বাংলাদেশে ঈদুল আজহা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়; এটি দেশের সবচেয়ে বড় মৌসুমি অর্থনৈতিক কার্যক্রমগুলোর একটি। প্রতিবছর কোরবানির সময় সারাদেশে লাখ লাখ গরু, মহিষ, ছাগল ও ভেড়া জবাই হয়। এই বিপুল পরিমাণ পশু জবাইয়ের ফলে কয়েক দিনের মধ্যেই তৈরি হয় বিশাল পরিমাণ জৈব বর্জ্য, যার মধ্যে রয়েছে হাড়, চামড়া, তরুণাস্থি, চর্বি, রক্ত, শিং, খুর এবং বিভিন্ন কানেকটিভ টিস্যু। এই উপকরণগুলোর একটি বড় অংশ এখনো পর্যন্ত বাংলাদেশে সঠিকভাবে শিল্প ব্যবস্থাপনায় আসেনি। ফলে একদিকে যেমন শহর ও গ্রামের পরিবেশ দূষিত হয়, অন্যদিকে তেমনি কোটি কোটি টাকার সম্ভাব্য শিল্প কাঁচামাল অপচয় হয়।

আমরা সাধারণত কোরবানির পশুর হাড়কে বর্জ্য হিসেবে দেখি। কিন্তু বিশ্বের উন্নত দেশগুলো এই বর্জ্যকেই রূপান্তর করেছে উচ্চমূল্যের বায়ো-ইন্ডাস্ট্রিয়াল পণ্যে। হাড় থেকে বর্তমানে তৈরি হচ্ছে কোলাজেন, জেলাটিন, বায়োমেডিক্যাল উপাদান, নিউট্রাসিউটিক্যাল, ফার্মাসিউটিক্যাল ক্যাপসুল, প্রসাধনী উপাদান, মেডিকেল গ্রেড প্রোটিন এবং এমনকি টিস্যু ইঞ্জিনিয়ারিং উপকরণও। বিশ্বের বহু দেশে কোলাজেন শিল্প এখন বিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হয়েছে। অথচ বাংলাদেশে এখনো এই শিল্প কার্যত অনাবিষ্কৃত অবস্থায় রয়েছে।

বাংলাদেশে প্রতিবছর কোরবানির সময় কত পরিমাণ হাড় উৎপন্ন হতে পারে, সেই বিষয়টি উপলব্ধি করলেই এই শিল্পের সম্ভাবনা পরিষ্কার হয়ে যায়। যদি ধরা হয় দেশে কোরবানির সময় প্রায় ১ কোটি পশু জবাই হয় এবং প্রতিটি পশু থেকে গড়ে ১০০ কেজি হাড় পাওয়া যায়, তাহলে মোট হাড়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ১০০ কোটি কেজি বা ১০ লক্ষ মেট্রিক টন। অর্থাৎ কোরবানির কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে বিশ্বের অন্যতম বড় মৌসুমি বোভাইন বোন রিসোর্স তৈরি হয়। এই বিশাল পরিমাণ কাঁচামাল যদি সংগঠিতভাবে সংগ্রহ, সংরক্ষণ এবং শিল্পায়ন করা যায়, তাহলে বাংলাদেশ একটি শক্তিশালী কোলাজেন ও বায়ো-প্রোটিন শিল্প গড়ে তুলতে পারে।

বর্তমানে বিশ্বজুড়ে কোলাজেনের বাজার অত্যন্ত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, অ্যান্টি-এজিং পণ্যের জনপ্রিয়তা, ফিটনেস ও স্পোর্টস নিউট্রিশনের প্রসার, সৌন্দর্যচর্চার বাণিজ্যিক সম্প্রসারণ এবং মেডিকেল নিউট্রিশনের উন্নয়নের কারণে কোলাজেনের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক কোলাজেন বাজার ইতোমধ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে এবং আগামী ১০-১৫ বছরে এটি ২৫ থেকে ৩০ বিলিয়ন ডলারের বাজারে পরিণত হতে পারে। এই বাজারের সবচেয়ে বড় অংশ দখল করে আছে বোভাইন থেকে তৈরি কোলাজেন।

কোলাজেন এখন শুধুমাত্র বিউটি সাপ্লিমেন্ট নয়; এটি ধীরে ধীরে মূলধারার প্রোটিন সোর্স হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে। আগে কোলাজেন মূলত কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্যে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে বিশ্বজুড়ে কোলাজেন প্রোটিন ব্যবহার করা হচ্ছে স্পোর্টস নিউট্রিশন, হাই-প্রোটিন ডায়েট, ক্লিন নিউট্রিশন, মেডিকেল ফুড, সিনিয়র নিউট্রিশন এবং ফাংশনাল ফুডে। পশ্চিমা দেশগুলোতে কোলাজেন প্রোটিন এখন কফি, এনার্জি বার, প্রোটিন শেক, স্মুদি, বেভারেজ এবং এমনকি দৈনন্দিন খাবারের অংশ হয়ে উঠছে।

বিশ্বব্যাপী মানুষ এখন শুধু পেশি গঠনের জন্য নয়, বরং জয়েন্ট, ত্বক, চুল, হাড় এবং সামগ্রিক সুস্থতার জন্যও প্রোটিন গ্রহণ করতে আগ্রহী। এই পরিবর্তনের ফলে কোলাজেন ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ ফাংশনাল প্রোটিন হিসেবে আবির্ভূত হচ্ছে। বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধি, ফিটনেস ইন্ডাস্ট্রির সম্প্রসারণ এবং স্বাস্থ্য সচেতনতার কারণে আগামী দশকে কোলাজেনের চাহিদা আরও দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

হাড় থেকে মূলত টাইপ-১ এবং টাইপ-৩ কোলাজেন উৎপাদন করা হয়। এগুলো ত্বক, চুল, নখ এবং হাড়ের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া তরুণাস্থি ও জয়েন্ট অংশ থেকে টাইপ-২ কোলাজেনও পাওয়া যায়, যা জয়েন্ট হেলথ ও আর্থ্রাইটিস সাপোর্ট পণ্যে ব্যবহৃত হয়। বর্তমানে আন্তর্জাতিক বাজারে কোলাজেন ব্যবহৃত হচ্ছে প্রোটিন পাউডার, বিউটি ড্রিংক, কফি মিক্স, নিউট্রিশন বার, স্পোর্টস নিউট্রিশন, মেডিকেল নিউট্রিশন, ফাংশনাল ফুড এবং কসমেটিকসে।

বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ হাড়ের কতটুকু আমরা বাস্তবে শিল্পে ব্যবহার করতে পারি? যদি বাংলাদেশ কোরবানির পর উৎপন্ন মোট হাড়ের মাত্র ১০ শতাংশ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করতে পারে, তাহলে প্রায় ১ লাখ মেট্রিক টন হাড় শিল্পে ব্যবহার করা সম্ভব হবে। শিল্প পর্যায়ে গড়ে ৮ থেকে ১০ শতাংশ কোলাজেন উৎপাদন ধরা হলে, এই ১ লাখ টন হাড় থেকে আনুমানিক ৮,০০০ থেকে ১০,০০০ মেট্রিক টন কোলাজেন উৎপাদন করা যেতে পারে। আন্তর্জাতিক বাজারে যদি প্রতি কেজি কোলাজেনের গড় মূল্য ১০ থেকে ২০ মার্কিন ডলার ধরা হয়, তাহলে শুধুমাত্র ১০ শতাংশ হাড় ব্যবহার করেই বাংলাদেশ বছরে আনুমানিক ৮০ মিলিয়ন থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের কোলাজেন শিল্প গড়ে তুলতে পারে।

অর্থাৎ বর্তমান বিনিময় হার অনুযায়ী এটি প্রায় ১,০০০ কোটি থেকে ২,৫০০ কোটি টাকার শিল্পে পরিণত হতে পারে। অন্যদিকে যদি মোট হাড়ের ২০ শতাংশ সংগঠিতভাবে সংগ্রহ করা যায়, তাহলে প্রায় ২ লাখ মেট্রিক টন হাড় প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। সেখান থেকে আনুমানিক ১৬,০০০ থেকে ২০,০০০ মেট্রিক টন কোলাজেন উৎপাদন হতে পারে। আন্তর্জাতিক বাজারদরে এর সম্ভাব্য রপ্তানি মূল্য দাঁড়াতে পারে ১৬০ মিলিয়ন থেকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত। অর্থাৎ শুধুমাত্র কোরবানির পশুর হাড় ব্যবহার করেই বাংলাদেশ কয়েক হাজার কোটি টাকার নতুন রপ্তানি শিল্প গড়ে তুলতে পারে। বিশেষ করে হালাল বোভাইন কোলাজেনের আন্তর্জাতিক বাজার অত্যন্ত সম্ভাবনাময়। বিশ্বের বহু কোলাজেন এখনো পোরসিন বা শূকরজাত উৎস থেকে তৈরি হয়, যা মুসলিম ভোক্তাদের জন্য গ্রহণযোগ্য নয়। ফলে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে হালাল কোলাজেনের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় এই বাজারে একটি বিশেষ অবস্থান তৈরি করতে পারে।

তবে কোলাজেন শিল্প গড়ে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাঁচামাল সংগ্রহ ও সংরক্ষণ। হাড় একটি জৈব উপাদান হওয়ায় এটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। কোরবানির পরপরই যদি হাড় সংগ্রহ না করা হয়, তাহলে ব্যাকটেরিয়া বৃদ্ধি, দুর্গন্ধ এবং পচন শুরু হবে। ফলে কোলাজেনের মান নষ্ট হয়ে যাবে। এজন্য আধুনিক কোল্ড চেইন সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্বের বড় কোলাজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত হাড় মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে সংরক্ষণ করে। সঠিকভাবে সংরক্ষণ করা হলে ৬ থেকে ১২ মাস পর্যন্ত এসব হাড় ব্যবহারযোগ্য থাকে। অর্থাৎ কোরবানির সময় সংগৃহীত হাড় সারা বছর ব্যবহার করে কোলাজেন উৎপাদন করা সম্ভব। এজন্য বাংলাদেশে বড় আকারের কোল্ড স্টোরেজ, ব্লাস্ট ফ্রিজার, রেফ্রিজারেটেড ট্রাক এবং ফ্রোজেন লজিস্টিক অবকাঠামো তৈরি করা অত্যন্ত জরুরি। আনুমানিক হিসাবে, বাংলাদেশে প্রতি টন হাড় কোল্ড স্টোরেজে সংরক্ষণের মাসিক খরচ ৩,০০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত হতে পারে। বিদ্যুৎ, স্টোরেজ প্রযুক্তি এবং অবকাঠামোর মানের ওপর এই খরচ নির্ভর করবে। যদি একটি প্রতিষ্ঠান কোরবানির পরে ৫,০০০ টন হাড় সংগ্রহ ও সংরক্ষণ করতে চায়, তাহলে শুধুমাত্র মাসিক কোল্ড স্টোরেজ ব্যয়ই দাঁড়াতে পারে ১.৫ থেকে ৩ কোটি টাকার মধ্যে। তবে আন্তর্জাতিক বাজারে কোলাজেনের উচ্চমূল্যের কারণে এই ব্যয় শিল্প পর্যায়ে লাভজনকভাবে পরিচালনা করা সম্ভব।

হাড় থেকে কোলাজেন উৎপাদনের শিল্পপ্রক্রিয়া অত্যন্ত প্রযুক্তিনির্ভর। প্রথম ধাপে হাড় সংগ্রহ ও বাছাই করা হয়। এরপর হাড় ধুয়ে রক্ত, চর্বি ও অন্যান্য অপ্রয়োজনীয় উপাদান অপসারণ করা হয়। তারপর শিল্পকারখানায় হাড় ছোট ছোট টুকরো করা হয়। এই ছোট টুকরোগুলো রাসায়নিক প্রক্রিয়ার জন্য উপযোগী করা হয়। পরবর্তী ধাপে হাড়ের খনিজ অংশ অপসারণ করা হয়, যাকে ডিমিনারালাইজেশন বলা হয়। সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে ক্যালসিয়াম ও খনিজ অপসারণ হয়ে কোলাজেন সমৃদ্ধ ওসেইন তৈরি হয়। এরপর বিভিন্ন এনজাইম, তাপমাত্রা এবং রাসায়নিক পদ্ধতির মাধ্যমে কোলাজেন এক্সট্রাকশন করা হয়। পরে ফিল্টারেশন, পিউরিফিকেশন, কনসেন্ট্রেশন এবং স্প্রে ড্রাইংয়ের মাধ্যমে কোলাজেন পাউডার তৈরি করা হয়।

বর্তমানে শিল্প পর্যায়ে ১ কেজি কোলাজেন উৎপাদনের জন্য আনুমানিক ৫ থেকে ১০ কেজি কোলাজেন সমৃদ্ধ উপাদান প্রয়োজন হতে পারে। এটি নির্ভর করে কাঁচামালের মান, প্রযুক্তি এবং উৎপাদন দক্ষতার ওপর। একটি মাঝারি আকারের কারখানা প্রতিদিন ৫০ টন গরুর হাড় প্রক্রিয়াজাত করলে দৈনিক ৪ থেকে ৫ টন কোলাজেন উৎপাদন সম্ভব হতে পারে। বাংলাদেশে শিল্প পর্যায়ে কোলাজেন উৎপাদনের আনুমানিক খরচ প্রতি কেজি ৫ থেকে ৮ মার্কিন ডলারের মধ্যে হতে পারে। এর মধ্যে থাকবে কাঁচামাল সংগ্রহ, কোল্ড স্টোরেজ, বিদ্যুৎ, স্টিম, রাসায়নিক, এনজাইম, ল্যাব টেস্ট, প্যাকেজিং, শ্রমিক, পানি পরিশোধন এবং পরিবহন ব্যয়। যদি উন্নতমানের ফার্মাসিউটিক্যাল বা নিউট্রাসিউটিক্যাল গ্রেড কোলাজেন উৎপাদন করা হয়, তাহলে খরচ আরও কিছুটা বাড়তে পারে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ফুড-গ্রেড বোভাইন কোলাজেন সাধারণত প্রতি কেজি ১০ থেকে ২০ মার্কিন ডলারে বিক্রি হয়। হালাল সার্টিফাইড এবং প্রিমিয়াম গ্রেড কোলাজেনের দাম ২০ থেকে ৩০ ডলার পর্যন্ত হতে পারে। ব্র্যান্ডেড রিটেইল কোলাজেন পণ্যগুলো আরও বেশি দামে বিক্রি হয়Ñ কখনো কখনো প্রতি কেজি ৫০ ডলারেরও বেশি। বিশ্বব্যাপী বর্তমানে জার্মানির GELITA, ফ্রান্সের Rousselot, বেলজিয়ামের PB Leiner এবং জাপানের Nitta Gelatin এর মতো প্রতিষ্ঠানগুলো কোলাজেন শিল্পে নেতৃত্ব দিচ্ছে। তারা খাদ্য, কসমেটিকস, নিউট্রিশন ও ফার্মাসিউটিক্যাল শিল্পে কোলাজেন সরবরাহ করছে। বাংলাদেশও চাইলে ধীরে ধীরে এই বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারে।

Salutivia-এর ইনোভেশন ম্যানেজার হিসেবে আমি প্রতিদিন বোভাইন কোলাজেন নিয়ে কাজ করি এবং বিশ্ববাজারে এর প্রযুক্তি, গুণগত মান, ব্যবসায়িক সম্ভাবনা ও চাহিদা খুব কাছ থেকে দেখার সুযোগ পাই। ব্যক্তিগতভাবে আমার একটি বড় স্বপ্ন হলো বাংলাদেশে একাধিক আধুনিক কোলাজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠুক, যারা আন্তর্জাতিক মানের হালাল বোভাইন কোলাজেন তৈরি করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা, প্রযুক্তি, বিনিয়োগ, কোল্ড চেইন অবকাঠামো এবং সরকারি সহায়তা থাকলে বাংলাদেশ আগামী এক দশকের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কোলাজেন উৎপাদনকারী দেশে পরিণত হতে পারে।

লেখক: খাদ্যবিজ্ঞানী, বার্মিংহাম, যুক্তরাজ্য।