ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুটান সফর আকারে বিশাল অসামঞ্জস্য ও আঞ্চলিক পরিবেশের উল্লেখযোগ্য পরিবর্তন সত্ত্বেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দিল্লির আঞ্চলিক কূটনীতির ব্যাপারে চিরকালীন হতাশার মধ্যে ভারত-ভুটানের গল্পটি স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে– প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাশীল ও উৎপাদনমুখী সম্পর্ক সম্ভব। এটি ভারতীয় কূটনীতির ক্ষেত্রে আশাবাদের মুহূর্ত।

এই সফরের লক্ষ্য ছিল হিমালয়কোলের রাজ্যটির অর্থনৈতিক বৈচিত্র্য ও আন্তর্জাতিক সম্পর্ক পরিচিতি দৃঢ় করা। এর মধ্য দিয়ে ভুটানের নিরাপত্তা ও উন্নয়নের প্রতি প্রধান অংশীদার ভারতের প্রতিশ্রুতি ও আস্থাকে পুনঃনিশ্চিত করার চেষ্টা ছিল।

আনুষ্ঠানিক উষ্ণতা ও নতুন প্রকল্প উদ্বোধনের বাইরে মোদির দুই দিনের এই সফর ভারতের অন্যান্য প্রতিবেশীর জন্যও কূটনৈতিক বার্তা দিয়েছে। আধুনিক ভারত-ভুটান সম্পর্কের কাঠামো ১৯৪৯ সালের বন্ধুত্ব চুক্তিতে গড়ে উঠেছিল, যা তৎকালীন ভূ-রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে। স্বাধীন ভারত ব্রিটিশ ঔপনিবেশিক কাঠামোর উত্তরাধিকারসূত্রে ব্রিটিশ সরকারের সঙ্গে যুক্ত থেকে সুরক্ষিত অঞ্চল ও বাফার রাজ্যগুলোর এখতিয়ার পেয়েছিল। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ১৯৪৯-৫০ সালে ভুটান, নেপাল, সিকিম– তিনটি হিমালয় রাজ্যের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরকালে মূলত সেই পদ্ধতিই আমলে নিয়েছিলেন।

১৯৪৯ সালের চুক্তির অধীনে ভুটান পররাষ্ট্রনীতির বিষয়ে ‘ভারতের পরামর্শ’ মানতে সম্মত হয়েছিল। অন্যদিকে ভারত ভুটানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল। পরে হিমালয় রাজ্যগুলোয় জাতীয়তাবাদের উত্থান, ভারতের প্রভাব তুলনামূলক দুর্বল হয়ে পড়া এবং যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের মতো বিশ্বশক্তির অনিবার্য অনুপ্রবেশের ফলে ওই কাঠামো ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়েছিল।

শেষ পর্যন্ত ভারতের সঙ্গে হিমালয়কোলের রাজ্যগুলোর ‘প্রোটেকটোরেট মডেল’ ভেঙে পড়েছিল। যেমন নেপাল এখন দ্বিপক্ষীয় চুক্তির অনেক বিধান উপেক্ষা করে; আবার দিল্লিও অভ্যন্তরীণ হস্তক্ষেপের প্রতিশ্রুতি ভুলে গিয়ে সিকিমকে ভারতীয় ইউনিয়নভুক্ত করেছিল। তবে ভুটান অসাধারণ নমনীয়তার সঙ্গে পরিবর্তিত পরিস্থিতি সামাল দিয়ে এসেছে। কাঠমান্ডুর মতো দিল্লির সঙ্গে ক্রমাগত সংঘর্ষে জড়িয়ে পড়েনি; আবার সিকিমের মতো ভারতের অন্তর্ভুক্তও হয়নি। বরং থিম্পু ধীরে ধীরে নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসনই শক্তিশালী ও সম্প্রসারণ করেছে।

এবারের সফরকালে নরেন্দ্র মোদি ভুটানের চতুর্থ রাজা চতুর্থ ড্রুক গ্যালপো, বা কে৪- জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি ১৯৭২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দীর্ঘ রাজত্বকালে গভীর আঞ্চলিক পরিবর্তনের মধ্যেও কূটনৈতিক সম্পর্ক স্থিতিশীল রাখার কৃতিত্বের দাবিদার। ২০০৬ সালে তাঁর পদত্যাগ এবং বংশগত রাজতন্ত্রকে সাংবিধানিক রাজতন্ত্রে রূপান্তর ভুটানে গণতান্ত্রিক উত্তরণের সূচনা করে। তাঁর পুত্র রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এখন ভুটানের গণতান্ত্রিক ব্যবস্থার আনুষ্ঠানিক নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে ভারতও অভ্যন্তরীণ ও আঞ্চলিক বিবর্তন এবং পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভুটানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রয়োজনীয়তা স্বীকার করেছে। স্নায়ুযুদ্ধের সমাপ্তি, ভুটানের গণতান্ত্রিক রূপান্তর এবং এর ক্রমবর্ধমান আন্তর্জাতিক সম্পৃক্ততার মধ্যেই সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার দাবিটি ভারত মেনে নিয়েছে।

এর ভিত্তি রচিত হয়েছিল ২০০৭ সালে; ১৯৪৯ সালের চুক্তির যুগান্তকারী সংশোধনের মধ্য দিয়ে। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল– ভুটান আর পররাষ্ট্র বিষয়ে ভারতের ‘পরামর্শ’ মানতে বাধ্য থাকবে না। এর পরিবর্তে ‘পরস্পরের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্বাধীনতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা’ নিশ্চিত করবে। দেশ দুটি নিজেদের ভূখণ্ড অন্যের বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়ার বিষয়েও সম্মত হয়।

এই পরিবর্তন ভুটানের স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা ও উন্নয়নমূলক সহযোগিতা বজায় রেখেছে। এটি ছিল দিল্লির কৌশলগত আস্থা এবং থিম্পুর রাজনৈতিক প্রজ্ঞার নিদর্শন। পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতি ও বৈশ্বিক গতিশীলতার মধ্যে এ ধরনের অংশীদারিত্ব আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে; বিশেষত ভুটানের অপর বৃহৎ প্রতিবেশী চীনের বৈশ্বিক শক্তি হিসেবে উত্থানের ফলে।

অনাস্থা ও ভারসাম্যহীনতার মধ্যেও এ অঞ্চলে ভুটানের সঙ্গে ভারতের সম্পর্কের দক্ষিণ এশীয় তাৎপর্য হচ্ছে, অসামঞ্জস্যের কারণে শত্রুতা তৈরির দরকার নেই। এর প্রথম শিক্ষা হলো, স্বচ্ছতা ও অভ্যন্তরীণ অগ্রাধিকারের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক টেকসই হয়। দ্বিতীয়ত, নিরাপত্তা সহযোগিতা তখনই সবচেয়ে ভালো কাজ করে, যখন তা চাপিয়ে দেওয়ার পরিবর্তে পারস্পরিকভাবে কল্যাণমূলক হয়। তৃতীয়ত, দ্বিপক্ষীয় সম্পর্কের বিষাক্ত বিষয়গুলো এড়াতে দরকার সম্ভাব্য সব ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তি এবং যখন অসম্ভব হয়ে পড়ে, তখন সংবেদনশীল আচরণ করা।

সি. রাজা মোহন: সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়ান স্টাডিজ ইনস্টিটিউটের ভিজিটিং রিসার্চ অধ্যাপক; দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম