সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারে ত্রুটিজনিত কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড বেড়েছে অস্বাভাবিকভাবে। ফলে বাড়ছে মৃত্যু, দগ্ধ এবং ক্ষতির পরিমাণও। এছাড়া পাইপলাইনে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস লিকেজ থেকেও বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটছে। সম্প্রতি চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে মৃত্যু হয়েছে পাঁচজনের। এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই কুমিল্লার দাউদকান্দি উপজেলার এক বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে সারাদেশে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে ১ হাজার ২০৭টি।

পরবর্তীতে ২০২৫ সালে সারা দেশে সিলিন্ডার ও এর সঙ্গে যুক্ত উপকরণের লিকেজ থেকে ১ হাজার ৪১টি দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ, মাসে গড়ে দুর্ঘটনা ঘটেছে ৮৬টি। এছাড়া পাইপলাইনে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস লিকেজ থেকে ২০২৫ সালে ৫৬২টি দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে শহর ছাড়িয়ে মফস্বলেও বেড়েছে গ্যাস সিলিণ্ডার দুর্ঘটনা।\r\nএলপিজি সিলিন্ডার বিক্রির জন্য বস্ফোরক লাইসেন্স আবশ্যক। কিন্তু অধিকাংশ বিক্রেতার কোনো লাইসেন্স পাওয়া যায় না। বিস্ফোরক পরিদপ্তরেরও এই বিষয়ে তেমন কোনো ভ্রƒক্ষেপ নেই। কোনো দুর্ঘটনা ঘটার পর প্রশাসনের লোকজন পরিদর্শন করেই যেন দায় সারেন। দুর্ঘটনায় প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি বাড়লেও সিলিন্ডার আমদানি, বাজারজাত ও নিরাপত্তা-মান পরীক্ষার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট তদারক সংস্থাগুলো নির্বিকার।

গ্রাহকদের সচেতনতার ঘাটতির পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর নির্বিকার ভূমিকার কারণে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অধিকাংশ দুর্ঘটনা হয় সিলিন্ডার লিকেজ থেকে। নিম্নমানের হোসপাইপ, রেগুলেটর, নজল, ভাল্বের কারণে হয় লিকেজ। এছাড়াও নানা কারণে ঘরে জমে থাকা গ্যাসের গন্ধ এখন তেমন টের পাওয়া যায় না। ফলে আগুন জ্বালানো মাত্র বিপদে পড়ছেন বাসিন্দারা। সঠিক নিয়মে সিলিন্ডারে গ্যাস রিফিল না করা, মানহীন সুরক্ষা যন্ত্রাংশ ব্যবহার, সঠিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ বোতল, চুলার পাশে সিলিন্ডার রাখা দুর্ঘটনার বড় কারণ। দুর্ঘটনা কমিয়ে আনতে হলে এর জন্য দায়ী সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনাও প্রয়োজন।\r\nএলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হ্রাস করতে মেয়াদোত্তীর্ণ ও নষ্ট সিলিন্ডার ব্যবহারের প্রবণতা বন্ধ করা জরুরি। অনেকে কম দামে পুরানো সিলিন্ডার কেনেন, যা জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়। সিলিন্ডার কেনার সময় অবশ্যই সরকারি অনুমোদিত ব্র্যান্ড ও নিরাপদ সরবরাহকারী থেকে সংগ্রহ করা উচিত। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নিয়মিত গ্যাস সিলিণ্ডারের মান যাচাই করা, অবৈধ রিফিলিং বন্ধ করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালানো জরুরি। মুহূর্তের অসচেতনতা অনেকের জীবন ধ্বংস করে দিতে পারে। তাই সিলিণ্ডার ব্যবহারে নিজে সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি।