বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলী ফুটিছে, তার সুবাসে ময়না আমার ভাসিল রে। কোকিলের ডাক আর চারপাশে গাছে গাছে ফুল দেখলে বোঝা যায়, বসন্তকাল দরজায় কড়া নাড়ছে। মাটিতে পড়ে থাকা শুকনো পাতাদের পাশ কাটিয়ে জাগছে নতুন প্রাণ। নিষ্প্রাণ প্রায় এই কংক্রিটের শহরে ভালোবাসার সে কুহুস্বরে মুখর পরিবেশে মন যেন কোনো উদাসলোকে হারিয়ে যেতে চায়। কবির ভাষায় বলতে ইচ্ছে করে, বসন্ত আজ আসলো ধরায়, ফুল ফুটেছে বনে বনে, শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন বনে। শীতের আগমনের সঙ্গে যেমন এক অনন্য উচ্ছ্বাস জড়িয়ে থাকে, তেমনি এর বিদায়বেলার দিনগুলোও এক অদ্ভুত আবেগ জাগিয়ে তোলে। বছর ঘুরে আসা এই ঋতু যখন শেষের পথে, তখন প্রকৃতি ও মানুষের মনে এক ধরনের নরম অনুভূতি ছড়িয়ে পড়ে।
শীতের শেষের সকালগুলোতে কুয়াশার চাদর একটু হালকা হতে শুরু করে। সূর্যের উষ্ণতা ধীরে ধীরে অনুভব করা যায়, তবু বাতাসে এখনো শীতের একটা মিষ্টি আমেজ লেগে থাকে। হেমন্তের সোনালি আলোর মতো, শীতের শেষের এই নরম রোদ গায়ে মেখে কল্পনার জগতে হারিয়ে যেতে ইচ্ছে করে। এ সময়ের বিকেলগুলোতে বাতাসে বসন্তের আগমনী বার্তা ধ্বনিত হতে থাকে। পাখিদের কিচিরমিচির, মাঠে ফোঁটা সরিষার ফুলের হলুদ সমারোহ আর কোকিলের কুহু কুহু ডাক জানান দেয়- শীত বিদায় নিচ্ছে, নতুন এক ঋতুর আবাহন শুরু হতে চলেছে। কিন্তু শীতের মায়ায় জড়ানো দিনগুলো কি এত সহজে ভুলে যাওয়া যায়? বাংলা কবিতায় প্রকৃতির রূপ-বর্ণনার পাশাপাশি মানবজীবনে প্রকৃতির নানামাত্রিক বিস্তৃতির কথাও এসেছে।
বাঙালির জীবনে যেমন, কাব্যের শীতের প্রভাব কম নয়; যদিও কবিতা ও গানে বর্ষা-বসন্তের যতটা বিস্তার শীতের ততটা নয়, তবে শীত এসেছে বহুরৈখিক ব্যঞ্জনায়। সরল উপস্থাপনায় বলতে পারি, শীতঋতু নিয়ে বাংলা কবিতার পঙ্ক্তি নির্মিত হয়েছে প্রধানত দুই রকম উপস্থাপন শৈলীতে। প্রথমত শীতঋতুর প্রাকৃতিক অবয়ব ফুটিয়ে তোলা; যেখানে বর্ণিত হয়েছে রূপ-বর্ণনা; যেখানে চিত্রকল্প হয়েছে প্রকৃতির আনন্দ-বেদনা। দ্বিতীয় ধারায় শীতানুষঙ্গের আশ্রয়ে ব্যক্ত হয়েছে মানবমনের আনন্দ-বেদনা অথবা নিগূঢ় কোনো দার্শনিক অভিজ্ঞান। দুই ধারার কোনোদিকের পাল্লা ভারী হবে নিশ্চিত করে বলা সহজ নয়। কিন্তু এ কথা নির্দ্বিধায় উচ্চারণ করা যায়, প্রথম ধারার চেয়ে দ্বিতীয় ধারার পঙ্ক্তিমালাই শীতবিষয়ক কবিতার মহার্ঘ্য সম্পদ, প্রাজ্ঞজনের বিবেচনা পেয়েছে।
জীবনানন্দ দাশ তার কবিতায় বিপর্যকে ব্যঙ্গ করেছেন তির্যক-তীক্ষè উপস্থাপনায়- এদিকে কোকিল ডাকছে-পউষের মধ্যরাতে; কোনো একদিন বসন্ত আসবে বলে? কোনো একদিন বসন্ত ছিল তারই পিপাসিত প্রচার? একই কবিতার শেষটা বড় নির্মোহ কিন্তু শঙ্কাময়। কবি বলছেন, অরণ্য কীভাবে সংকটাপন্ন আর সিংহও, খসে পড়া কোকিলের ভুলে যাওয়া গানে পাহাড় নিস্তব্ধ! জীবনানন্দ দাশ তার মাল্যবান উপন্যাসে শীতে মানুষের জৈবিক অভিঘাতটি প্রকাশ করেন অনন্য ব্যঞ্জনায়। শীতে মানুষের নিঃসঙ্গতায় কতটা তীব্র অনুভূতি জেগে ওঠে সে দিকটি তুলে ধরেছেন তিনি। মাল্যবানে দুই মেরুর দুই মানব-মানবীর ভেতর শীতলতা আর উষ্ণতার আলোড়ন যেন শরীরে আগুন হয়ে জেগে ওঠে। রবীন্দ্রনাথে শীত-সন্ধান তো নিশ্চয়ই জরুরি।
কেননা তিনি প্রতিটি ঋতু নিয়ে কবিতা আর গান লিখে বাংলার ঋতুচক্রের সৌন্দর্য উন্মোচন করেছেন পরম নিষ্ঠায়। বিশেষ করে গান; বর্ষা নিয়ে তার গানের সংখ্যা দেড়শ মতো, বসন্ত নিয়েও কাছাকাছি; শরৎ বেশ পিছিয়ে, ত্রিশের মতো; শীত তারও নিচে, মাত্র বারোটি; অবশ্য শীতের নিচেও আছে হেমন্তঋতু; মাত্র তিনটি। তার কবিতায় প্রেয়সী এবং দেবী, প্রেম এবং পূজা একাকার হয়ে যায় যখন রবীন্দ্রনাথ লেখেন- ডেকেছো আজি, এসেছি সাজি, হে মোর লীলাগুরু- শীতের রাতে তোমার সঙ্গে কী খেলা হবে শুরু! ভাবিয়াছিনু গতিবিহীন গোধূলিছায়ে হলো বিলীন পরাণ মম, হিমে মলিন আড়ালে তারে হেরি? \r\nবর্তমান আবহাওয়াই জানান দিচ্ছে- বসন্ত এসে গেছে... । মৃদুমন্দ বাতাসে ভেসে আসা ফুলের গন্ধ জানিয়ে দিয়ে যায়, সত্যি সত্যিই বসন্ত ঋতুর রাজা। উদাস আকুল মন নেচে ওঠে দখিনা হাওয়ায়।
সৌরভ তার ভরে দেয় মন-প্রাণ। ঋতুরাজ বসন্তের আগমনের সঙ্গে প্রকৃতিতে লেগেছে তার ছোঁয়া। যদিও বসন্ত উৎসব এখন গ্রামীণ আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নেই। শহুরে মানুষের কাছেও বসন্তের আবেদন ভিন্নমাত্রা যোগ করেছে। বিশেষ করে শহরের তরুণ-তরুণীরা বসন্তবরণে দিনভর ব্যস্ত থাকে। ফুলে ফুলে ভরে যায় কিশোরী-তরুণীদের চুলের খোপা। শহরের বিভিন্ন পয়েন্টে বসে খাবারের মেলা। এ দিন দর্শনীয় স্থানগুলোতে মানুষের পদচারণায় যেন তিল ধরার ঠাঁই থাকে না। কোকিলের কুহুতান, দখিনা হাওয়া, ঝরাপাতার শুকনো নূপুরের নিক্কণ, প্রকৃতির মিলন এ বসন্তেই। বসন্ত মানেই যে পূর্ণতা। বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। এ ঋতু বাসন্তী রঙে সাজায় মনকে, মানুষকে করে আনমনা।
বসন্তের অপার্থিব সৌন্দর্যের বর্ণনা দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেন, এলো বনান্তে পাগল বসন্ত/ বনে বনে মনে মনে রং সে ছড়ায়, চঞ্চল তরুণ দুরন্ত। ঋতুরাজখ্যাত বসন্তের আগমনে প্রকৃতি যেন ফিরে পায় তার চিরায়ত রূপ, সৌন্দর্য। শীতের শীর্ণতায় ঝরা পাতাগুলো ফাগুনের ঝিরিঝিরি দখিনা বাতাসে অল্প অল্প বাতাসে উড়ছে। নবপত্রপল্লবে শোভিত হয়ে উঠছে বনরাজি, ফুলের বাগান। বাংলার শ্রীযুক্ত নৈসর্গিক প্রকৃতিতে ফাগুনের মাতাল হাওয়া দোলা দিয়েছে। বসন্তের ছোঁয়ায় প্রকৃতি যেন নতুনরূপে সাজবে। \r\nবসন্তের আগমনে অকপটে হৃদয়ে জাগে এ যেন মধুময় বসন্ত, ফুলেল বসন্ত, যৌবনের উদ্দামতা বয়ে আনার বসন্ত এবং আনন্দ, উচ্ছ্বাস, প্রফুল্লতা ও উদ্বেলতায় মন কেড়ে নেওয়ার বসন্ত, বাঙালি জাতিসত্তায় আনে মুগ্ধতার পরশ।
বাঙালি চিরকাল উৎসব প্রেমী।বসন্তকে কেন্দ্র করে বাঙালির মাঝে চলে নানা আয়োজন। বারো মাসে তেরো পার্বণের শুরুটাই যেন বসন্তকে বরণের মধ্যে দিয়ে শুরু হয়। প্রকৃতিতে ঋতুরাজ নিজেই তার স্বকীয়তা আপন ভঙ্গিতে বিলিয়ে দিতে থাকলেও উৎসব প্রেমী বাঙালি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্তকে বরণে মেতে উঠে। ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়, মোঘল সম্রাট আকবর ১৪০০ সালের দিকে বাংলা নববর্ষের গগণা শুরু করেন। সে সময় থেকেই ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। তার মধ্যে বসন্ত উৎসব অন্যতম। এ ঋতুতে ভ্রমরের গুঞ্জনে, কোকিলের কুহুতানে আর পাপিয়ার পিউ পিউ ডাকে চারদিক মুখরিত হয়। সাজ সাজ রব পড়ে যায় প্রকৃতিতে। শেষ বিকালের গোলাপি আলো মিলিয়ে যেতে না যেতেই দূর আকাশে চোখ মেলে সন্ধ্যাতারা। রাত নামে। আকাশে তখন লাখ তারার মেলা।
তাই দেখে জোনাকিরাও বুঝি তারা হতে চায়। \r\nআশ্চর্য সুন্দর বসন্ত রাতের দৃশ্য শুধু চোখই জুড়ায় না, মনও কাড়ে। প্রকৃতি যেন নববধূর সাজে সজ্জিত হয়। প্রকৃতির এরূপ লাবণ্য মানব মনকে দোলা দেয়। বসন্তের রূপ সৌন্দর্যে বিমুগ্ধ কবির কণ্ঠে শুনি- মহুয়ার মালা গলে কে তুমি এলে/নয়ন ভোলানো রূপে কে তুমি এলে। শীতে ম্রিয়মাণ প্রকৃতি বসন্তের জাদুময়ী স্পর্শে হয়ে উঠে প্রাণবন্ত। প্রজাপতি তার রঙিন পাখা মেলে উড়ে বেড়ায় মনের সুখে। তবে বসন্ত যতটা শোভাময়, ততটা ফলবন্ত নয়। গ্রীষ্মকালে ফলের যে প্রাচুর্য থাকে তার প্রস্তুতি পাঠ এই বসন্তকালে। প্রকৃতির বুকে বসন্ত আসে ফুলের সৌন্দর্য ও সৌরভ নিয়ে। বসন্তের অপূর্ব ফুলসম্ভার বাংলাদেশের চিরশ্যামল প্রকৃতিকে সৌন্দর্য ও ঐশ্বর্যে ঝলমল করে তুলে। বসন্তের আগমনে পল্লবিত হয় তরুলতা।
গাছে গাছে ফোটে বিচিত্র ফুল। গোলাপ, শিমুল, অশোক, পলাশ, কৃষ্ণচূড়া ইত্যাদি দৃষ্টিনন্দন রক্তিম ফুলগুলো প্রাণে আনন্দের রং ছড়ায়। এছাড়া বসন্তকালে আমের মুকুলের ম ম গন্ধে হৃদয় ভরে যায়। গায়কপাখি কোকিলকে বলা হয় বসন্তদূত। বর্ষার অভিশাপে যে কোকিল একদিন বাকরুদ্ধ হয়েছিল, সে ফিরে পায় তার কণ্ঠ। নবপল্লবিত কচি অশ্বত্থ শাখায় বসে ডেকে ওঠে কুহু কুহু। বসন্ত বাউরি বউ কথা কও বলে থেকে থেকে ডাক দেয়। চারদিকে বসন্তের জয়ধ্বনি বেজে ওঠে। এ কবির কাব্য, প্রেমিকের হৃদয় উছলানো প্রেমাকাক্সক্ষার সময়। বসন্তের আরেক মানে যেন বাঙালির নবজাগরণ। কেননা এ বসন্তেই বাঙালি জাতি তাদের প্রথম জাগরণের উত্থান ঘটিয়েছিল। রাজপথ রঞ্জিত করে ভাষা আন্দলনের বীজ রোপিত হয়েছিল রঙিন বসন্তে। আর এর সফল উন্মোচন হয়েছে ৭১ এ স্বাধীনতার মাধ্যমে। সর্বোপরি বসন্ত প্রেম, উৎসব, বিদ্রোহের সমারোহে আচ্ছাদিত হয়ে তার সৌরভ ছড়িয়ে বাঙালির চেতনাকে জাগিয়ে তোলে নব আঙিকে।\r\nলেখক : ব্যাংক কর্মকর্তা, সংস্কৃতিকর্মী
