অর্থনৈতিকভাবে যে দেশ যত উন্নত, সে দেশ শান্তি ও শৃঙ্খলায় তত স্থিতিশীল। যেকোনো দেশে অর্থই সুখের অন্যতম উৎস। মানুষের নিশ্চিন্ত জীবনযাপন নিশ্চিত করে অর্থনৈতিক স্বচ্ছলতা। এর ব্যত্যয় ঘটলে, মানুষ অভাব-অনটনে পড়লে, পরিবার সমাজ ও দেশ অস্থিতিশীল হয়ে ওঠে। মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যায়। সরকারের ওপর ক্ষোভ বাড়ে। সরকারের ব্যর্থতা হিসেবে পরিগণিত হয়। বিরোধীদলগুলোর সরকারবিরোধী আন্দোলন বেগবান হয়। সেই আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বাড়ে এবং অনেক সময় সরকারের পতন ঘটে। আমরা যদি স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট বিবেচনা করি, তাহলে দেখব, এর অন্যতম কারণ ছিল, তৎকালীণ পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যমূলক আচরণ। রাজনৈতিক কারণের চেয়েও মানুষ সে সময় এই বৈষম্যকে বড় করে দেখে।

তারা অর্থনৈতিক বৈষম্য মুক্তির জন্য আন্দোলন করে এবং এ আন্দোলন স্বাধীনতাযুদ্ধে রূপ লাভ করে। ’২৪-এর গণঅভ্যুত্থানের শুরুটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, ছিল বৈষম্যবিরোধী আন্দোলন এবং এই বৈষম্যের মূলে ছিল মানুষের অর্থনৈতিক সংকট। ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দেড় দশকের শাসনামলে দুর্নীতি, লুটপাট, অর্থপাচার করে দেশকে তার বাবা শেখ মুজিবের শাসনামলের মতো তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। সে সময় এবং হাসিনার শাসনামলে মানুষের অভাব-অনটন ও দুঃখ-কষ্টের কোনো সীমা ছিল না। ফলে মানুষ বৈষম্যবিরোধী একটি সামাজিক আন্দোলনকে গণঅভ্যুত্থানে পরিণত করে হাসিনার পতন ঘটায়। হাসিনার শাসনামলে যদি শক্তিশালী অর্থনীতি, সুশাসন এবং ন্যায্যতা থাকত, তাহলে বৈষম্যবিরোধী আন্দোলনও হতো না এবং গণঅভ্যুত্থানও হতো না। সাম্প্রতিক সময়ে নেপাল ও শ্রীলঙ্কায় গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটার পেছনেও এই অর্থনৈতিক সংকট মূল কারণ হিসেবে রয়েছে। দেখা যাচ্ছে, সরকার যদি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনযাপন সহজ রাখতে না পারে, তাহলে জনগণ তাকে ছুঁড়ে ফেলে দেয়। অর্থনৈতিক সংকটই রাজনৈতিক সংকটে পরিণত হয়।

দুই. হাসিনার পতনের পর অন্তর্বতী সরকার একটি ভগ্ন ও রুগ্ন অর্থনৈতিক কাঠামোর উপর দাঁড়িয়ে দায়িত্ব গ্রহণ করেছিল। হাসিনার শাসনামলে কী পরিমান অর্থ লুটপাট হয়েছে, তা শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। এই কমিটি তার প্রতিবেদনে উল্লেখ করে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫-১৬ বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার করে প্রায় ২৩০ বিলিয়ন ডলার বা ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। গত ১ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত অর্থপাচারের যে তথ্য দিয়েছেন তা হচ্ছে, ২৩৪ বিলিয়ন ডলার। আমরা যদি জাতীয় বাজেটের কথা বিবেচনা করি, তাহলে এই পরিমান অর্থ প্রায় পাঁচটি বাজেটের সমান। এই হিসাব থেকে বুঝতে অসুবিধা হয় না, হাসিনা সরকার দেশকে কীভাবে দেউলিয়া করে গেছে।

দেশের মানুষ আশা করেছিল, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে কোমর বেঁধে নামবে। দেখা গেল, সে তার দেড় বছরের দায়িত্বকালে তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া দেশের তলা লাগাতে তো পারেইনি, উল্টো আরও ফাঁকা করে গেছে। কোনো কোনো উপদেষ্টার এন্তার দুর্নীতির খবর এখন নানা মাধ্যমে আলোচিত হচ্ছে। এমনকি তাদের কেউ কেউ শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেও কথা উঠেছে। অর্থাৎ তারাও হাসিনার ক্ষতবিক্ষত করে যাওয়া অর্থনীতিতে আরও ক্ষত সৃষ্টি করে গেছে। অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার সিন্ডিকেট পাঁচ-দশ বছর কিংবা দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার ছক কঁষেছিল বলে শোনা যায়। তবে অর্থনৈতিক খারাপ পরিস্থিতিতে দেশ চালাতে না পারার কারণে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে বাধ্য হয়।

আবার এ কথাও শোনা গেছে, অন্তর্বর্তী সরকারের মধ্যে এ মনোভাব কাজ করেছে, যেহেতু ক্ষমতাকে প্রলম্বিত করতে পারব না, তাই আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে (বিএনপি আসবে, এটা তারা জানত), সে যাতে কঠিন অর্থনৈতিক সংকটে পড়ে দিশাহারা হয়ে পড়ে, এমন পরিস্থিতি রেখে যাব। তাদের এই আশা পূর্ণ হয়েছে। বিএনপি নির্বাচিত হয়ে উত্তরাধিকারসূত্রে হাসিনা ও অন্তর্বর্তী সরকারের ফোকলা অর্থনীতি পেয়েছে। ক্ষমতায় বসতে না বসতে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে ইরানযুদ্ধ। জ্বালানি তেল সংকটে পড়ে দেশ একেবারে জেরবার হয়ে পড়েছে। হু হু করে বাড়ছে নিত্যপণ্যের মূল্য। অর্থাৎ উত্তরাধিকারসূত্রে পাওয়া প্রায় শূন্য অর্থনীতি এবং বৈশ্বিক সংকটÑএই দুইয়ে মিলে সরকার যে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে রয়েছে, তা বুঝতে অসুবিধা হয় না।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিস্থিতি সামাল দিতে দিনরাত পরিশ্রম করছেন। তবে মন্ত্রী-এমপিদের কোনো নড়াচড়া দেখা যাচ্ছে না। তাদের নড়তেচড়তে দেখা যাচ্ছে, ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন জায়গায় স্ত্রী ও সন্তানদের বসানো নিয়ে। দেশ যে ভয়াবহ অর্থনৈতিক সংকটের ঝড়ে ল-ভ- অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সেদিকে খুব একটা খেয়াল আছে বলে মনে হয় না। দেশের মানুষ শত কষ্টের মধ্যেও নতুন সরকারের প্রতি সহনশীলতার পরিচয় দিচ্ছে। তবে পরিস্থিতি উত্তরণে যদি সরকার বেশি দেরি করে ফেলে, তবে এই সহনশীলতা তারা খুব বেশিদিন প্রদর্শন করবে বলে মনে হয় না। ইতোমধ্যে আগুন লাগা ঘরে আলু পোড়া দিতে বিভিন্ন কর্ণারের সুশীলদের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে, যাদের কেউ কেউ এক-এগারোর কুশীলব হিসেবে পরিচিত। তাদের কণ্ঠে ঝাঁঝালো বক্তব্য ঝরে পড়ছে। তারা সংস্কার ইস্যুকে সামনে রেখে হাসিনার শাসনমালের সাথে বিএনপিকে তুলনা করে বলছে, হাসিনার মতো কঠিন সরকারকে যেহেতু ফেলে দেয়া গেছে, এই সরকারকে ফেলে দেয়াও খুব কঠিন হবে না। তাদের এই কথার মধ্যে পর্যবেক্ষকরা ওয়ান-ইলেভেনের পরিস্থিতি আঁচ করছেন। অবশ্য নির্বাচনের আগে থেকেই এই বয়ান ছড়িয়ে দেয়া হয়, বিএনপি ক্ষমতায় এলেও ছয় মাসের বেশি টিকতে পারবে না। এর মূল কারণ হচ্ছে, অন্তর্বর্তী সরকার এমন একটি ভঙ্গুর অর্থনীতি রেখে যাবে, যাতে বিএনপি দেশ চালাতে ব্যর্থ হয়। অর্থনৈতিক শোচনীয়তা সামাল দিতে না পেরে তার পতন হয়।

তিন. ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ায় বৈশ্বিক সংকট যে সহসা কাটছে না, তা নিশ্চিত। এমতাবস্থায়, আমাদের মতো দেশগুলো কঠিন পরিস্থিতিতে পড়বে। আমদানি-রফতানি, উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়াসহ মানুষের অর্থনৈতিক সংকট প্রকট আকার ধারণ করবে। সরকার সংকট মোকাবেলায় আপ্রাণ চেষ্টা করছে। ইতোমধ্যে জ্বালানি সংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে, এর নেতিবাচক প্রভাব সবখাতে পড়েছে। উৎপাদন খরচ ও পণ্যপরিবহন খরচ বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। শাক-সবজি, ফলমূল, চাল-ডাল, মাছ-গোশত থেকে শুরু করে নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মানুষ অভাব-অনটনের মধ্যে জীবনযাপন করছে। তবে এই টানাপোড়নের মধ্যে আশার আলোও দেখা যাচ্ছে।

দেশে তরিতরকারি, ফলফলাদি, আলু-পেঁয়াজ, ধানসহ অন্যান্য কৃষিপণ্যের ব্যাপক উৎপাদন হয়েছে। এটা যেমন আশার কথা, তেমনি এসব পণ্যের বাজারজাত ও কৃষকের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে সংকট রয়েছে। ইতোমধ্যে পত্রপত্রিকার খবরে আমরা দেখেছি, তরমুজের ব্যাপক উৎপাদন হওয়া সত্ত্বেও কৃষকরা তাদের ফলনের খরচ পাচ্ছে না। এতে ক্ষেতেই তরমুজ পচে যাচ্ছে। আলুর ক্ষেত্রেও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা পুরনো আলুর দাম পাচ্ছে না, নতুন আলুরও উৎপাদন খরচ পাচ্ছে না। সংরক্ষণের অভাবে সেগুলো পচে যাচ্ছে। পাহাড়ে আনারসের ব্যাপক উৎপাদন হলেও সরবরাহ ব্যবস্থা অপ্রতুল হওয়ায় সেগুলো পচে যায়। আমাদের দেশের কৃষকদের দুর্ভাগ্য, তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করলেও লাভ দূরে থাক, উৎপাদন খরচও পায় না।

অনেক সময় তারা উৎপাদিত ফসল সড়কে ফেলে প্রতিবাদ জানায়। অন্যদিকে, পণ্যসংকটে শহরাঞ্চলে তার দাম আকাশছোঁয়া হয়ে থাকে। অর্থনৈতিক গভীর সংকটে মানুষকে স্বস্তিতে রাখার জন্য সরকারের অন্যতম হাতিয়ার হতে পারে কৃষিখাত। কারণ এই খাত দেশের অর্থনৈতিক মেরুদ-কে সোজা রাখতে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিসংখ্যান অনুযায়ী, জিডিপির শতকরা ১১ থেকে ১৩ ভাগ এ খাত যোগান দেয়। ৪০ থেকে ৬০ ভাগ শ্রমশক্তির কর্মসংস্থান এ খাতে নিয়োজিত। গ্রামীণ অর্থনীতি, শিল্প ও কৃষির কাঁচামাল সরবরাহ, দারিদ্র্য হ্রাস, রপ্তানি আয় এবং বিশাল জনসংখ্যার খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে কৃষিখাত সরাসরি ভূমিকা রাখে। এ খাতটিকে সরকারকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। খাতটিকে আগলে রেখে অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে হবে। এ খাত যাতে সংকটে না পড়ে সেদিকে নজর দিতে হবে। যথাসময়ে কৃষককে সার, জ্বালানি তেল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মসৃণ রাখতে হবে। কৃষক যাতে উৎপাদিত ফসলের সঠিক মূল্য পায়, তা নিশ্চিত করতে হবে।

চার. সরকারকে মনে রাখতে হবে, ক্ষমতায় বসেই তাকে সূক্ষ্ম সূতার উপর দিয়ে হাঁটতে হচ্ছে। তাকে ফেলে দেয়ার জন্য ইতোমধ্যে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা আরেকটি গণঅভ্যুত্থানের কথা বলা শুরু করেছে। বিশেষ করে বিরোধীদলে যারা আছে, তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে বিভিন্ন হুমকি দিচ্ছে। এর সাথে তথাকথিত সুশীল, যারা সবসময় অগণতান্ত্রিক সরকারকে স্বাগত জানায়, আওয়াজ তুলছে। তারা বিএনপি সরকারকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে তুলনা করা শুরু করে পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা করছে। দেশের অর্থনৈতিক সংকট কীভাবে মোকাবেলা করা যায়, তা নিয়ে কোনো কথা বলছে না। দিকনির্দেশনা না দিয়ে কৌশলে রাজনৈতিক ইস্যুতে কথা বলছে। অথচ দেশের এই সংকটকালে রাজনৈতিক ইস্যু পাশে রেখে অর্থনৈতিক সংকট নিয়ে তাদের কথা বলার কথা।

তা না করে, রাজনৈতিক ইস্যুকে সামনে এনে একধরনের ঘোট পাঁকানোর মিশনে নেমেছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া, মন্ত্রী-এমপিদের মধ্যে তেমন কোনো কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে না। তারা যেন ‘মধুচন্দ্রিমায়’ রয়েছে। অথচ সরকার এমন এক কঠিন পরিস্থিতিতে ক্ষমতাসীন হয়েছে, যখন দিনরাত কাজ করা ছাড়া মন্ত্রী-এমপিদের দম ফেলার ফুরসত থাকার কথা নয়। ভগ্ন অর্থনীতি পুনরুদ্ধারে নিরন্তর পরিশ্রম করে যাওয়ার কথা। দুঃখের বিষয়, দেশের এই পরিস্থিতি মানুষের সামনে যৌক্তিভাবে তুলে ধরার কোনো বয়ানও তাদের মুখে শোনা যায় না।

দুই মাসের মধ্যে যে সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ফ্যামিলিকার্ড, কৃষককার্ড, সুদসহ দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, এ নিয়ে তেমন কোনো প্রচার-প্রচারণা বা কথা বলতে দেখা যাচ্ছে না। এগুলো থেকে যে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে, তার কোনো আওয়াজ মন্ত্রী-এমপিদের মুখে নেই। আমরা দেখেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পরিষদবর্গ এক পদ্মাসেতু, যা থেকে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে সরাসরি উপকৃত হয়না, তা নিয়ে প্রতিনিয়ত কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিল। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার সাথে সাথে যেভাবে সাধারণ মানুষকে সরাসরি অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি পূরণ করেছেন, তার উপকার তারা কীভাবে পাচ্ছে, তা নিয়ে মন্ত্রী-এমপিদের মুখে কোনো কথা নেই। তারা বিরোধী রাজনৈতিক দলের রাজনীতির প্রতি কতটা খেয়াল রাখছেন, এ ব্যাপারেও তাদের মধ্যে উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। মনে রাখা দরকার, ’২৪-এর গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল একটি অরাজনৈতিক ইস্যু থেকে। পরবর্তীতে তা রাজনৈতিক রূপ লাভ করে। বিরোধীদল এখন রাজনৈতিক ইস্যু নিয়ে আন্দোলনের কথা বললেও অর্থনৈতিক সংকটে মানুষের মধ্যে যে ক্ষোভ জমা হচ্ছে, তা এক সময় তাদের আন্দোলনে যুক্ত হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। অর্থনৈতিক সংকটই রাজনৈতিক সংকটে পরিণত হবে। এ ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে এবং অর্থনৈতিক সংকটের উৎস কোথায় তা শনাক্ত করে দ্রুত সমাধানের পদক্ষেপ নিতে হবে।

darpan,journalist@gmail.com