আমাদের এই জনবহুল বদ্বীপটিতে পারস্পরিক নির্ভরশীলতা হতে পারত এক অপরাজেয় শক্তি। মানুষের পিঠে মানুষের হাত থাকলে যে হিমালয় জয় করা সম্ভব, সেই বাস্তবতা আমরা বিসর্জন দিয়েছি এক অবাস্তব কুহকের মোহে। লক্ষ করলে দেখা যায়, আমাদের যুথবদ্ধ জীবনের প্রতিটি স্তরে আজ এক ধরনের অলীক শত্রুর উপস্থিতি। নেতৃত্বের যখন বাস্তব দারিদ্র্য, জঠরের ক্ষুধা, ক্রমবর্ধমান বেকারত্ব, রুগ্ন স্বাস্থ্যব্যবস্থা আর অন্ধ কুসংস্কারের মতো আদিম ও প্রকৃত শত্রুদের বিরুদ্ধে তলোয়ার ধরার কথা, তখন লড়াই করছে এক একটি কাল্পনিক ছায়ার বিরুদ্ধে। এই ছায়াযুদ্ধ বড়ই বিচিত্র এবং একই সাথে সুবিধাজনক। কারণ বাস্তব শত্রুর বিরুদ্ধে লড়তে গেলে ঘাম ঝরাতে হয়, নীতি প্রণয়ন করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। কিন্তু কল্পিত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে কেবল বাগ্মিতার প্রয়োজন পড়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই প্রতারণামূলক যুদ্ধকেই আমাদের দেশের রাজনীতিকরা অত্যন্ত গর্বের সাথে ‘রাজনীতি’ বলে চালিয়ে দিচ্ছেন। সত্য-মিথ্যা নির্ণয়ের বাইরে গিয়ে রাজনীতির মঞ্চে প্রতিপক্ষের মু-ুপাত করার এক অলীক মহড়া না দেখালে নাকি তাদের নেতৃত্ব পূর্ণতা পায় না! এই যে জনগণকে ‘মুগ্ধতার আফিম’ খাইয়ে রাখার কৌশল, এটিই আজ সমাজ ও রাষ্ট্রকে এক চরম আস্থাহীনতার গহ্বরে ঠেলে দিচ্ছে।
বাস্তবভিত্তিক রাজনীতির বদলে ছায়াযুদ্ধে নিমগ্ন আমাদের রাষ্ট্র ও রাজনীতিতে এক অদ্ভুত ‘ভক্তির আয়োজন’ সম্পন্ন করা হয়েছে। রাজনীতি এখানে আর জনসেবার মাধ্যম নয়, বরং এখানে ব্যক্তিপূজা ও ভক্তির এমন এক আবহ তৈরি করা হয়েছে যেখানে রাজনৈতিক দলকে মনে করা হয় এক পবিত্র ধর্মগোষ্ঠী আর রাজনৈতিক নেতাকে উন্নীত করা হয়েছে ‘রাজনৈতিক গুরুর’-এর আসনে। মুক্তিযুদ্ধের চেতনার মতো বিষয়কে যখন কেবল ঢাল হিসেবে ব্যবহার করে ব্যক্তিপূজার মহোৎসব চালানো হয়, কিংবা ‘স্বর্গীয় রাষ্ট্র’ প্রতিষ্ঠার বায়বীয় স্বপ্ন দেখিয়ে যখন বিভাজনের দেয়াল তোলা হয়, তখন সমাজ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।
বাস্তবতাকে অস্বীকার করে কল্পনার ওপর ভর করে রাষ্ট্র ও সমাজ চালানোর প্রচেষ্টা, এটিই মূলত সর্বজনীন আস্থাহীনতার জন্ম দিচ্ছে। যখন রাষ্ট্রের কর্ণধাররা কাল্পনিক শত্রুর ভয়ে তটস্থ হওয়ার অভিনয় করেন, তখন একপর্যায়ে সাধারণ মানুষ তাদের সেই অভিনয় ধরে ফেলেন। রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামা তাঁর বিখ্যাত গ্রন্থে নিখুঁতভাবে দেখিয়েছেন, কোনো সমাজ যদি উচ্চমাত্রার আস্থা বজায় রাখতে না পারে, তবে তার পতন অনিবার্য। তাঁর মতে, আস্থা হলো, কোনো সম্প্রদায়ের ভেতরে সেই প্রত্যাশা, যা নিয়মিত, সৎ এবং সহযোগিতামূলক আচরণের মাধ্যমে তৈরি হয়, যা সম্প্রদায়ের অন্য সদস্যদের অভিন্ন রীতিনীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। বাংলাদেশের প্রেক্ষাপটে আজ সেই আস্থার সংকট ফল্গুধারার মতো সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হচ্ছে। যখন শাসনব্যবস্থা কেবলই মরীচিকার পিছে ছোটে, তখন জনগণের ভেতরে সৃষ্টি হয় এক ভয়াবহ উদাসীনতা।
জার্মান সমাজবিজ্ঞানী উলরিখ বেক তাঁর ‘রিস্ক সোসাইটি’ তত্ত্বে একটি গুরুত্বপূর্ণ সতর্কবাণী উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, আধুনিক রাষ্ট্রগুলো যখন নিজের নাগরিকদের নিরাপত্তা ও প্রকৃত জীবনমান নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন তারা জনগণের মনোযোগ অন্যদিকে সরাবার জন্য এক ধরনের ‘ঝুঁকির রাজনীতি’ বা কাল্পনিক ভীতি উৎপাদন করে। বেকের ভাষায়, ঝুঁকি সমাজে বর্তমানকে নির্ধারণের শক্তি হারায় অতীত; তার স্থান দখল করে ভবিষ্যৎ, অর্থাৎ বর্তমান অভিজ্ঞতা ও কর্মের কারণ হিসেবে হাজির হয় অনস্তিত্বশীল, উদ্ভাবিত ও কাল্পনিক কোনো কিছু। বাংলাদেশের রাজনীতি ও সমাজ আজ ঠিক এই তত্ত্বেরই এক মূর্ত চিত্র। এখানে বেকারের আর্তনাদ ঢাকা পড়ে যায় ভূরাজনৈতিক ষড়যন্ত্রের উচ্চকিত চিৎকারে। এখানে হাসপাতালের বারান্দায় ধুঁকতে থাকা রোগীর দীর্ঘশ্বাসকে আড়াল করে দেওয়া হয় কাল্পনিক জুজু দেখিয়ে। নেতৃত্ব যখন এই ফিকশনকে পুঁজি করে শাসন দীর্ঘস্থায়ী করতে চায়, তখন তারা ভুলে যায় যে, জনগণের অবচেতন মন এক সময় এই মিথ্যাকে ঘৃণা করতে শুরু করে। এই ঘৃণা থেকেই জন্ম নেয় এক সর্বগ্রাসী উদাসীনতা ও আস্থাহীনতা। মানুষ যখন দেখে যে, রাষ্ট্র তার মৌলিক প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়ে কেবলই বিমূর্ত শত্রুর সাথে কুস্তি খেলছে, তখন সে নিজেকে সমাজ ও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে নেয়।
আমাদের রাজনীতির কারিগররা মনে করেন, জনগণকে একটি ঘোর বা ঘোরের ভেতরে রাখাটাই নেতৃত্বের সার্থকতা। তারা ভক্তির এমন এক শিল্পকলা নির্মাণ করেছেন যেখানে যুক্তির চেয়ে আবেগ আর সত্যের চেয়ে ভক্তি বড়। নেতা যখন কথা বলেন, তখন তার অনুসারীরা সেই কথাকে দৈববাণীর মতো গ্রহণ করে, আর বিরোধী পক্ষ তাকে দানবীয় কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখে। এই দ্বিমুখী ফিকশনের যাঁতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষের ভাগ্য। অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁর ‘আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স’ গ্রন্থে মানুষের পরিচয়কে একটিমাত্র ফ্রেমে বাঁধার বিপজ্জনক দিকগুলো তুলে ধরেছিলেন। সেনের সেই কালজয়ী বক্তব্যটি হলো: ঘৃণা নির্মাণের কৌশলটি মূলত কোনো একটি পরিচয়কে জাদুকরী শক্তিতে এমনভাবে জাগিয়ে তোলে যা মানুষের অন্যান্য সম্পৃক্ততাকে ডুবিয়ে দেয় এবং এক সুবিধাজনক যুদ্ধংদেহী রূপ ধারণ করে আমাদের স্বাভাবিক মানবিক সহানুভূতি বা সহজাত দয়াকেও বিলীন করে দেয়। (The art of constructing hatred takes the form of invoking the magical power of some allegedly predominant identity that drowns other affiliations, and in a conveniently pugnacious form, can also drown any human sympathy or natural kindness that we may normally have.- Identity and Violence: The Illusion of Destiny (2006), Page 2.) আমাদের দেশেও আজ মানুষের বহুবিধ সমস্যাকে আড়াল করে তাকে কেবল এক ছায়াযুদ্ধের সৈনিক বানানো হচ্ছে। এই যে পরিচয়বাদী ফিকশন, এটি মানুষের পারস্পরিক সহমর্মিতা ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এক সময় গ্রামবাংলার মানুষ যে বিশ্বাসের জোরে একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ত, আজ সেই বিশ্বাস অপবাদ/তকমা ও সন্দেহের বিষবাষ্পে নীল হয়ে গেছে।
ইতিহাসের শিক্ষা হলো, যখনই কোনো রাষ্ট্র তার নাগরিকের বাস্তব ক্ষুধার ওপর ভক্তির প্রলেপ লাগাতে চেয়েছে, তখনই সেই সভ্যতা ধ্বংস হয়ে গেছে। আমরা আজ এমন এক অদ্ভুত সময়ের বাসিন্দা যেখানে রাজনীতির ময়দান আর যাত্রার মঞ্চের মধ্যে কোনো তফাৎ নেই। আজকে মানুষ রাষ্ট্রকে আর নিজের অভিভাবক মনে করতে পারছে না; সমাজকে নিরাপদ ভাবতে পারছে না। প্রত্যেকেই নিজের ক্ষুদ্র স্বার্থের গহ্বরে পড়ে আছে। আস্থাহীনতার এই চোরাবালিতে দাঁড়িয়ে আমরা যত বড় বড় ইমারত বা মেগা প্রজেক্টই গড়ি না কেন, তার ভিত্তি হবে অত্যন্ত নড়বড়ে। এই কঠিন সময়ে আমাদের প্রয়োজন এক বাস্তববাদী নেতৃত্বের, যে কাল্পনিক শত্রুর সাথে যুদ্ধ না করে দারিদ্র্য, বেকারত্ব আর অশিক্ষার বিরুদ্ধে কাজ করবে। আমাদের প্রয়োজন এমন এক সমাজের যেখানে ভক্তি নয়, বরং যুক্তি আর অধিকারের মর্যাদা হবে সর্বোচ্চ। আস্থাহীনতার যে বিষবৃক্ষ আজ মহীরূহ হয়ে উঠেছে, তাকে উপড়ে না ফেললে আগামী প্রজন্মের জন্য কেবল এক পোড়া বাড়িই পড়ে থাকবে, কোনো সমৃদ্ধ রাষ্ট্র নয়। ছায়াযুদ্ধের এই মরীচিকা ছেড়ে আমরা যদি বাস্তবে ফিরতে না পারি, তবে রাষ্ট্রের এই গোধূলি বেলা খুব দ্রুতই এক অন্ধকার অমানিশায় নিমজ্জিত হবে।
লেখক: সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
