পৃথিবীর সব দেশকে পেছনে ফেলে বাংলাদেশের খেলাপি ঋণের হার দ্রুতগতিতে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গেলেও সে কলঙ্কজনক অবস্থান থেকে নেমে আসার পথটা বন্ধুর ও দুর্গম। সে পথকে সুগম করতে দরকার হবে সদিচ্ছা ও আইনের সংস্কার ও কঠোর প্রয়োগ। খেলাপি ঋণ কমানোর জন্য করণীয় বিষয়গুলো নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়, এ অবস্থা থেকে উত্তরণের পথ নিয়ে বহু নসিহত শুনতে হয় ব্যাংকারদের। এসব নসিহতের সারমর্ম হলো: ব্যাংকগুলোর মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করা, ঋণখেলাপিকে রাজনৈতিক সুরক্ষা দেয়া বন্ধ করা, অর্থ ঋণ আদালত আইনকে আরো কঠোর করা এবং প্রয়োজনীয় সংস্কার করা। পরামর্শগুলো যথার্থ হলেও মূলত তাত্ত্বিক। তবে ব্যাংকের মাঠ পর্যায়ের অভিজ্ঞতায় দেখা যায়, আরো কিছু সমস্যার সুরাহা না করলে কেবল তাত্ত্বিক সমাধান থেকে ফলোদয় হবে না।

এ সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে ঋণের বিপরীতে বন্ধক রাখা জমি বিক্রি করা। এ লেখকের দীর্ঘ চার দশকের অভিজ্ঞতায় খেলাপি ঋণ আদায়ের জন্য বন্ধকি সম্পত্তি বিক্রির সফলতা ১ শতাংশেরও কম। চারদলীয় জোট ও বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে খেলাপি ঋণের লাগাম টেনে ধরার জন্য প্রবর্তন করা হয়েছিল অর্থ ঋণ আদালত আইন-২০০৩। তখনকার সরকারের সদিচ্ছায় একটা নতুন আইন হয়েছিল, অথচ আইনটি বহাল থাকা অবস্থায়ও বিগত বছরগুলোতে দেশের ব্যাংক খাতের অনেক বড় সর্বনাশ ঘটে গেছে। অবশ্য এখানে অর্থ ঋণ আদালত আইনের কোনো ভূমিকা ছিল না। তবে আইন প্রণয়নের দুই দশক পেরিয়ে যাওয়ার পর আইনটিকে পর্যালোচনা করে খাতসংশ্লিষ্টদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় সংশোধনী ও সংযোজনী আনা প্রয়োজন জরুরি হয়ে পড়েছে।

এ আইনের ১২(৩) ধারা ব্যাংকারদের জন্য হতে পারত অত্যন্ত কার্যকর একটি হাতিয়ার। এ ধারায় খেলাপি ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি বিক্রি করা কিংবা বিক্রির চেষ্টা ব্যর্থ হওয়ার আগে অর্থ ঋণ আদালতে কোনো মামলা দায়ের করতে হয় না। অথচ ঋণখেলাপি হলে জমি বিক্রি করে দেয়ার জন্য বন্ধকদাতার দেয়া অপ্রত্যাহারযোগ্য আম মোক্তারনামা থাকলেও ব্যাংক খুব কম ক্ষেত্রেই এ ধারার সুফল পায়। কারণ একাধিক। কখনো স্থানীয়ভাবে প্রভাবশালী এমন মানুষের সম্পত্তি বন্ধক রাখা হয়, যা কেনার মতো সাহসী ক্রেতা পাওয়া যায় না। আবার কিছু সম্পত্তির আয়তন এত বড় যে এলাকাভেদে সেই বিশাল সম্পত্তি স্থানীয় কোনো শিল্প-কারখানা বা বাণিজ্যিক ব্যবহারে আসে না, তাই কোনো ক্রেতা আগ্রহী হয় না। বেশির ভাগ ক্ষেত্রে সম্পত্তির অতিমূল্যায়ন করে যে ঋণ দেয়া হয়েছে, নিলামে সে সম্পত্তির ক্রেতা পাওয়া গেলেও বকেয়া ঋণের তুলনায় নিলাম মূল্য নগণ্য প্রতীয়মান হয় বলে ব্যাংকের কাছে সেই মূল্য গ্রহণযোগ্য হয় না। আবার এমন পরিস্থিতিও আছে, যখন সম্পত্তির মালিকানা ও বিক্রি নিরঙ্কুশ, ঋণ পরিশোধের মতো পর্যাপ্ত নিলাম মূল্যও পাওয়া গেছে, কিন্তু ব্যাংক সিদ্ধান্ত নিতে ভয় পেয়ে নিলাম দর গ্রহণ করে না। কারণ ঋণগ্রহীতা বা বন্ধকি জমির মালিক অভিযোগ করতে পারে যে ব্যাংকার ও নিলাম ক্রেতা পরস্পর যোগসাজশে বাজারমূল্যের চেয়ে অনেক কম মূল্যে এ বন্ধকি সম্পত্তি বিক্রয় করে দিচ্ছে। এক্ষেত্রে ব্যাংকের কর্মকর্তারা বিপদে পড়ে যেতে পারেন।

অর্থ ঋণ আদালত আইনের ৩৩(৭) ধারায় একটা বিধান রয়েছে যে জারি মামলার মাধ্যমে বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রয় করা সম্ভব না হলে ব্যাংক সেই সম্পত্তি নিজের নামে অধিগ্রহণ করে নিতে পারে। আদালতের মাধ্যমে ব্যাংক যখন নিজের পক্ষে নামজারি করতে যায়, তখন খেলাপি গ্রাহক এ কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে রিট পিটিশন দাখিল করে ব্যাংককে দীর্ঘ সময় আটকে রাখতে পারেন।

আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকের নামে নামজারি করাতে গিয়ে দেখা যায়, কয়েক দফা মালিকানা পরিবর্তনের পর বর্তমান বন্ধকদাতার মালিকানায় সম্পত্তির নামজারি হয়েছিল, সরকারি ভূমি অফিসের বালাম বই, খাজনার রসিদ সবই ঠিক ছিল বলে ব্যাংক জমি বন্ধক গ্রহণ করেছিল। কিন্তু ব্যাংক যখন সেই সম্পত্তি নিজের পক্ষে নামজারি করতে যায়, তখন মালিকানা স্বত্বের ত্রুটির অজুহাতে ব্যাংকের পক্ষে নামজারি আটকে দেয়া হয়। এতে করে ঋণ আদায় প্রক্রিয়ার শেষ ধাপে এসে ব্যাংক আটকে যায়।

কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, ব্যাংকের কাছে সম্পত্তি বন্ধক রাখার পর গ্রাহক বা জমির মালিক ভুয়া দলির তৈরি করে গোপনে সেই সম্পত্তি অন্যের কাছে বিক্রি করে দেয়। আবার অনেক সময় নতুন কেনা সম্পত্তি বন্ধক গ্রহণ করেও ব্যাংক ঋণ দিয়ে থাকে। সাধারণত নতুন কেনা সম্পত্তির মূল দলিল তৈরি হতে অবস্থানভেদে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত লেগে যায়। এ রকম অবস্থায় ব্যাংক মূল দলিলের বদলে সম্পাদিত বিক্রয় দলিলের টোকেন বা রশিদের বিপরীতে বন্ধক গ্রহণ করে। কিন্তু পরে কোনো একসময় দেখা যায়, বন্ধকদাতা টোকেন হারিয়ে গেছে মর্মে থানায় দাখিল করা জিডি কপি দেখিয়ে মূল দলিল সাবরেজিস্ট্রার অফিস থেকে তুলে নিয়ে যায়। তারপর সে সম্পত্তি অন্যজনের কাছে বিক্রি করে দিয়ে বিদেশে পালিয়ে যায়।

জমিটি যথানিয়মে নতুন মালিকের নামে নামজারিও হয়ে যায়। এক্ষেত্রে ব্যাংক আগে বন্ধক গ্রহণ করেছিল বলে আইনি সুরক্ষা পায় বটে, তবে সেটা মামলা দায়ের করার দীর্ঘকাল পরে। বিদেশে না পালিয়ে যারা দেশে থেকে যায়, তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় মামলা করে বন্ধকদাতাকে শাস্তির আওতায় আনা ব্যাংকের জন্য আরেকটি দুরূহ কাজ হয়ে দাঁড়ায়। ফলে যিনি সে সম্পত্তি কিনেছেন তিনিও ক্ষতিগ্রস্ত হন। ভূমি ব্যবস্থাপনায় এ বড় ত্রুটিগুলোর কারণে ব্যাংক বিশাল ঝুঁকির মধ্যে থাকে। ব্যাংকগুলোর বর্তমান খেলাপি ঋণের একটা বড় অংশের কারণ ভূমি ব্যবস্থাপনার এসব অসংগতি। অথচ প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে এ ত্রুটিগুলো দূর করা সম্ভব।

ভূমি প্রশাসনের এসব দুর্বলতার সঙ্গে যুক্ত হয় অর্থ ঋণ আদালত ও বিচারকের অপর্যাপ্ততা এবং দীর্ঘসূত্রতা। দেশে বর্তমানে মোট ১৪টি অর্থ ঋণ আদালত রয়েছে, ঢাকায় সাতটি, চট্টগ্রামে তিনটি, পাবনা, খুলনায় ও জামালপুরে একটি করে। এ পাঁচ জেলার বাইরে কোনো অর্থ ঋণ আদালত নেই বলে এসব জেলায় যুগ্ম জেলা জজ পদমর্যাদার বিচারক অর্থ ঋণ আইনে মামলা গ্রহণ ও বিচারের দায়িত্ব পালন করে থাকেন। এটি তার অতিরিক্ত দায়িত্ব বলে ব্যাংকের মামলা অগ্রাধিকার পায় না। এখানে দ্রষ্টব্য, পাবনা কিংবা জামালপুরের মতো ব্যবসাবিরল শহরে অর্থ ঋণ আদালত দিয়ে রাখা হয়েছে, অথচ ব্যবসাঘন অন্যান্য গুরুত্বপূর্ণ জেলায় কেনো আদালত নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের বিভিন্ন অর্থ ঋণ আদালতে মোট প্রায় সোয়া দুই লাখ মামলায় প্রায় ৪ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ আটকে ছিল। জানা গেছে, প্রতিটি বিচারককে গড়ে এক হাজারেরও বেশি মামলা সামলাতে হচ্ছে, আর ঢাকার বিচারকদের ওপর মামলার চাপ প্রায় ১০ গুণ বেশি। বছরে মামলার নিষ্পত্তির হার ১০ শতাংশেরও কম হওয়ায় মামলাজট বেড়েই চলেছে।

খেলাপিদের ইচ্ছাকৃত অসহযোগিতা এবং ঋণ পুনরুদ্ধার ব্যবস্থার পদ্ধতিগত সংকটের মাত্রা বোঝাতে একটিমাত্র উদাহরণই যথেষ্ট। অর্থ ঋণ আদালত প্রতিষ্ঠার পর জনতা ব্যাংকের পক্ষ থেকে ১৮ কোটি টাকা আদায়ের জন্য প্রথম মামলাটি করা হয়েছিল ২০০৪ সালের প্রথম দিকে। বিস্ময়কর হলেও সত্য, দীর্ঘ ২২ বছরে মোট ১০৪টি শুনানির পরও মামলাটি এখনো ঝুলে আছে।

বর্তমান সরকারের অধীনে অর্থ ঋণ আদালত আইনের সংশোধনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ কাজে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের আইন বিভাগের কর্মকর্তাদের সম্পৃক্ত করলে সংশোধিত আইনটি আরো নিশ্ছিদ্র ও কার্যকর হবে। ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করার প্রক্রিয়া চলমান আছে, কিন্তু সেটি কেমন হবে এখনই বলা যাচ্ছে না। আপাতত বন্ধকি সম্পত্তি নিয়ে বাস্তব সমস্যাগুলোর আলোকে কিছু সুপারিশ করা যায়।

এক. নতুন কবলা, বন্ধকি, আমমোক্তারনামা, বিক্রয়, হেবা ইত্যাদি দলিল সরকারি বালামে লিপিবদ্ধ হতে তিন থেকে পাঁচ বছর লেগে যায়। এ পরিস্থিতির বিকল্প হিসেবে রিয়েল টাইম রেকর্ড রাখার ব্যবস্থা করতে হবে। বিক্রয়, হস্তান্তর, বন্ধক—এসবের রেকর্ড রাখার ডিজিটাল ডেটাবেজ তৈরি করতে হবে। তাহলে বন্ধকি গ্রহণের আগে ব্যাংকের পক্ষে সিআইবি থেকে পাওয়া তথ্যের মতো সম্পত্তি বিক্রয়, হস্তান্তর, নাম পরিবর্তন—সব ধরনের রেকর্ড পরীক্ষা করা সম্ভব হবে। কোনো বন্ধকদাতার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা যেন ব্যাংকের অজান্তে নিজেদের নামে নামজারি করাতে না পারেন, তার জন্য এসিল্যান্ড অফিস ব্যাংকের কাছ থেকে অনাপত্তিপত্র চাওয়ার বিধান রাখতে হবে।

দুই. রিটের মাধ্যমে অর্থ ঋণ আদালতের মামলা সর্বোচ্চ বড়জোর ছয় মাসের জন্য স্থগিত করা এবং একবারের বেশি রিট না করার বিধান করতে হবে। নাগরিক হিসেবে রিট করার অধিকার যেহেতু সবারই আছে, তাই আদালতকে নিশ্চিত করতে হবে, কোনো ঋণখেলাপি যেন শুধু ঋণ পরিশোধ এড়াতে বা মামলা দীর্ঘায়িত করতে রিট আবেদন না করেন। নিলাম স্থগিত করতে রিট আবেদন জানালে আদালত যাতে মামলার দাবীকৃত অংকের ৫০ শতাংশ জমা দেয়ার পর নিলাম কার্যক্রম স্থগিতের জন্য সর্বোচ্চ ছয় মাসের স্থগিতাদেশ দেন, এ সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধের ব্যর্থতায় স্বয়ংক্রিয়ভাবে রিট খারিজ বলে বিবেচিত হবে এবং পরবর্তী নিলামে বাধা হবে না।

তিন. ৩৩(৭) ধারায় ব্যাংকের অনুকূলে নামজারি করার সময় বন্ধক গ্রহণের আগের কোনো বিবাদ ছাড়া সাম্প্রতিক সময়ে সম্পত্তির চেইন দলিলে পাওয়া কোনো ভুলের কারণে ব্যাংকের নামে নামজারি বাধাগ্রস্ত করা যাবে না। এখানে চেইন দলিলের ভুলের কারণে ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে নামজারি খতিয়ান ইস্যুকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অধিকার পাবে।

চার. ব্যাংকের কাছে বন্ধক দেয়ার পর সম্পত্তি অন্য কারো নামে হস্তান্তর/বিক্রয় করলে বন্ধকদাতার বিরুদ্ধে ফৌজদারি মামলা অর্থ ঋণ আদালতের এখতিয়ারে আনতে হবে, যাতে একই আদালত সংশ্লিষ্ট সম্পত্তির বিষয়ে সব সিদ্ধান্ত দিতে পারেন। বন্ধকদাতা জামিন চাইলেও ব্যাংক ঋণের অর্ধেক অর্থ পরিশোধ করে একই আদালতেই জামিন আবেদন করতে পারবে।

পাঁচ. আইনের সংশোধন করে অনূর্ধ্ব ২০ লাখ টাকা দাবিসংবলিত মামলাগুলো সিভিল অথবা সিনিয়র সিভিল জজ আদালতের এখতিয়ারে দিলে অর্থ ঋণ আদালতে মামলার বোঝা হালকা হবে। রায়ের প্রথম ধাপে টাকা আদায় সম্ভব না হলে বন্ধকি সম্পত্তি নিলামের পর্যায়ে গেলে মামলাটি সিভিল জজ আদালত থেকে অর্থ ঋণ আদালতে স্থানান্তর করা যাবে।

ছয়. হাইকোর্ট ডিভিশনে অর্থ ঋণ আদালতসংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি করার জন্য স্বতন্ত্র বেঞ্চ স্থাপন করতে হবে, যাতে মামলা জট কমানো যায়।

সাত. অর্থ ঋণ আদালতের বিচারকদের ব্যাংকিং আইন ও রীতি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞানসমৃদ্ধ করার জন্য অভিজ্ঞ ব্যাংকারদের নিয়ে প্রশিক্ষণ কিংবা কর্মশালার আয়োজন করলে বিচারকদের দক্ষতা বৃদ্ধি এবং মামলার নিষ্পত্তি দ্রুততর করা সম্ভব।

আট. ব্যাংকের অনেক অনাদায়ী ঋণ যুগের পর যুগ পড়ে থাকে, যেগুলো আদায়ের কোনো সম্ভাবনা নেই বলে ব্যাংক বহু আগেই অবলোপন করেছে। ততদিনে হয়তো ঋণগ্রহীতা মৃত্যুবরণ করেছেন, অথচ দেশে খেলাপি গ্রহীতার কোনো সহায় সম্বল বা ওয়ারিশও নেই। তবুও এসব মামলা চালাতে গিয়ে ব্যাংকগুলোকে অনেক শ্রমঘণ্টা ও অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে ঋণ আদায় হয় না, অথচ ব্যাংকের মামলার খরচ বাড়তে থাকে। যদি ব্যাংকের কাছে প্রতীয়মান হয় যে এ ধরনের মামলা চালু রাখা নিষ্ফল, সেক্ষেত্রে আইনের সংশোধনী এনে এমন ব্যবস্থাও রাখা যেতে পারে যে ব্যাংক উপযুক্ত প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারলে আদালত অবলোপনকৃত সেই ঋণের সব কার্যক্রম শেষ হয়েছে মর্মে নথি বন্ধ করার রায় প্রদান করতে পারেন। এতে অনিষ্পন্ন মামলার সংখ্যা কমার পাশাপাশি ব্যাংকের ব্যয়ও সাশ্রয় হবে।

ব্যাংক খাতের সংকট নিরসনে এবং খেলাপি ঋণ আদায়ের স্বার্থে যেকোনো আইনি সংস্কারের আগে মাঠ পর্যায়ের এ সুপারিশগুলো বাংলাদেশ ব্যাংক, আইন ও ভূমি মন্ত্রণালয় বিবেচনা করে দেখতে পারে।

ফারুক মঈনউদ্দীন : ব্যাংকার ও লেখক