প্রায় ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনকালে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে শাসকগোষ্ঠী। রক্ষককে ভক্ষক বানিয়েছে তারা। ছয় হাজার মানুষকে গুম করে কায়েম রেখেছিল স্বৈরশাসন। হাজারো মা-বোনকে করেছে বিধবা, সন্তানকে করেছে চির ইয়াতিম, মাকে করেছে সন্তানহারা। কলিজা ছেড়া ধন সন্তানের কবর কোথায় বাবা-মা তা জানে না! কবর কি আদৌ দেওয়া হয়েছে, নাকি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে সন্তানের মরদেহ, কোনো নিশ্চয়তা নেই। এমন কঠিন বাস্তবতায় চব্বিশে জুলাই-আগস্টের গণবিপ্লবোত্তর নতুন বাংলাদেশে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে গুম কমিশন অন্যতম। এ কমিশনের উদ্দেশ্য ছিল, গুমের অন্ধকার অধ্যায় থেকে রাষ্ট্র সংস্কারের অনিবার্যতা তুলে ধরা।
\r\nগুম কমিশনের বিজ্ঞ সদস্যরা তাদের চূড়ান্ত প্রতিবেদনে বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ ও বেদনাদায়ক সত্যকে প্রাতিষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন। আমরা তাদের স্বাগত জানাই। শেখ হসিনার শাসনামলে বলপূর্বক গুম বিচ্ছিন্ন কোনো মামুলি ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রসমর্থিত হত্যাকাণ্ড। কমিশন কর্তৃক প্রকাশিত প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে এমন বাস্তবতাই সুস্পষ্ট হয়। বরগুনা জেলার বলেশ্বর নদ, পাথরঘাটা কিংবা সড়কের পাশে পড়ে থাকা বেওয়ারিশ লাশে দগদগে ক্ষত আজ কেবল স্বজন হারানোর ঘটনা নয়; বরং রাষ্ট্রীয় নিষ্ঠুরতার নীরব সাক্ষী। কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে, হাজারের বেশি অভিযোগের মধ্যে শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছে।
আর যারা গুম হয়েছেন তাদের লাশ উদ্ধার হয়েছে হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ অবস্থায়। এ চিত্র মানবাধিকারের চরম লঙ্ঘন তো বটেই, একই সঙ্গে এটি সংবিধান, আইন ও রাষ্ট্রীয় নৈতিকতার বিপর্যয় প্রকাশ করে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রতিটি গুমকাণ্ডে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল। \r\nপ্রতিবেদনের আলোকে বলা যায়, এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো অসদাচরণ নয়; বরং রাষ্ট্রীয় বাহিনীগুলোর নাগরিকদের ওপর সমন্বিত আক্রমণ। গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে কমিশনের পর্যবেক্ষণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের নাক গলানো, ব্যাংক ও মিডিয়া হাউস দখলে সহায়তা করা গোয়েন্দা সংস্থার কর্মসীমা বহির্ভূত। সামরিক গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার সংস্কার ও পুনর্গঠন প্রয়োজন। আমরা বিশ্বাস করি, কঠোর বেসামরিক নজরদারি ছাড়া রাষ্ট্রের ভেতরে আরেকটি অদৃশ্য রাষ্ট্র গড়ে ওঠার ঝুঁকি থেকেই যাবে। কোনো বাহিনী বিলুপ্ত করে সংশোধন হয় না। যেহেতু র্যাবের কতিপয় সদস্য ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পৃষ্ঠপোষকতায় নাগরিকদের গুম ও হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাই বাহিনীর নামের পরিবর্তন ঘটানো যেতে পারে। সংস্কার কেবল কাঠামোগত হলে চলবে না। ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। আয়নাঘর কে জাদুঘরে রূপান্তরের সুপারিশ এ অর্থেই গুরুত্বপূর্ণ যে, এটি স্মৃতিকে সংরক্ষণ করবে। যাতে রাষ্ট্র ভবিষ্যতে নিজের অন্ধকার অতীত ভুলে গিয়ে নাগরিকদের ওপর হামলে না পড়ে।
