ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য আসন্ন এপ্রিল মাসে বিধানসভা নির্বাচনের দিকে এগোচ্ছে। যদিও একই সময়ে ভারতের আরও চারটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তবুও দেশের অভ্যন্তরে পশ্চিমবঙ্গের নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের পুরো সীমান্তজুড়ে সংযোগ থাকায়, এই নির্বাচনের প্রভাব ও ফলাফল বাংলাদেশের জন্যও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রথম দৃষ্টিতে মনে হতে পারে, একটি রাজ্য নির্বাচন বাংলাদেশের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়, কারণ বৈদেশিক নীতির সব সিদ্ধান্তই নেওয়া হয় নয়াদিল্লিতে। কিন্তু বাস্তবতা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যকার চলমান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় বারবার বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসছে। ফলে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতি নানা দিক থেকে বাংলাদেশের সঙ্গে আন্তঃসম্পর্কিত হয়ে পড়েছে।

শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের বর্তমান সম্পর্ক থেকে শুরু করে চলমান নানা দ্বন্দ্বের বিষয় এখানে প্রাসঙ্গিক। একই সঙ্গে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে অভিন্ন সাংস্কৃতিক পরিচয় ও মূল্যবোধ। ফলে পশ্চিমবঙ্গের নির্বাচন নিঃসন্দেহে বাংলাদেশের জন্য গুরুত্ব বহন করে। প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর নীতিগত অবস্থানও এসব বিষয়ে ভিন্ন। ভোটারদের আকৃষ্ট করতে উভয় পক্ষই বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরছে। যেখানে বিজেপি তুলনামূলকভাবে আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস কিছুটা নরম অবস্থান গ্রহণ করেছে।

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান, যা শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর ফলে ঢাকা ও দিল্লির মধ্যে বিদ্যমান উষ্ণ সম্পর্ক হঠাৎ করেই শীতল হয়ে পড়ে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় সুস্পষ্ট কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারেনি। উষ্ণ সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। বরং ছাত্রনেতাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা স্পষ্ট ছিল।

এই প্রেক্ষাপটে যদি পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলে বাংলাদেশের বর্তমান সরকারের উচিত হবে এসব উদ্বেগ আরও সতর্কতা ও সক্রিয়তার সঙ্গে মোকাবিলা করা। সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়টি পশ্চিমবঙ্গের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের আস্থা অর্জনে বাংলাদেশের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। এ বিষয়টি উপেক্ষা করা হলে নেতিবাচক ধারণা আরও শক্তিশালী হতে পারে।

ভারত ও বাংলাদেশের সম্পর্কের কাঠামোগত বাস্তবতা বিবেচনায় নিলে এই নির্বাচনের কৌশলগত গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। তিস্তা চুক্তির মতো বিষয়গুলো শুধু নীতিগত মতপার্থক্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এগুলো ভারতের ফেডারেল ব্যবস্থার একটি সীমাবদ্ধতাকে তুলে ধরে, যেখানে পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্য আন্তর্জাতিক চুক্তির বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে তিস্তা চুক্তির বিরোধিতা করে আসছেন। এটি শুধু একটি রাজনৈতিক অবস্থান নয়, বরং এটি ইঙ্গিত করে যে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয় না হলে ভবিষ্যতে কোনো চুক্তিই বাস্তবায়নের নিশ্চয়তা পাবে না। সুতরাং নির্বাচনের ফলাফল গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্ধারণ করবে এই অচলাবস্থা বজায় থাকবে, নাকি আলোচনার জন্য নতুন কোনো সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া নির্বাচনী ইস্যু হিসেবে বাংলাদেশের ব্যবহার আর সাময়িক নয়, এটি ক্রমশ রাজনৈতিক বয়ানে প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি ধারাবাহিক বয়ান তৈরি করেছে, যা নির্বাচনের পরও বহাল থাকার সম্ভাবনা রয়েছে। যখন কোনো বিষয় নির্বাচনী কৌশলের অংশ হয়ে ওঠে, তখন তা নীতিনির্ধারণেও প্রভাব ফেলে। ফলে বাংলাদেশের মতো একটি দেশকে অংশীদার হিসেবে নয়, বরং একটি নিরাপত্তা উদ্বেগ হিসেবে উপস্থাপনের প্রবণতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে। এর দীর্ঘমেয়াদি প্রভাব দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর পড়বে।

একই সঙ্গে একটি ভূরাজনৈতিক দিকও রয়েছে, যা উপেক্ষা করা যায় না। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগ এবং বৃহত্তর কৌশলগত প্রতিযোগিতায় ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ভারত বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে গুরুত্বপূর্ণ মনে করে। কিন্তু পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনৈতিক বয়ানে যদি বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়, তাহলে কেন্দ্রীয় পর্যায়ের কৌশলগত সহযোগিতা এবং রাজ্য পর্যায়ের রাজনৈতিক বক্তব্যের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়। এই ধরনের দ্বন্দ্ব বাস্তবায়ন প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে, এমনকি কাগজে থাকা চুক্তিগুলোও কার্যকর হতে বিলম্বিত হতে পারে।

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতার মতোই ধারণাও গুরুত্বপূর্ণ। সংখ্যালঘু ইস্যু নিয়ে বারবার উত্থাপিত অভিযোগ, তা সম্পূর্ণ সঠিক হোক বা রাজনৈতিকভাবে অতিরঞ্জিত, পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে একটি নির্দিষ্ট ধারণা তৈরি করতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণা নীতিনির্ধারণেও প্রভাব ফেলতে পারে। যদি পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশের প্রতি সন্দেহের দৃষ্টিতে তাকাতে শুরু করে, তাহলে যে কোনো সরকার, যে দলেরই হোক, সহযোগিতামূলক নীতি গ্রহণে দ্বিধায় পড়বে।

অন্যদিকে এসব বয়ানের প্রতি বাংলাদেশের তুলনামূলক নীরবতা বা ধীর প্রতিক্রিয়া একটি শূন্যতা তৈরি করছে। বর্তমান বিশ্বে রাজনৈতিক বয়ান কোনো সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সক্রিয় সম্পৃক্ততা না থাকলে একপাক্ষিক বক্তব্যই প্রাধান্য পায়। এ কারণেই জনকূটনীতি, গণমাধ্যমে সম্পৃক্ততা এবং সুস্পষ্ট যোগাযোগ ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কোনো বয়ানকে উপেক্ষা করলে তা নিস্তেজ হয় না, বরং অনেক সময় আরও শক্তিশালী হয়ে ওঠে।

সবশেষে দুই বাংলা ধারণাটি একই সঙ্গে সম্ভাবনা ও ঝুঁকি বহন করে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক পরিচয় ঐতিহাসিকভাবে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। কিন্তু যদি রাজনৈতিক অবিশ্বাস বাড়তে থাকে, তাহলে এই অভিন্ন পরিচয় বাস্তব ক্ষেত্রে দুর্বল হয়ে পড়তে পারে। সাংস্কৃতিক নৈকট্য নিজে থেকেই রাজনৈতিক আস্থা ধরে রাখতে পারে না, এর জন্য প্রয়োজন ধারাবাহিক ও বিচক্ষণ নীতিগত পদক্ষেপ।

পশ্চিমবঙ্গের নির্বাচন শুধু কে সরকার গঠন করবে সেটি নির্ধারণ করে না, বরং এটি নির্ধারণ করে বাংলাদেশের অবস্থান কীভাবে সেই রাজনৈতিক বয়ানের মধ্যে প্রতিফলিত হবে। যদি নেতিবাচক বয়ানগুলো আরও শক্তিশালী হয় এবং সেগুলোর মোকাবিলা না করা হয়, তাহলে তা দীর্ঘমেয়াদে নীতিনির্ধারণে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সময়োপযোগী সম্পৃক্ততা এবং কৌশলগত যোগাযোগ সাময়িক নির্বাচনী বক্তব্যকে দীর্ঘস্থায়ী কূটনৈতিক সংকটে পরিণত হওয়া থেকে রক্ষা করতে পারে।

এইচ এম সাব্বির হোসাইন: শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়