ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় প্রতিটি সংসদীয় এলাকায় বিপুলসংখ্যক তরুণ কয়েক সপ্তাহ ধরে যে তীব্র ব্যস্ততার মধ্যে ছিল; নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের জীবনে হঠাৎ শূন্যতা তৈরি হয়েছে। প্রার্থীদের প্রচার, সমন্বয়, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও সামাজিক মাধ্যমে তাদের যে সক্রিয় উপস্থিতি ছিল, তা যেন হঠাৎ থেমে গেছে। তাদের এই ব্যস্ততা মূলত শুরু হয়েছিল চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে।

ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালীসহ বিভিন্ন এলাকায় কথা বলে স্পষ্ট হয়েছি– এই শূন্যতা অর্থকড়ির নয়; এটি তরুণ বয়সীদের অর্থপূর্ণ সম্পৃক্ততার শূন্যতা। তাদের অনেকেই বিগত ১৮ মাস স্বেচ্ছায় সময় ও শ্রম দিয়েছিল। নির্বাচনকালীন দায়িত্বের মাধ্যমে তারা নিজেদের ‘প্রয়োজনীয়’ মনে করেছিল। হঠাৎ সেই সক্রিয়তা থেমে যাওয়ায় তাদের একটি অংশ নিজেকে ‘অপ্রয়োজনীয়’ মনে করছে। তীব্র ব্যস্ততা থেকে নিষ্ক্রিয়তায় নেমে আসার মনস্তাত্ত্বিক বাস্তবতা উপেক্ষণীয় নয়।

এবারের সংসদে আসনের দিক থেকে প্রথম তিনটি দলের ইশতেহারেও তরুণদের গুরুত্ব স্বীকার করা হয়েছে। বিএনপির ইশতেহারে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে জোর দেওয়া হয়েছে। বেসরকারি বিনিয়োগ ও শিল্পায়নের মাধ্যমে চাকরির সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতিও স্পষ্ট। জামায়াতে ইসলামী তরুণদের নৈতিক ও শিক্ষাগত উন্নয়ন, মাদকবিরোধী অবস্থান এবং মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে গুরুত্ব দিয়েছে। এনসিপি তরুণ নেতৃত্ব, রাজনৈতিক সংস্কার ও অংশগ্রহণমূলক রাজনীতির প্রশ্ন সামনে এনেছে। ভাষা ও অগ্রাধিকার ভিন্ন হলেও অভিন্নভাবে তারা তরুণদের গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে। তাদের অগ্রাধিকারগুলো সার্বিকভাবে অভিভাবকদের আকাঙ্ক্ষাও প্রতিফলিত করে। কিন্তু একটি মৌলিক প্রশ্ন এখনও অমীমাংসিত: সংগঠিত তরুণ শক্তিকে নির্বাচন-পরবর্তী সময়ে রাষ্ট্র কীভাবে সম্পৃক্ত ও প্রাসঙ্গিক রাখবে?

কর্মসংস্থান অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। শিল্পায়ন, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নের সুফল পেতে সময় লাগে। নৈতিক পুনর্গঠন বা রাজনৈতিক সংস্কারও তাৎক্ষণিক নয়। কিন্তু নির্বাচন-পরবর্তী শূন্যতা মোকাবিলায় স্বল্পমেয়াদি ও মধ্যবর্তী কাঠামো গড়ে তোলা সম্ভব। জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তরুণ-তরুণীর সম্পৃক্ততার প্রশ্নটি আলোচনায় আসা উচিত। তাৎক্ষণিক আরও কিছু কাজ করা যেতে পারে।

১. উপজেলাভিত্তিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম: প্রতিটি উপজেলা প্রশাসনের অধীনে ডিজিটাল ও অফলাইন নিবন্ধন চালু করে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সামাজিক সচেতনতামূলক কাজে ইচ্ছুক তরুণ-তরুণীর প্ল্যাটফর্ম তৈরি করা যেতে পারে।

২. কমিউনিটি অ্যাকশন প্রোগ্রাম: খাল-জলাশয় পরিষ্কার, বৃক্ষরোপণ, উপকূলীয় বাঁধ রক্ষণাবেক্ষণ, স্কুল ও কমিউনিটি অবকাঠামোর সংস্কার ধরনের তিন মাস মেয়াদি কর্মসূচি তরুণদের অর্থপূর্ণ ব্যস্ততা দেবে। প্রয়োজনে সেটা ছয় মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে।

৩. যুব পরামর্শ কাউন্সিল: প্রতিটি সংসদীয় এলাকায় সক্রিয় তরুণদের নিয়ে অরাজনৈতিক পরামর্শ ফোরাম গঠন করে স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় তাদের মতামত যুক্ত করা যেতে পারে।

৪. জেলা ও উপজেলা যুব সংলাপ: সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত সংলাপ তরুণ-তরুণীদের অভিজ্ঞতা ও প্রস্তাবকে নীতি পর্যায়ে পৌঁছানোর সুযোগ দেবে।

৫. আঞ্চলিক কর্মসংস্থান উদ্যোগ: আঞ্চলিক বাস্তবতার ভিত্তিতে পর্যটন, ব্লু ইকোনমি, কৃষি ও মৎস্য খাতে যুব উদ্যোক্তা কর্মসূচি নেওয়া যেতে পারে। স্থানীয় সম্পদভিত্তিক কর্মসংস্থান তরুণদের নিজ এলাকায় সক্রিয় রাখবে।

৬. যুব উদ্ভাবন চ্যালেঞ্জ: স্থানীয় সমস্যা সমাধানে উদ্ভাবনী প্রস্তাব আহ্বান এবং ক্ষুদ্র অনুদানভিত্তিক উদ্যোগ চালু করা হলে তরুণ-তরুণীরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও অর্থপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

৮. সাংস্কৃতিক কার্যক্রম জোরদার: কোনো রাজনৈতিক কর্মকাণ্ডই শেষ পর্যন্ত টেকসই হয় না যদি সমাজের মধ্যে সাংস্কৃতিক বন্ধন গড়ে না ওঠে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সৌহার্দ্যের বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে, সেটা টেকসই করতে হলে দেশজুড়ে সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম জোরদারের বিকল্প নেই। প্রতিটি ইউনিয়নকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের হাব হিসেবে গড়ে তুলতে হবে। সুস্থ বিনোদন তরুণদের সংগঠিত করার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশে ভারসাম্য রক্ষা করবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে গড়ে ওঠা সৌহার্দ্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করবে। বিএনপির ইশতেহারে ঘোষিত মাসিক বেকার ভাতাকে কেবল আর্থিক সহায়তার বদলে শর্তযুক্ত অংশগ্রহণমূলক কর্মসূচির সঙ্গে যুক্ত করা সম্ভব। কমিউনিটি সার্ভিস আওয়ার, পরিবেশ সংরক্ষণ প্রকল্প, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বা স্থানীয় উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণকে ভাতাপ্রাপ্তির শর্ত করা হলে এটি একদিকে তরুণদের অর্থপূর্ণ সম্পৃক্ততা নিশ্চিত করবে, অন্যদিকে সামাজিক প্রকল্পগুলোকেও গতি দেবে। এসব পদক্ষেপ বিপুল অর্থ বরাদ্দের বিষয় নয়; বরং প্রশাসনিক সমন্বয় ও নীতিগত অগ্রাধিকারের প্রশ্ন। তরুণদের শক্তিকে যদি অব্যবহৃত রাখা হয়, তা হতাশা ও অস্থিরতার ঝুঁকি তৈরি করতে পারে। সংগঠিত ও ইতিবাচকভাবে পরিচালিত হলে সেই শক্তিই দেশের বড় সম্পদ হতে পারে। যদি তরুণরা দীর্ঘদিন দিশাহীন থাকে; সেই শূন্যতা ‘অন্য শক্তি’ পূরণ করবে।

এখন কয়েকটি নীতিগত প্রশ্ন সামনে আসে: আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনায় কি তরুণদের জন্য আলাদা অধ্যায় থাকবে? জাতীয় যুবনীতি কি হালনাগাদ করা হবে? স্থানীয় সরকার কাঠামোয় কি বাধ্যতামূলক যুব পরামর্শ ফোরাম গঠন করা হবে? উন্নয়ন প্রকল্পে কি নির্দিষ্ট মাত্রার যুব সম্পৃক্ততা নিশ্চিত করা হবে? জুলাই গণঅভ্যুত্থান এবং নির্বাচনে প্রার্থী, কর্মী, প্রচারক, ভোটার হিসেবে অংশগ্রহণের মাধ্যমে তরুণরা দেখিয়েছে– তারা দায়িত্ব নিতে প্রস্তুত। এখন সিদ্ধান্ত রাষ্ট্রের। নির্বাচন-পরবর্তী মুহূর্তেই সরকারের প্রথম বড় পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন