ঠাকুরগাঁওয়ে নিজ সংসদীয় আসনের এক সভায় মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য তাঁর দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মিত্রদের সঙ্গে প্রতিপক্ষকেও চমকে দিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও, আমি আপনাদের কথা দিচ্ছি– সমস্ত মামলা তুলে নেওয়া হবে’ (সমকাল অনলাইন)।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য অপ্রত্যাশিত বটে। আওয়ামী লীগ ও বিএনপি কেবল রাজনৈতিক প্রতিপক্ষ নয়; গত ৫৪ বছরের সিংহভাগ পালাক্রমে দেশ শাসনকারী দল দুটো পরস্পরকে রীতিমতো শত্রুজ্ঞান করে। তদুপরি জুলাই গণঅভ্যুত্থানের পর এখন রাষ্ট্রের সকল শক্তি দিয়ে দলটির প্রত্যাবর্তন ঠেকানোর কাজ চলছে; এর প্রধান সুবিধাভোগী এখন অবধি বিএনপি। মির্জা ফখরুলের বক্তব্য সেই ধারায় বেমানান বটে। সম্ভবত সে কারণেই বিএনপি যথাসম্ভব দ্রুত মহাসচিবের বক্তব্যের একটা ব্যাখ্যা দেয়। সেখানে বলা হয়, সারাদেশ নয়, তিনি শুধু ওই ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীর উদ্দেশে বক্তব্যটি দিয়েছেন।

এই ব্যাখায় অবশ্য বক্তব্যের অর্থ তেমন পাল্টায় না। বরং প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগারদের বিরুদ্ধে ভুয়া মামলা তো শুধু ওই ইউনিয়নে হয়নি, সারাদেশেই হয়েছে। অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টাও বিভিন্ন সময়ে তা স্বীকার করেছেন। কিন্তু বিএনপি মহাসচিব কেন শুধু একটা ইউনিয়নের দায়িত্ব নিচ্ছেন? দল হিসেবে তিনি তো সারাদেশেরই মহাসচিব! বা এই প্রশ্নও উঠবে, এক ইউনিয়নের ভুয়া মামলা তুলে নেওয়া হলে দেশের বাকি ইউনিয়নগুলোর ‘অপরাধ’ কী?

অবশ্য দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি রাজনীতি দেখে বিরক্ত মানুষেরা এতে কিছুটা হলেও স্বস্তি খুঁজে পেতে পারেন। এটাকে ওই অপরাজনীতির অবসানের শুভসূচনা হিসেবেও দেখা যায়। মামলা বাণিজ্যের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অপকৌশল ইউনিয়ন পর্যায়ে বন্ধ হলে তার ঢেউ সেখানেই আটকে থাকবে না; জেলা ছাড়িয়ে সারাদেশেও তা ছড়িয়ে পড়তে পারে। এর সুফল নিশ্চয় একা আওয়ামী লীগ ভোগ করবে না। বিএনপি বরং একটু বেশিই পেতে পারে। অর্ধশতাব্দীর পচাগলা রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তনের সূচনাকারীরূপে গোটা জাতিই দলটিকে মনে রাখবে।

প্রশ্ন হলো, একই দিন দুপুরবেলায় আরেক সভায় আওয়ামী লীগের বিরুদ্ধে গত ১৬ বছর বিএনপির ওপর নানা নির্যাতন চালানোর অভিযোগ আনার পর বিকেলেই কেন মির্জা ফখরুল আওয়ামী লীগের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চাইলেন? সমকালের খবর অনুযায়ী, মঙ্গলবার দুপুরে মির্জা ফখরুল সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে বক্তব্য রাখেন; বিকেলে বক্তব্য দেন একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে। দুপুরের সভায় তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। … তাদেরকে আমরা আসতে দিতে পারি না। সাহস থাকলে আসো, জনগণের সামনে আসো। খালেদা জিয়া জেলে ছিল ছয় বছর। আপনি (শেখ হাসিনা) আসেন, জেলে থাকেন সাত-আট বছর।’

আসলে ভোট বড় বালাই। রংপুর বিভাগের বিশেষত ঠাকুরগাঁও-দিনাজপুরের সংসদীয় আসনগুলোতে আওয়ামী লীগ বরাবরই ভালো করে আসছে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতির কারণে ওই দুই জেলার কয়েকটি আসনে সেক্যুলার ভাবধারার অবস্থান দৃঢ়। অন্যদিকে দুই জেলার বেশ কিছু আসনে বিএনপি খুব শক্তিশালী হলেও এর ভোটারদের বড় অংশ প্রধানত মুসলিম লীগ ঘরানার বা ধর্মীয় রক্ষণশীল ধারাভুক্ত, যেখানে যুক্তিসংগত কারণে জামায়াতেরও ভোট মিশে আছে। মূলত নৌকা ঠেকানোর জন্য এ ভোটারদের একটা অংশ জামায়াত সমর্থক হয়েও এতদিন বিএনপিকে ভোট দিয়ে এসেছে। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা ঘরে ফিরে যেতে পারে। মোট কথা, জামাতের সঙ্গে সমঝোতা না হলে সারাদেশের মতো এখানেও জামায়াতের কারণে বিএনপির ভোটে টান পড়তে পারে।

তা ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর এসব এলাকায় জামায়াতে ইসলামী অন্য এলাকার মতোই ব্যাপকভাবে চষে বেড়িয়েছে। তখন বিএনপির মাঠ পর্যায়ের প্রভাবশালী অংশের নজর ছিল মূলত আওয়ামী লীগের মৌরসিপাট্টা দখলে। অভিযোগ আছে, এ সময়ে বিএনপির লোকেরা আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি সমর্থকদেরও বাড়িঘরে থাকতে দেয়নি; ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। একের পর এক গায়েবি মামলার পাশাপাশি চাঁদাবাজি করেছে বেশুমার। এর ফলে শুধু আওয়ামী লীগের ভোটার নয়, সাধারণ মানুষেরও ক্ষোভ জমেছে বিএনপির বিরুদ্ধে।

অন্যদিকে দেশের প্রায় সর্বত্র জামায়াত এ দাবিও করে বেড়াচ্ছে– আওয়ামী লীগারদের বিরুদ্ধে তারা কোথাও কোনো মামলা দেয়নি। তাই শেষোক্তরা তাদের হাতেই নিরাপদ। ঠাকুরগাঁও বা মির্জা ফখরুলের এলাকাও এ ক্ষেত্রে ব্যতিক্রম নয়। যে ১১ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নে মির্জা ফখরুল ওই বক্তব্য দিয়েছেন, সেখানে বিএনপির অবস্থান ভালো হলেও জামায়াত ভোটে ভাগ বসাচ্ছে। অর্থাৎ বিএনপি মহাসচিব খোদ নিজের এলাকাতেই এক প্রকার চ্যালেঞ্জে পড়েছেন, যা থেকে উত্তরণে আওয়ামী লীগের ভোট দরকার হয়ে পড়েছে। প্রসঙ্গত, শুধু মির্জা ফখরুল নন, বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাসও সম্প্রতি এক বক্তব্যে আশা প্রকাশ করেছেন, আওয়ামী লীগের ভোটাররা ‘দেশপ্রেমিক শক্তিকেই’ ভোট দেবেন। তাঁর কাছে দেশপ্রেমিক শক্তি যে বিএনপি, তা বলাই বাহুল্য। অন্যদিকে এমন খবরও আছে, জামায়াত নেতারা বিভিন্ন স্থানে শুধু আওয়ামী ভোটারদেরই দাঁড়িপাল্লায় ভোট দিতে উদ্বুদ্ধ করছেন না; কোথাও কোথাও মাঠের নেতাদেরও নানা প্রণোদনা দিয়ে তাদের পক্ষে কাজ করতে উৎসাহিত করছেন।

এভাবে কি প্রবল প্রতিপক্ষের ভোট টানা যায়? আওয়ামী লীগাররা যে ‘কাল্ট’ প্রবণতার– এটা বিএনপি-জামায়াতের লোকেরা প্রায়ই বলে থাকেন। কাল্ট ভাঙা কি সহজ কাজ? কস্মিনকালেও নয়। বেশি দূর যাওয়ার দরকার নেই; গত ১৫ বছরে আওয়ামী লীগ কি জামায়াত দূরের কথা, বিএনপিকেও ভাঙতে পেরেছে? পেরেছে কি দল দুটোর সমর্থকদের বিতর্কিত কোনো ভোটে দলে দলে হাজির করতে?

যতই বলা হোক– ‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব’; বাংলাদেশের ভোট আদৌ সে ধারায় চলে না। এখানে রাজনীতির মতো ভোটেও এক প্রকার হায়ারার্কি বা ঊর্ধ্বতন-অধস্তন সম্পর্ক কাজ করে। প্রতিটি দলেরই ভোটব্যাংক গড়ে ওঠার পেছনে যেমন দলগত বহুদিনের চর্চার ভূমিকা আছে, তেমনি তা গড়ে ওঠে স্তরে স্তরে সংশ্লিষ্ট দলের স্বীকৃত নেতৃত্ব ঘিরে। ফলে নৌকার ঘোর সমর্থকদের নিছক কিছু আশার বাণী শুনিয়ে টলানো যাবে বলে মনে হয় না।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আন্তর্জাতিক মহলের পাশাপাশি জাতীয় স্তরেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রসঙ্গ বেশি করে উঠছে। টকশোগুলোতেও ভোটে আওয়ামী লীগের অবস্থান নিয়ে প্রশ্ন ঘুরেফিরে উঠছেই। সরকার যুক্তি দিচ্ছে বটে- বিচার শেষ না হলে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেতে পারে না; কিন্তু ইতোমধ্যে সবাই তো আওয়ামী ভোটারদের কাছে পেতে চাইছে। এ চেষ্টা চলতে থাকলে ভোটারদের আসল মুরুব্বিরা কি বাইরে থাকবে? আর নৌকার সমর্থকদের টানতে না পারলে শুধু ক্ষমতাপ্রত্যাশী দলেরই স্বপ্নভঙ্গ হবে না; ইতিহাসের সবচেয়ে ‘সুন্দর’ নির্বাচন অনুষ্ঠানের স্বপ্নও ফিকে হতে পারে।

সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল