বাংলাদেশের স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ দীর্ঘদিন ধরেই অপ্রতুল, পাশাপাশি এই বরাদ্দের কার্যকর বাস্তবায়ন ব্যবস্থাও দুর্বল। এর সরাসরি প্রভাব পড়ছে নাগরিকদের ওপর–চিকিৎসা ব্যয় ক্রমাগত বাড়ছে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কোটি মানুষের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস (১৯৯৭-২০২০) অনুযায়ী, দেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৬৯ শতাংশই আসে ব্যক্তির সরাসরি পকেট থেকে, দক্ষিণ এশিয়ায় যা শীর্ষস্থানীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এ ব্যয় ৩০-৩৫ শতাংশের বেশি হলে তা জনগণের জন্য ভয়াবহ আর্থিক ঝুঁকি সৃষ্টি করে; বাংলাদেশে এই হার তার দ্বিগুণেরও বেশি।

জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দীর্ঘদিন ধরেই বাজেটের প্রায় ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। জিডিপির অংশ হিসেবে এই বরাদ্দ আরও কম– মাত্র ০.৭৪ শতাংশ, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ কমপক্ষে ৫ শতাংশ। সরকারি ও বেসরকারি মিলিয়ে বাংলাদেশের মোট স্বাস্থ্য ব্যয় জিডিপির মাত্র ২.৩৪ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার গড়ের তুলনায় অনেক কম। বরাদ্দ কম হওয়ার পাশাপাশি বাস্তবায়ন দক্ষতাও অত্যন্ত দুর্বল। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অদক্ষতা, দুর্বল পরিকল্পনা এবং বরাদ্দের একটি বড় অংশ অব্যয়িত থাকার প্রবণতাও আছে। অদক্ষ ব্যবস্থাপনা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট, নিম্নমানের যন্ত্রপাতির সঙ্গে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় সরকারি হাসপাতালগুলো কাঙ্ক্ষিত মানের সেবা দিতে ব্যর্থ হয়। মানুষ বাধ্য হয়ে ব্যয়বহুল বেসরকারি চিকিৎসার দিকে ঝুঁকে পড়ে।

দেশের স্বাস্থ্য খাতকে বর্তমান অচলাবস্থা থেকে বের করতে হলে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় কাঠামোগত রূপান্তর জরুরি। তবে প্রথমে তিনটি মৌলিক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে: (১) জনগণ কি সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণে ক্ষমতায়িত? (২) সরকারি সেবা প্রদানকারীরা কি সেবা দিতে যথেষ্ট উৎসাহিত ও প্রণোদিত? (৩) স্বাস্থ্য খাতে বিনিয়োগের প্রতি রাজনৈতিক সদিচ্ছা ও আকর্ষণ আছে কি? দুর্ভাগ্যজনকভাবে, বর্তমান বাস্তবতায় এই তিনটি প্রশ্নের কোনোটির উত্তরই সন্তোষজনক নয়। ফলে এমন একটি নীতি কাঠামোর প্রয়োজন দেখা দিয়েছে, যা এই তিন ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে পারে।

ব্যক্তিগত জীবন ও পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্যকে যথাযথ প্রাধান্য না দেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসচেতনতা ও প্রায়োগিক স্বাস্থ্যশিক্ষার অভাব এবং দেশে আইনের শাসন কার্যকরভাবে প্রতিষ্ঠিত না থাকায় জনগণ স্বাস্থ্যসেবা গ্রহণে পর্যাপ্তভাবে ক্ষমতায়িত নয়। অনেক মানুষই জানে না–কখন, কোথায় এবং কী ধরনের স্বাস্থ্যসেবা নিতে হবে, অথবা স্বাস্থ্যব্যবস্থার ভোক্তা হিসেবে তাদের অধিকার কী? স্বাস্থ্যসম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণেও দেখা যায় আত্মবিশ্বাসের ঘাটতি।

স্বাস্থ্যসেবা পাওয়ার প্রাপ্যতা নিশ্চিত করতে জনগণের হাতে এমন একটি অধিকারভিত্তিক ব্যবস্থা থাকা প্রয়োজন, যা জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে কার্যকরভাবে ক্ষমতায়িত করবে। স্বাস্থ্য কার্ড প্রবর্তনের মাধ্যমে একটি অধিকারভিত্তিক ব্যবস্থা কার্যকর করা সম্ভব। এ কর্মসূচির অধীনে প্রতিটি পরিবারকে বার্ষিক স্বাস্থ্যসেবা ব্যবহারের একটি নির্দিষ্ট সীমা বা সিলিংভিত্তিক পারিবারিক স্বাস্থ্য কার্ড দেওয়া যেতে পারে, যেখানে উল্লেখ থাকবে, পরিবারটি বছরে কত টাকার স্বাস্থ্যসেবা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পাবে। এ ব্যবস্থা জনসাধারণকে সরকারি হাসপাতালে ফিরে আসতে উৎসাহিত করবে এবং তাদের মধ্যে একটি সুস্পষ্ট উপলব্ধি তৈরি করবে যে তারা কী ধরনের সেবা পাওয়ার অধিকারী। সরকারি প্রতিষ্ঠানে কোনো নির্দিষ্ট সেবার ঘাটতি থাকলে কৌশলগত-ক্রয় চুক্তির মাধ্যমে নির্বাচিত বেসরকারি প্রতিষ্ঠান থেকে সেই সেবা দেওয়া যেতে পারে। এর সমান্তরালে সার্বিকভাবে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ইকো-সিস্টেমকে সেবাদানে আরও সক্ষম ও প্রস্তুত করতে হবে। একই সঙ্গে সেবা প্রদানকারীদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিতের পাশাপাশি পারফরম্যান্সভিত্তিক প্রণোদনা চালু করতে হবে। পদোন্নতি, বদলি ও পোস্টিংসংক্রান্ত জটিলতাও কমাতে হবে, যাতে তারা জনস্বার্থে সেবা দিতে যথেষ্ট প্রেরণা অনুভব করেন।

এ ক্ষেত্রে তুরস্কের উদাহরণ অনুসরণযোগ্য। স্বাস্থ্য রূপান্তর কর্মসূচির অধীনে সরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য তুরস্ক কর্মক্ষমতা-ভিত্তিক পারিশ্রমিক ব্যবস্থা চালু করে, কর্মীদের কর্মক্ষমতা বোনাস দেওয়া হয়। এ ছাড়া কম আর্থসামাজিক উন্নয়নের অঞ্চলে কর্মরত কর্মীদের জন্য তাদের বেতনের ৪০% পর্যন্ত অতিরিক্ত অবস্থান প্রণোদনা দেওয়া হয়। এই সমন্বিত প্রণোদনা প্যাকেজ স্বাস্থ্যসেবার মান উন্নত করার সঙ্গে কর্মীদের উৎসাহিত করতে এবং বিশেষত প্রত্যন্ত অঞ্চলে কর্মী ধরে রাখতে সাহায্য করেছে।

এখন প্রশ্ন হলো, স্বাস্থ্য খাতে বিনিয়োগের প্রতি রাজনৈতিক আগ্রহ কীভাবে তৈরি করা যায়। স্বাস্থ্য খাতে বিনিয়োগের প্রতি রাজনৈতিক আকর্ষণ তৈরির জন্য প্রতিটি সেবার মূল্য বা ভ্যালু নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য ডায়াগনস্টিক গ্রুপ অনুযায়ী প্রতিটি স্বাস্থ্যসেবার ভ্যালু ইম্পুট করতে হবে। এতে তিনটি সুবিধা হবে: রোগী জানতে পারবে সে কোন সেবার বিনিময়ে কত মূল্যের সুবিধা পাচ্ছে, ফলে সরকারি হাসপাতালের সেবাদানকারীদের প্রতি তার আস্থা, শ্রদ্ধা ও ভক্তি বাড়বে; সেবা প্রদানকারী ও হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারবে তারা কত মূল্যের সেবা দিচ্ছে, যার মাধ্যমে নিজেদের সক্ষমতা ও দুর্বলতা শনাক্ত করে উন্নয়ন পরিকল্পনা নিতে পারবে এবং হাসপাতালের মধ্যে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হবে, যা মানোন্নয়নকে ত্বরান্বিত করবে। এই পুরো রূপান্তরের মূল চাবিকাঠি হচ্ছে সিলিং-ভিত্তিক পারিবারিক স্বাস্থ্য কার্ড। এই কার্ড ব্যবহার করে সেবা নিলে সরকারের কাছে স্পষ্টভাবে ধরা পড়বে–রোগীর জন্য কত মূল্যের সেবা তৈরি হলো। যদি দেখা যায় সরকারের ব্যয়ের তুলনায় সৃষ্ট সেবার মূল্য ৩-১০ গুণ, তাহলে স্বাস্থ্য খাতে বিনিয়োগের রাজনৈতিক গুরুত্ব আরও স্পষ্ট হবে।

স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে আমাদের প্রয়োজন মূলত তিনটি বিষয়ের সমন্বয়–ক্ষমতায়িত জনগণ, উৎসাহিত সেবা প্রদানকারী এবং রাজনৈতিকভাবে মূল্যায়িত বিনিয়োগ। এই তিনটি শর্ত পূরণ করা গেলে সরকারি স্বাস্থ্যব্যবস্থা শুধু পুনরুজ্জীবিতই হবে না, বরং বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথেও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবে।

ড. সৈয়দ আব্দুল হামিদ: অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়