বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন এক ঝুঁকিপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে, যা দেশের সাধারণ মানুষের মনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম ও ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা, যাত্রীবাহী বাসে আগুন, ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, এই ঘটনাগুলো আর বিচ্ছিন্ন কোনো অপরাধ নয় বরং একটি সুপরিকল্পিত নাশকতামূলক চক্রের উপস্থিতি প্রকাশ করছে। দেশ যে আবারও আগুন, সন্ত্রাসের ভয়াল দিনগুলোর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এমন শঙ্কা এখন জনমনে গভীরভাবে জেঁকে বসেছে। আইনশৃঙ্খলার অবনতির কারণে সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। বড় শহর থেকে শুরু করে উপজেলা পর্যন্ত এমন এক অনিশ্চয়তা তৈরি হয়েছে, যেখানে মানুষ ঘর থেকে বের হয়ে নিশ্চিত নয়, নিরাপদে ফিরতে পারবে কি না।
রাজধানীর মতো সুরক্ষিত এলাকায় দিনের আলোয় খুন এবং অপরাধীর নির্বিঘ্নে পালিয়ে যাওয়া দেখিয়ে দিচ্ছে, আইনশৃঙ্খলা ব্যবস্থার ফাঁকফোকর ক্রমেই বড় হচ্ছে। জনমনে ধারণা তৈরি হচ্ছে যে অপরাধীরা আইনের হাত থেকে রক্ষা পাওয়ার সাহস পাচ্ছে, ফলে তাদের দৌরাত্ম্য আরও বাড়ছে। এ ধরনের সহিংসতা দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা শঙ্কা প্রকাশ করছেন, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অস্থিরতা চলতে থাকলে দেশের ব্যবসা-বাণিজ্য হুমকির মুখে পড়বে। পরিবহন খাতে আগুন-সন্ত্রাসের পুনরুত্থান শ্রমজীবী মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আতঙ্ক বাড়ছে, অভিভাবকেরাও সন্তানদের নিয়ে উদ্বিগ্ন। এমন একটি স্থিতিশীলতার অভাবপূর্ণ পরিবেশ সমাজ ও রাষ্ট্র উভয়ের জন্যই ক্ষতিকর। এ পরিস্থিতিতে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি।
নাশকতা দমনে শুধু কঠোর অভিযান নয়, প্রয়োজন বাস্তবভিত্তিক এবং প্রযুক্তিনির্ভর গোয়েন্দা তৎপরতা বাড়ানো। নাশকতাকারীদের সংগঠিত শক্তি কোথায়, কিভাবে অর্থায়ন হয়, কোন গোষ্ঠী কোন উদ্দেশ্যে সহিংসতা ছড়াচ্ছে, এসব স্পষ্টভাবে চিহ্নিত করা জরুরি। গ্রেপ্তার হওয়া অপরাধীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও চার্জশিট দাখিল করতে হবে, যাতে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়ে অপরাধীরা লাভবান না হয়। জনগণের মনে আস্থা ফিরিয়ে আনতে দৃষ্টান্তমূলক শাস্তির বার্তা কার্যকর করতে হবে। তবে কেবল সরকারের ওপরই সব দায় চাপিয়ে দিলে চলবে না। দেশের রাজনৈতিক দলগুলোরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, উত্তেজনামূলক বক্তব্য, সহিংসতা উসকে দেওয়া, এগুলো সামাজিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে। সুস্থ রাজনৈতিক পরিবেশ ছাড়া কোনো দেশ নিরাপদ থাকতে পারে না। তাই সব রাজনৈতিক পক্ষের উচিত সহিংসতা পরিহার করে গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ন রাখা এবং রাষ্ট্রের সার্বিক স্থিতিশীলতায় সহযোগিতা করা। বাংলাদেশ এক জটিল সময় অতিক্রম করছে। সন্ত্রাস, সহিংসতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, এগুলো মিলেই একটি বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিচ্ছে। দেশের শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে এখনই প্রয়োজন শক্ত রাষ্ট্রীয় প্রশাসন, দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব এবং সামাজিক ঐক্য। অস্থিরতার আগুন যাতে আর না ছড়ায়, সেজন্য জাতীয়ভাবে সচেতনতা ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।\r\nগাজীপুর থেকে
