জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নিয়ে গত ২০ নভেম্বর সমকালে ‘নৈতিকতা নিজ ঘর থেকেই শুরু হোক’ শীর্ষক যে বিশ্লেষণধর্মী নিবন্ধটি প্রকাশিত হয়েছে, তা নিঃসন্দেহে গুরুত্বের দাবি রাখে। নিবন্ধকার এনসিপির নৈতিকতার মানদণ্ড এবং দলের ভেতরের কিছু বিচ্যুতি নিয়ে যে প্রশ্ন তুলেছেন, তা সচেতন নাগরিক হিসেবে আমাদেরও ভাবায়। তবে মুদ্রার উল্টো পিঠও দেখা জরুরি। নিবন্ধে এনসিপির কিছু বিচ্ছিন্ন ঘটনাকে যেভাবে জেনারালাইজ করে পুরো দলের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে, সেখানে কিছু যৌক্তিক দ্বিমত ও ভিন্ন প্রেক্ষাপট তুলে ধরা প্রয়োজন।

শুদ্ধি অভিযানই ‘নতুন রাজনীতি’ নিবন্ধকার নিজেই উল্লেখ করেছেন, এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা অনৈতিকতার অভিযোগ ওঠার পর তাদের বহিষ্কার করা হয়েছে এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এখানেই প্রচলিত ‘পুরোনো রাজনীতি’ আর এনসিপির ‘নতুন রাজনীতি’ মূল পার্থক্য তৈরি করে। বিগত ৫৪ বছরে আমরা দেখেছি বড় রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের অপরাধ ধামাচাপা দিতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করত। অপরাধীদের মনে করত ‘দলের সম্পদ’। কিন্তু এনসিপি সেই পথে হাঁটেনি। তারা নিজ দলের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রমাণ করেছে– অপরাধী যে-ই হোক; দলের ভেতরে তার ঠাঁই নেই। এটি কি নৈতিক স্খলন, নাকি নৈতিকতা প্রতিষ্ঠার কঠোর প্রচেষ্টা? দলে আগাছা জন্মাবেই। কিন্তু মালী তা উপড়ে ফেলছে কিনা– সেটাই আসল বিচার্য। এনসিপি সেই আগাছা উপড়ে ফেলার সাহস দেখাচ্ছে।

গণঅভ্যুত্থান-পরবর্তী ‘সুবিধাবাদী স্রোত’ জুলাই অভ্যুত্থানের পর গঠিত যে কোনো রাজনৈতিক শক্তিতেই সুবিধাবাদীদের অনুপ্রবেশ ঘটা খুব স্বাভাবিক ও ঐতিহাসিক প্রক্রিয়া। ফরাসি বিপ্লব থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলন, সবখানেই বিজয়ী শক্তির সঙ্গে মিশে যেতে চাওয়া স্বার্থান্বেষী মহল ছিল। নাহিদ ইসলাম বা এনসিপি আকাশ থেকে নামা কোনো অতিমানব দিয়ে দল সাজাতে পারবে না। এই সমাজের মানুষদের নিয়েই তাদের চলতে হবে।

প্রশ্ন হলো, নেতৃত্ব এই সুবিধাবাদীদের প্রশ্রয় দিচ্ছে কিনা? ১০ বছরের মধ্যে দল গোছানোর যে কথা নাহিদ বলেছেন, তা এই ফিল্টারিং প্রসেসেরই ইঙ্গিত। মাত্র কয়েক মাসে একটি নতুন দলের তৃণমূল পর্যায়ে শতভাগ ফেরেশতা খুঁজে বের করা অসম্ভব। কিন্তু ৩০০ আসনে ‘সৎ ও যোগ্য’ প্রার্থী খোঁজার যে চ্যালেঞ্জ তারা নিয়েছে, তা যদি ১০ শতাংশও সফল হয়, সেটা হবে বর্তমানের ‘গডফাদার-লুটেরা’তন্ত্রের গালে বড় চপেটাঘাত।

ম্যান্ডেলা বা আপের সঙ্গে তুলনা নিবন্ধে নেলসন ম্যান্ডেলা ও ভারতের আম আদমি পার্টির উদাহরণ টানা হয়েছে। মনে রাখা জরুরি, ম্যান্ডেলার এএনসিতেও চরম অভ্যন্তরীণ সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্ব ছিল। আর কেজরিওয়ালের দলের কিছু নেতা দুর্নীতিতে জড়ালেও দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য খাতে তারা যে যুগান্তকারী পরিবর্তন এনেছে, তা অস্বীকার করার উপায় নেই।

এনসিপি যদি বাংলাদেশের রাজনীতিতে নিদেনপক্ষে ‘জনগণের সেবক’ হওয়ার ডিসকোর্স ফিরিয়ে আনতে পারে, সেটাই হবে বড় জয়। তারা যদি পুরোপুরি ব্যর্থও হয়, তবুও তারা দেখিয়ে দিয়েছে– টাকার বস্তা আর পেশিশক্তি ছাড়াও রাজনীতির মাঠে নামা যায়। শাপলা কলি প্রতীক নিয়ে তারা যে ‘নাগরিক অধিকার’-এর কথা বলছে, তা রাজনীতিবিমুখ তরুণদের আবার ভোটকেন্দ্রমুখী করছে। এটা কি কম অর্জন?

আচরণ বনাম প্রচার নিবন্ধকার শেষ করেছেন ‘জনগণ কথার চেয়ে আচরণের দিকে বেশি নজর রাখে’ কথাটি বলে। একদম সঠিক। জনগণ দেখছে, নাহিদ ইসলাম বা তাঁর সহযোদ্ধারা মন্ত্রিত্ব বা উপদেষ্টা পদের মোহ ত্যাগ করে রাজপথে সংগঠন গোছাতে নেমেছেন। তারা দেখছে, পুরোনো দলের মতো তারা সহিংসতার রাজনীতি করছে না। তাদের আচরণে এখনও সেই ঔদ্ধত্য আসেনি, যা আমরা বিগত দশকে দেখেছি। এটি স্বীকার্য– ভুলত্রুটি হচ্ছে। কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার মানসিকতাও আছে। এনসিপিকে এখনই ‘ব্যর্থ’ বা ‘পুরোনোদের মতো’ বলে রায় দেওয়াটা বড্ড তাড়াহুড়ো হয়ে যায়। একটি চারাগাছ বা অফুটন্ত ফুল তথা ‘শাপলা কলি’ মাত্র মাথা তুলছে। তাকে মহিরুহের সঙ্গে তুলনা করে এখনই বিচার করা অনুচিত।

শেষ কথা রাজনীতিতে নৈতিকতা কোনো গন্তব্য নয়; নিরন্তর চর্চা মাত্র। এনসিপির ভেতরে সমস্যা আছে– অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেই সমস্যা মোকাবিলায় তাদের যে ‘জিরো টলারেন্স’ নীতি, তা আশা-জাগানিয়া। আমরা অবশ্যই সমালোচনা করব। কিন্তু তা যেন অঙ্কুরেই একটি সম্ভাবনাময় প্রচেষ্টাকে দমিয়ে না দেয়। মনে রাখতে হবে, দেশের রাজনৈতিক আকাশে এনসিপি একটি নতুন পরীক্ষার নাম। তাদের কেবল সন্দেহের চোখে না দেখে, তাদের সংশোধিত হওয়া ও কাজ করার সুযোগটুকু দিতে হবে। দিন শেষে জবাবদিহিমূলক রাজনৈতিক দল বাংলাদেশেরই বিজয়।

মুহাম্মদ শামীমুজ্জামান: প্রযুক্তিবিদ ও বিজ্ঞানবিষয়ক লেখক shamim@bebangladesh.com