আমাদের প্রতিটি কাজ, প্রতিটি ভাবনা, প্রতিটি শব্দ– সবই বাইরের জগতে তরঙ্গ তৈরি করে, যা আমাদের চারপাশের জগৎ নির্মাণ করে। বাস্তবতা দূরের বিমূর্ত ধারণা নয়। এটি আমাদের সামষ্টিক চেতনা, শক্তি ও সংকল্প থেকে উদ্ভূত জীবন্ত সৃষ্টি। অথচ বাংলাদেশে আমরা প্রায়ই নিজেদের কেবল দুর্বলতা দিয়েই বিচার করি। আমরা নিজেদের দুর্নীতিগ্রস্ত, দরিদ্র ও অরাজক বলতে বলতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি এবং ‘কোনো কিছুই কখনও বদলাবে না’ ধারণাটি পুনরাবৃত্তি করতে করতে অনিবার্য মনে হতে শুরু করেছে।
আমি অন্য এক সত্য দেখেছি। পরিবর্তন শুরু বিরাট পদক্ষেপ বা বহির্গত বিপ্লব দিয়ে হয় না; শুরু হয় মন থেকে। যখন আমরা সজ্ঞানে নিজেদের মানসিকতা পরিবর্তন করি, যখন আমরা আত্মপরাজয়ের চক্রে অংশ নিতে অস্বীকার করি, তখন জগৎও তার প্রতিক্রিয়া হিসেবে বদলাতে শুরু করে। আমরা এখন যে যুগে আছি, যেটাকে অনেকেই ‘কোয়ান্টাম যুগ’ বলছেন, তা চেতনা ও বাস্তবতার মধ্যকার এক অসাধারণ সম্পর্ক উন্মোচন করছে। কোয়ান্টাম ফিজিক্স আজ তা-ই প্রমাণ করছে, আধ্যাত্মিক জ্ঞান যা বহু বছর ধরে বলে এসেছে: শক্তি, স্পন্দন ও উদ্দেশ্য কেবল বিমূর্ত ধারণা নয়। এগুলো হলো সেই শক্তি যা বস্তু, জীবন ও সমাজকে নির্দিষ্ট রূপ দেয়। আমাদের কথা, চিন্তা, এমনকি নীরব ইচ্ছার মধ্যেও স্পন্দন বিদ্যমান।
যখন আমরা বারবার দেশকে ‘হতাশ’ বা ‘অসহায়’ বলে আখ্যা দিই, তখন নেতিবাচক অবস্থাকেই আরও শক্তিশালী করি। বিপরীতভাবে যখন সচেতনতার সঙ্গে কথা বলি, সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিই এবং এক উজ্জ্বল ভবিষ্যতের কল্পনা করি, তখনই পরিবর্তনের সম্ভাবনার সঙ্গে একাত্ম হতে শুরু করি। দেশকে নতুন করে গড়ার ক্ষমতা শুধু রাজনীতিবিদদের হাতে নয়; বরং প্রত্যেক নাগরিকের হাতে, যিনি হতাশার গণ্ডি পেরিয়ে সচেতনভাবে উন্নত বাংলাদেশ গড়ায় অংশ নিতে প্রস্তুত।
কিন্তু আমাদের জাতি গভীর সিদ্ধান্তের সম্মুখীন। আমাদের আলোচনা দীর্ঘদিন ধরে দুটি চরমপন্থার জালে বন্দি। একদিকে রয়েছে জাতীয়তাবাদের কঠোর ব্যাখ্যা– ‘বাঙালিয়ানা’র সংকীর্ণ ধারণা যা ভাষা, ঐতিহ্য বা সংস্কৃতিতে এক ধরনের ‘বিশুদ্ধতা’ খুঁজে বেড়ায়, যা উদারতা ও বহুত্ববাদের পরিপন্থি। অন্যদিকে রয়েছে ধর্মীয় গোঁড়ামি, মতবাদের প্রতি কঠোর আনুগত্য যা সৃজনশীলতা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রাণবন্ততাকে দমন করে। এই মিথ্যা দ্বৈততা বা বাইনারি সৃষ্টি করে উত্তেজনা, বিভাজন এবং স্থবিরতা; যেখানে গভীরতা, সমন্বয় এবং প্রকৃত অগ্রগতির কোনো স্থান থাকে না।
বাংলাদেশের আজ প্রয়োজন নতুন দূরদর্শিতা– একটি মধ্যপন্থা যা বিশ্বাস ও সংস্কৃতি, ভক্তি ও সৃজনশীলতা উভয়ের প্রতি শ্রদ্ধাশীল। এটি কোনো আপস নয়; নীতির ক্ষেত্রে পিছু হটাও নয়। বরং এটি হলো ভারসাম্যের এক সাহসী পদক্ষেপ। এটি হলো এমন একটি জাতি গঠনের সচেতন সিদ্ধান্ত, যেখানে মুসলিম হওয়ার অর্থ এই নয়– বাংলার স্বতন্ত্রতা সৃষ্টিকারী সংগীত, সাহিত্য, উৎসব এবং ঐতিহ্যকে বর্জন করতে হবে। এই পথটি বোঝায়– আধ্যাত্মিকতা ও সংস্কৃতি প্রতিদ্বন্দ্বী নয়, বরং একটি প্রাণবন্ত সমাজ গঠনে তারা পরস্পরের সহায়ক।
এমন একটি বাংলাদেশের কল্পনা করুন যেখানে নৈরাশ্যবাদের জায়গায় আশাবাদ স্থান করে নেবে। একটি দেশ যা নৈতিক ও আধ্যাত্মিক গভীরতা বিসর্জন না দিয়েও তার সাংস্কৃতিক সমৃদ্ধি উদযাপন করে। এমন একটি সমাজ যেখানে নাগরিকরা তাদের চিন্তা, কথা ও কাজের শক্তি বোঝে। প্রতিটি কথোপকথন, প্রতিটি সততার কাজ, প্রতিটি হৃদয়তার প্রকাশ জাতির স্পন্দনে অবদান রাখে। এই সমষ্টিগত প্রাণশক্তির প্রভাবে পরিবর্তন নিশ্চিতভাবেই আসে।
এই স্বপ্ন নিছক আকাঙ্ক্ষা নয়; বাস্তবসম্মত। একটি মধ্যপন্থি বাংলাদেশ, যা জীবনের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উভয় মাত্রাকে সম্মান করে; বিশ্বের জন্য আদর্শ হিসেবে দাঁড়াতে পারে। আমরা দেখাতে পারি, ধর্মনিষ্ঠ থেকেও বহুত্ববাদকে আলিঙ্গন করা সম্ভব। ঐতিহ্যকে সম্মান করেও উদ্ভাবন করা সম্ভব এবং সমৃদ্ধি অর্জন করেও আত্মাকে অটুট রাখা সম্ভব। এই পথ বেছে নেওয়ার মাধ্যমে আমরা এমন একটি জাতি তৈরি করতে পারি, যা হবে সহনশীল ও উজ্জ্বল, দৃঢ়মূল অথচ গতিশীল এবং বিশ্বাসী হওয়া সত্ত্বেও প্রগতির পথে নির্ভীক।
সিদ্ধান্ত আমাদের। বাংলাদেশকে চরমপন্থার মাঝে আটকে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা নৈরাশ্যের বাগাড়ম্বরকে অতিক্রম করতে পারি; সীমাবদ্ধতার গল্পগুলো প্রত্যাখ্যান করতে পারি এবং এক নতুন পাটাতন বেছে নিতে পারি। যেখানে বিশ্বাস, সংস্কৃতি এবং চেতনা একত্রিত হয়ে এমন এক সমাজ তৈরি করবে যা প্রাণবন্ত, ন্যায়সংগত, সম্ভাবনাময়। যেখানে প্রত্যেক নাগরিক তাদের সৃজনী শক্তিকে উপলব্ধি করতে পারে– এই শক্তি যা শুধু সচেতনতা, উদ্দেশ্য এবং সহানুভূতির সঙ্গে জীবনযাপনের মধ্য দিয়ে পৃথিবীকে প্রভাবিত করার ক্ষমতা রাখে।
ইতিহাসের এই সন্ধিক্ষণে আমাদের সামনে এক অসাধারণ সুযোগ। আমরা আগামী প্রজন্মের বাংলাদেশকে সংজ্ঞায়িত করার জন্য একটি মধ্যপন্থা তৈরি করতে পারি, যা হবে ভারসাম্য, সাহস ও আলোকবর্তিকার পথ। এটি এমন একটি পথ, যেখানে পরিবর্তন আমাদের প্রত্যেকের ভেতর থেকে শুরু হয়ে দেশকে রূপান্তরিত করার জন্য বাইরে ছড়িয়ে পড়ে। যদি আমরা বুদ্ধিমত্তার সঙ্গে সচেতনভাবে পথটি বেছে নিই, তবে শুধু বাংলাদেশের গতিপথই বদলাবে না; আমরা এমন এক আশা, সহনশীলতা ও প্রাণবন্ততার মডেল তৈরি করব, যা বিশ্বকে মুগ্ধ করবে। চরমপন্থা ও মধ্যপন্থার সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ; ভবিষ্যতের রূপরেখা আঁকার দায়িত্ব আমাদেরই।
আনুশেহ আনাদিল: সংগীতশিল্পী ও সমাজকর্মী
