ভোজ্যতেল সিন্ডিকেটের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ খাতের ব্যবসায়ীরা সরকারকে যেন গুরুত্বই দিচ্ছে না। জনকণ্ঠের প্রতিবেদন অনুযায়ী ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সরকারের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক হলেও এর তোয়াক্কা করছেন না মিলমালিকরা। বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কয়েক মাস ধরে নিম্নমুখী হলেও অনেকটা গায়ের জোরে দেশের বাজারে দাম বাড়িয়ে চলেছেন বিপণনকারীরা। সিন্ডিকেটের স্বেচ্ছাচারিতা এমন পর্যায়ে পৌঁছেছে, একই তেল বাজারে বিক্রি করছেন সরকারকে সরবরাহ করা দামের চেয়ে ২০ টাকা বাড়িয়ে।

বাড়তি দামে তেল কিনতে গিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলেও এক্ষেত্রে সরকারের তৎপরতা সীমাবদ্ধ রয়েছে কেবলই বাগাড়ম্বরে।\r\nআমাদের প্রতিনিধি রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখতে পেয়েছেন, কোম্পানিগুলো রূপচাঁদা, তীর, পুষ্টি, ফ্রেশসহ প্রায় সব ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছে। নতুন করে বাজারে আসা পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়। এক লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৮ টাকা। গত সপ্তাহে এ দাম ছিল লিটারপ্রতি ৯ টাকা কম। ৫ লিটারের পূর্বদর ছিল ৯২২ টাকা। নতুন করে এ দর বাড়িয়ে করা হয়েছে ৯৬৫ টাকা। দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও কোম্পানিগুলো তা করেনি। বিশ্ববাজারে তেলের দাম যখন সর্বনিম্ন তখন দেশের বাজারে তারা দাম বাড়িয়েই চলেছেন।

এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। এর আগে গত অক্টোবরেও একইভাবে সরকারের অনুমতি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো। এ অবস্থা চলতে পারে না। সরকারকে অবশ্যই কঠোর হতে হবে এবং ক্রেতাসাধারণের স্বার্থে, যতো শক্তিশালীই হোক, সিন্ডিকেট ভেঙে দিতে হবে।\r\nআইন অমান্য করে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানোর মতো অপরাধকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে শেখ বশিরউদ্দীন বলেন, নিশ্চয়ই নেব। কেন নেব না? আইনগতভাবে যে ব্যবস্থাগুলো আছে সবগুলোই নেব। আমরা পদক্ষেপগুলো নেব, আলোচনায় বসেছি। এটা তো মার্কেটে গিয়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করার জিনিস না। বাণিজ্য উপদেষ্টার ওপর আমরা আস্থা রাখতে চাই। কিন্তু তাঁর কঠোর হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।\r\nসয়াবিন তেলের দাম নিয়ে মিল মালিকদের কারসাজি দীর্ঘদিনের। অতীতে দেখা গেছে তাদের এই কারসাজি ধরতে অতীতে কয়েকবার রিফাইনারি কারখানার প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। এই অভিযান থেকে ভোজ্যতেল উৎপাদনকারী সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও টিকে গ্রুপও বাদ যায়নি। এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত মনিটরিং টিম মেঘনা ও সিটি গ্রুপের মিলও পরিদর্শন করেছে।\r\nকঠোর হুঁশিয়ারি সত্ত্বেও বাজারে ভোজ্যতেলের নৈরাজ্য চলছে, যা ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করছে এবং বাজার নিয়ন্ত্রণে অনিশ্চয়তা তৈরি করেছে। সরকারের দুর্বল নজরদারি ও ব্যবসায়ীদের লাগামহীন মনোভাব পরিস্থিতিকে জটিল করছে। দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজন।