মিথ্যা মানুষের অন্তরকে ধীরে ধীরে অন্ধকারে ঢেকে ফেলে এবং সত্যের আলো থেকে দূরে সরিয়ে দেয়। বাহ্যিকভাবে মিথ্যা অনেক সময় তুচ্ছ মনে হলেও বাস্তবে তা মানুষের বিশ্বাসযোগ্যতা, আমল ও পরকালীন অবস্থাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেয়। তাই মিথ্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন হওয়া এবং সত্যের পথে অবিচল থাকা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত জরুরি। মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট অভ্যাসগুলোর একটি মিথ্যা। এটি মানুষের এমন এক চারিত্রিক ব্যাধি, যা সমাজের শান্তি ও মানুষের আস্থা বিনষ্ট করে দেয়। সত্যকে আড়াল করে মিথ্যা বলার প্রবণতা শুধু যে ব্যক্তিগত চরিত্র ধ্বংস করে তা নয়, বরং সামাজিক বন্ধনকে দুর্বল করে দেয় এবং পারস্পরিক সম্পর্ককে কলুষিত করে। দুনিয়ার যে কোনো সভ্য সমাজে মিথ্যা কখনো মর্যাদা পায়নি, বরং সব যুগে সব জাতি এটিকে ঘৃণার চোখেই দেখেছে। কারণ মিথ্যা হলো ক্যানসারের মতো, যা ধীরে ধীরে বিশ্বাসের ভিত্তি ভেঙে দেয় এবং মানুষকে ভেতরে ভেতরে পচিয়ে ফেলে। কোরআন-হাদিসের ভাষ্যমতে, মিথ্যাবাদীর পরিণতি অত্যন্ত ভয়াবহ।
বর্তমান সময়ে মিথ্যার ধরন ও পদ্ধতিতে এসেছে নানা পরিবর্তন। আগে মিথ্যা মুখে মুখে সীমাবদ্ধ থাকলেও এখন প্রযুক্তির অপব্যবহারের কারণে তা ছড়িয়ে পড়ছে নানা মাধ্যমে। যেমন সামাজিক যোগাযোগমাধ্যম, প্রচার-প্রসার, রাজনীতি ও ব্যবসায়। কিন্তু যেভাবেই মিথ্যা উপস্থাপিত হোক না কেন, এর অন্তিম পরিণতি সবসময় ধ্বংসাত্মক। মিথ্যা হয়তো অস্থায়ীভাবে কাউকে লাভবান করতে পারে, সাময়িক স্বস্তি এনে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। পবিত্র কোরআন ও হাদিসে মিথ্যার ভয়াবহতা সম্পর্কে অসংখ্য বাণী পাওয়া যায়। কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, মিথ্যাবাদীদের ওপর তার অভিসম্পাত রয়েছে। রাসুলুল্লাহ (সা.) স্পষ্টভাবে সতর্ক করেছেন যে, মিথ্যা হলো এমন একটি পথ, যা সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যায়। তিনি এটাও বলেছেন যে, সত্যবাদিতা জান্নাতের পথে এগিয়ে দেয়, আর মিথ্যা মানুষকে ধীরে ধীরে জাহান্নামের দিকে ঠেলে দেয়। এ কারণেই ইসলামে মিথ্যাকে শুধু নৈতিক দোষ বলা হয়নি, বরং তা এক কঠিন গুনাহ ও আখেরাতের শাস্তির কারণ হিসেবে বিবেচিত হয়েছে।
মানুষের মধ্যে মিথ্যার বিস্তার সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। একদিকে এটি পারিবারিক সম্পর্কে অবিশ্বাস সৃষ্টি করে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্যে প্রতারণা, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি ও জাতির ভেতরে বিভক্তি ডেকে আনে। এমনকি অনেক সময় কৌতুকের ছলে বা শিশুদের সঙ্গে খেলার সময়ও আমরা অনায়াসে মিথ্যা বলি। অথচ ইসলাম এসবকেও গুনাহ হিসেবে গণ্য করেছে। কারণ এতে করে ভবিষ্যৎ প্রজন্ম মিথ্যার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে এবং সত্যের প্রতি তাদের আগ্রহ কমে যায়। সাহাবি আবদুল্লাহ ইবনে আমির বলেন, একদিন রাসুলুল্লাহ (সা.) আমাদের বাড়িতে বসা ছিলেন, এমতাবস্থায় আমার মা আমাকে ডেকে বলেন, এসো তোমাকে একটি জিনিস দেব। রাসুলুল্লাহ (সা.) বলেন, তুমি তাকে কী দিতে চাও? তিনি বলেন, আমি তাকে একটি খেজুর দিতে চাই। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তুমি যদি তাকে কিছু না দিতে, তবে তোমার নামে একটি মিথ্যার গুনাহ লেখা হতো।’ (আবু দাউদ)
সবচেয়ে জঘন্যতম মিথ্যা হলো, আল্লাহ বা তার রাসুল (সা.)-এর নামে, হাদিসের নামে বা ধর্মের নামে মিথ্যা বলা। এরপর জঘন্যতম মিথ্যা হলো, মিথ্যার মাধ্যমে কোনো মানুষের অধিকার নষ্ট করা, সম্পদ দখল করা। মিথ্যা কথা বলে কিছু ক্রয়-বিক্রয় করা। বিভিন্ন হাদিসে এমন কাজের জন্য কঠিন অভিশাপ ও কঠিন শাস্তির কথা বলা হয়েছে। আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি মিথ্যা বর্জন করে, কৌতুক করতেও মিথ্যা বলে না, তার জন্য জান্নাতের মধ্যদেশে একটি বাড়ির জন্য আমি দায়িত্ব গ্রহণ করলাম।’ (আবু দাউদ) মিথ্যার কারণে অন্তরে কপটতা সৃষ্টি হয়। মহান আল্লাহ বলেন, ‘সুতরাং পরিণামে তিনি তাদের অন্তরে নেফাক (দ্বিমুখিতা) রেখে দিলেন সেদিন পর্যন্ত, যেদিন তারা তার সঙ্গে সাক্ষাৎ করবে, তারা আল্লাহকে যে ওয়াদা দিয়েছে তা ভঙ্গ করার কারণে এবং তারা যে মিথ্যা বলেছিল তার কারণে।’ (সুরা তওবা ৭৭)
মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘সত্যবাদিতা হচ্ছে শুভ কাজ। আর শুভ কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। আর বান্দা যখন সত্য বলতে থাকে, এক সময় আল্লাহর কাছে সে সত্যবাদী হিসেবে পরিগণিত হয়। আর মিথ্যা হচ্ছে পাপাচার, পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়, বান্দা যখন মিথ্যা বলতে থাকে, আল্লাহর কাছে এক সময় সে মিথ্যুক হিসেবে গণ্য হয়। (সহিহ বুখারি) প্রখ্যাত হাদিস বিশারদ শায়খ সানআনি বলেন, ‘হাদিসে এর প্রতি ইঙ্গিত রয়েছে যে, বান্দা সত্য বললে সত্যবাদিতা তার একটি আলামত হয়ে যায়। পক্ষান্তরে বান্দা মিথ্যা বললে মিথ্যা বলা তার অভ্যাস ও আলামতে পরিণত হয়। সত্যবাদিতা ব্যক্তিকে জান্নাতে নিয়ে যায় আর মিথ্যা ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যায়। অধিকন্তু সত্যবাদীর কথার প্রতি মানুষের আগ্রহ থাকে ও তা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। আর মিথ্যুকদের কথার প্রতি মানুষের আগ্রহ থাকে না এবং মানুষের কাছে তা গ্রহণযোগ্যতাও পায় না।’ (সুবুলুস সালাম ২/৬৮৭)
মিথ্যুকের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আল্লামা ইবনুল কাইয়িম (রহ.) বলেন, যেসব কারণে ফতোয়া, সাক্ষ্য ও বর্ণনা গ্রহণযোগ্যতা হারায়, তার মধ্যে মিথ্যা অন্যতম। মিথ্যা মানুষের মুখের কার্যকারিতাই নষ্ট করে দেয়। যেমনিভাবে অন্ধ ব্যক্তির চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণযোগ্য নয় এবং বধির ব্যক্তির শোনার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কারণ মুখ একটি অঙ্গের মতো, যখন তা মিথ্যা বলা আরম্ভ করবে তখন তার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। বরং মানুষের ক্ষতির মূল কারণই হচ্ছে মিথ্যা জবান। (আলামুল মুয়াক্কিঈন ১/৯৫) মিথ্যার কারণে চেহারা বিবর্ণ হয়ে যায়। দুনিয়া-আখেরাত উভয় জগতেই চেহারা বিবর্ণ ও মলিন হয়ে যায়। মহান আল্লাহ বলেন, ‘আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কেয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে।’ (সুরা জুমার, আয়াত ৬০)
লেখক : শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
muftimahbub503@gmail.com
