সীমান্ত শুধু কাঁটাতারের বেড়া নয়, এটি একটি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনীতির সঙ্গে যুক্ত। সীমান্ত যতটা সুরক্ষিত, একটা দেশের জাতীয় স্বার্থও তত সুরক্ষিত। তাই সীমান্ত নিরাপত্তা যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ সীমান্ত নানা ঝুঁকির মধ্যে রয়েছে। মাদক পাচার, চোরাচালান, মানবপাচার, অনুপ্রবেশ ও সীমান্তে সহিংসতার ঘটনা জাতীয় নিরাপত্তার ব্যর্থতাকে তুলে ধরে। \r\nবাংলাদেশের স্থল ও জল সীমান্তের ভৌগোলিক বাস্তবতা অপরাধী চক্রকে আরও সুযোগ করে দিয়েছে। ইয়াবা-ফেনসিডিলসহ নানা ধরনের মাদক প্রতিদিন দেশে প্রবেশ করছে, যা যুব সমাজকে আরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক কেবল একটা সামাজিক সমস্যা নয়। এটি একটা দেশের অর্থনীতি, নৈতিকতা ও ভবিষ্যৎ নেতৃত্বকে দুর্বল করে দেয়।

সীমান্ত নিরাপত্তার দুর্বলতা অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। চোরাচালানের ফলে রাজস্ব হারায়, বৈধ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় এবং দেশের অর্থনীতি ভেঙে পড়ে। একইসঙ্গে মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। \r\nপ্রশ্ন ওঠে, এ দায় কার ? সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বাহিনী নিশ্চয় একা দায়ী নয়। এর শেকড় আরও গভীরে। পর্যাপ্ত প্রযুক্তির অভাব, নজরদারির সীমাবদ্ধতা, জনবল সংকট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দুর্নীতি- সীমান্ত নিরাপত্তাকে আরও দুর্বল করে তুলেছে। কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় দালালচক্রের সহযোগিতা ছাড়া সীমান্ত দিয়ে এত বড় পরিসরে অপরাধ সংগঠিত হওয়া সম্ভব নয়। রাষ্ট্র যদি এসব বিষয়ে কঠোর ও নিরপেক্ষ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে সীমান্ত নিরাপত্তা কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হলে সমন্বিত ও দূরদর্শী কৌশল গ্রহণ জরুরি। আধুনিক প্রযুক্তি ড্রোন, স্মার্ট সেন্সর, সিসিটিভি ও তথ্যভিত্তিক নজরদারি ব্যবস্থার ব্যবহার বাড়াতে হবে। সীমান্তে নিয়োজিত বাহিনীর প্রশিক্ষণ, পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য। একইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির বাস্তব প্রয়োগ জরুরি। \r\nস্থানীয় মানুষ সীমান্তের বাস্তব চিত্র সবচেয়ে ভালো জানে। এক্ষেত্রে সীমান্ত নিরাপত্তায় তাদেরও সম্পৃক্ত করতে হবে। জীবন-জীবিকা, নিরাপত্তা ও আস্থার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করলে তারা-ও সীমান্ত রক্ষায় দেশের সহযোগী শক্তিতে পরিণত হতে পারে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর কূটনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা ছাড়া সীমান্ত নিরাপত্তা টেকসই হবে না। \r\nচম্পা আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়