষী। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিশ্লেষণে তাই কেবল সংখ্যা নয়, বাস্তবায়নের সক্ষমতা, প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং রাজনৈতিক অর্থনীতির প্রশ্নও বিবেচনায় নিতে হবে। বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। গত বছরের তুলনায় ১৮.৮ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। মোট রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকা। লক্ষ্যমাত্রার ৮৬ শতাংশ অর্থাৎ ছয় লাখ চার হাজার কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে। এ লক্ষ্যমাত্রা কতটা বাস্তবসম্মত– সেই প্রশ্ন সবার আগে জরুরি।
আগের অর্থবছর সংশোধিত রাজস্ব সংগ্রহের প্রাক্কলন ছিল পাঁচ লাখ ৮৮ হাজার কোটি টাকা। নতুন লক্ষ্যমাত্রা তার চেয়ে মাত্র ২.৭ শতাংশ বেশি। অতীতে লক্ষ্যমাত্রা প্রায়ই ১৫-২০ শতাংশ ব্যবধানে নির্ধারিত হতো, যা অলীক ছিল। তুলনামূলক বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ একটি ইতিবাচক পরিবর্তন। তবে রাজস্ব আদায়ের কাঠামোগত সমস্যা রয়েই গেছে।
জাতীয় রাজস্ব বোর্ড মোট জাতীয় রাজস্বের ৯১ শতাংশ আহরণ করে। এই অতিনির্ভরতা একটি কাঠামোগত দুর্বলতা। যদি ভ্যাট বা আয়কর আদায় লক্ষ্য থেকে পিছিয়ে পড়ে, পুরো বাজেটে চাপ সৃষ্টি হয়। ২০২৫-২৬ অর্থবছরে এ সংকটের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। রাজস্ব উৎসের বৈচিত্র্য বাড়ানো জরুরি। কিন্তু সেই গভীর কাঠামোগত সংস্কার এ বাজেটে অনুপস্থিত। ব্যাংকিং খাতের সংকট এ বাজেটের সবচেয়ে কঠিন পটভূমি। মোট খেলাপি ঋণ ৩৫.৭৩ শতাংশে পৌঁছেছে– ছয় লাখ ৪৪ হাজার কোটি টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এবং বৈশ্বিক মানদণ্ডে ভয়াবহ। ব্যাংকিং খাতের মূলধন পর্যাপ্ততার অনুপাত মাইনাস ২.৬৪ শতাংশে নেমেছে। অর্থাৎ ব্যাংক খাত প্রযুক্তিগতভাবে মূলধন ঘাটতিতে রয়েছে।
সরকার দুর্বল ব্যাংকগুলোর পুনরুদ্ধারে ৪০ হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে। এই অর্থ আসবে জনগণের করের টাকা থেকে। এটি মূলত ব্যাংক মালিক, পরিচালক ও ঋণখেলাপিদের দুর্নীতি ও অব্যবস্থাপনার ক্ষতি জনগণকে বহন করানো। এ পরিস্থিতি অর্থনৈতিক ন্যায়বিচারের দৃষ্টিতে উদ্বেগজনক। বাজেটে ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ আইনগতভাবে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি আছে। কিন্তু ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে এরই মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপের উদাহরণ তৈরি করা হয়েছে। ঝুঁকিভিত্তিক তদারকি ও বাসেল-সম্মত মূলধন পর্যাপ্ততার প্রতিশ্রুতিও আছে। এ ধরনের প্রতিশ্রুতি বাংলাদেশে আগেও দেওয়া হয়েছে। প্রয়োগের বাস্তবতা সবসময় আশানুরূপ হয়নি। প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া আইনি বিধান কার্যকর হয় না।
বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা রয়েছে। এই প্রণোদনা বাস্তবায়নে ঐতিহাসিক সমস্যা হচ্ছে, এটি সবসময় প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছায় না। রাজনৈতিক সংযোগ থাকা বড় ব্যবসায়ীরা অগ্রাধিকার পান। প্রকৃত ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যাংকের সহায়তা পেতে হিমশিম খান।
এমএসএমই খাতে ঋণের ৩০ শতাংশ বাধ্যতামূলক কোটা নির্ধারণের প্রস্তাব একটি সাহসী পদক্ষেপ। কিন্তু বাধ্যতামূলক কোটা মানেই বাস্তব প্রবাহ নিশ্চিত নয়। ব্যাংকগুলো কাগজে কোটা পূরণ করে বড় কোম্পানির সহায়ক প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে। সত্যিকারের ক্ষুদ্র উদ্যোক্তার কাছে পৌঁছানো নিশ্চিত করতে গুণগত পর্যবেক্ষণ দরকার। কেবল সংখ্যার প্রতিবেদন নয়, মাঠ পর্যায়ের বাস্তবতা যাচাই করতে হবে। ভ্যাট নিবন্ধনের সীমা ৩০ লাখ থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব একটি সুচিন্তিত পদক্ষেপ। এতে প্রায় ৪০ হাজার ছোট ব্যবসায়ীকে ভ্যাটের জটিলতা থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে। প্রশাসনিক ব্যয় কমবে। ছোট ব্যবসা পরিচালনা সহজ হবে। তবে এই সীমা বৃদ্ধিতে রাজস্বের একটি অংশ হারাবে। বড় ব্যবসার কাছ থেকে আরও কার্যকরভাবে রাজস্ব আদায় করে এ ক্ষতি পূরণ করতে হবে। বাজেটে ঘোষিত প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর প্রস্তাব আশাব্যঞ্জক। ৪৮ ঘণ্টায় কোম্পানি নিবন্ধন, সাত দিনে লাইসেন্স প্রদান, ২৪ ঘণ্টায় ইউটিলাইজেশন পারমিশন– এসব প্রতিশ্রুতি বাস্তবে প্রয়োগ হলে ব্যবসার পরিবেশ নাটকীয়ভাবে উন্নত হবে। বাংলাবিজ একক ডিজিটাল উইন্ডো সব অনুমোদন এক ছাদের নিচে আনবে।
এম এম মুসা: সাংবাদিক ও উন্নয়নকর্মী
