বাংলাদেশের কৃষি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে জলবায়ু পরিবর্তনের আঘাত, অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি, জমির ক্রমহ্রাসমান পরিমাণ এবং মাটির উর্বরতা হ্রাস– সব মিলিয়ে কৃষি উৎপাদন এখন টেকসইতার কঠিন পরীক্ষার মুখে। অতীতের ঐতিহ্যনির্ভর কৃষি পদ্ধতি দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। এখন প্রয়োজন বিজ্ঞানভিত্তিক, তথ্যনির্ভর এবং পরিবেশবান্ধব কৃষি উদ্ভাবন। এই প্রেক্ষাপটে কৃষিক্ষেত্রে তিনটি প্রযুক্তিগত ধারা– বায়োইনফরমেটিক্স, বায়োটেকনোলজি এবং জৈব কৃষি বাংলাদেশের জন্য খুলে দিচ্ছে টেকসই উন্নয়নের নতুন দ্বার।

বায়োইনফরমেটিক্স মূলত জীববৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ, সংরক্ষণ ও ব্যবহারে তথ্যপ্রযুক্তির প্রয়োগ। আধুনিক কৃষি গবেষণায় এটি এক অপরিহার্য হাতিয়ার। বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ফসলের জিনোম ডেটাবেজ তৈরি করছে, যা নতুন জাত উদ্ভাবনে সহায়ক ভূমিকা রাখছে। এ প্রযুক্তি ব্যবহার করেই উদ্ভাবিত হয়েছে লবণাক্ততা সহনশীল ব্রিধান-৬৭ ও খরা সহনশীল ব্রিধান-৫৬, যা মাঠ পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করেছে।

বায়োইনফরমেটিক্সের কারণে কৃষি এখন আর আন্দাজনির্ভর নয়, বরং ডেটা-ড্রিভেন (তথ্যনির্ভর) একটি গবেষণামুখী খাত। জিনোমিক বিশ্লেষণ, বিগ ডেটা ও মেশিন লার্নিং ব্যবহারের মাধ্যমে ফসলের রোগ প্রতিরোধক্ষমতা বা লবণাক্ততা-সহনশীলতা নির্ধারণ করা যাচ্ছে অল্প সময়ে। ফলে গবেষণার ব্যয় ও সময় দুই-ই কমছে। এই প্রযুক্তি কৃষিকে নিয়ে যাচ্ছে ‘স্মার্ট কৃষি’র যুগে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত বীজ নির্বাচন থেকে ফলন পূর্বাভাস পর্যন্ত তথ্য ও বিশ্লেষণের ওপর নির্ভর করবে। বাংলাদেশে কৃষি বায়োটেকনোলজির বাণিজ্যিক যাত্রা শুরু হয় ২০১৩ সালে বিটি বেগুন উদ্ভাবনের মাধ্যমে। এই জাত ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে সুরক্ষিত। ফলে কীটনাশকের ব্যবহার প্রায় ৮০ শতাংশ কমেছে। এতে যেমন পরিবেশ দূষণ হ্রাস পেয়েছে, তেমনি কৃষকের উৎপাদন ব্যয়ও কমেছে। এটি ছিল বাংলাদেশের কৃষিতে বায়োটেকনোলজির যুগান্তকারী সূচনা। বর্তমানে দেশের গবেষণাগারে চলছে গোল্ডেন রাইস, ব্লাস্ট প্রতিরোধী গম এবং খরা ও লবণাক্ততা সহনশীল ধান নিয়ে গবেষণা। বিশেষ করে গোল্ডেন রাইসের ভিটামিন-এ সমৃদ্ধ জাত অপুষ্টি দূরীকরণে সহায়ক হবে বলে বিজ্ঞানীরা আশাবাদী। কৃষিতে এমন উদ্ভাবন শুধু খাদ্য উৎপাদনই নয়, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখছে। বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বদরবারে বৈজ্ঞানিক সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১০ সালে পাটের জিনোম সিকোয়েন্সিং, ২০১৮ সালে ইলিশের জিনোম সিকোয়েন্সিং এবং ২০২০ সালে কভিড-১৯ ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করে দেশ প্রমাণ করেছে সীমিত সম্পদ দিয়েও বড় অর্জন সম্ভব। সাম্প্রতিক সময়ে দেশি গরু, হাঁস ও ভেড়ার জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হওয়া জৈব গবেষণায় নতুন অধ্যায় সূচনা করেছে।

তবে প্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে নৈতিকতা, নিরাপত্তা ও জৈববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করাও জরুরি। জিন সম্পাদন প্রযুক্তি ও জিএম ফসলের উন্নয়ন যেন কৃষকবান্ধব হয়, সেটিই মূল চ্যালেঞ্জ। কৃষকের বীজের অধিকার, ভোক্তার নিরাপত্তা এবং ফসলের পরিবেশগত প্রভাব মূল্যায়নের জন্য শক্তিশালী নীতিমালা ও নিয়ন্ত্রক সংস্থা অপরিহার্য। বিজ্ঞান অগ্রগতির সঙ্গে সামাজিক আস্থা ও স্বচ্ছতাও সমানভাবে বজায় রাখা জরুরি। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাটির জৈব উপাদান ধ্বংস করছে এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করছে। এ পরিস্থিতিতে জৈব কৃষি বা অর্গানিক ফার্মিং বিকল্প নয়, বরং অপরিহার্য হয়ে উঠেছে। বাংলাদেশের কৃষকরা ধীরে ধীরে কম্পোস্ট, ভার্মিকম্পোস্ট, বায়োফার্টিলাইজার ও বায়োপেস্টিসাইড ব্যবহারে আগ্রহী হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ (বিএডিসি) বিভিন্ন এনজিও এখন জৈব সার উৎপাদন ও বিপণনে সক্রিয় ভূমিকা রাখছে।

উপকূলীয় অঞ্চলে জৈব চাষ মাটির লবণাক্ততা হ্রাস, পানি ধারণক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রোবায়াল কার্যক্রম বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে জৈব পণ্যের চাহিদা বাড়ায় কৃষকরা অর্থনৈতিকভাবে উৎসাহিত হচ্ছেন। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে বাংলাদেশের জৈব কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনাও বাড়ছে। এটি শুধু পরিবেশ রক্ষা নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে নতুন আয়ের উৎস দিচ্ছে। জৈব কৃষি দীর্ঘমেয়াদে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক। এতে রাসায়নিক নির্ভরতা কমে, মাটির উর্বরতা ফিরে আসে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস পায়; যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় ভূমিকা রাখে। এ কারণে অনেক বিশেষজ্ঞ একে বলেন ‘সবুজ বিপ্লবের পরের পর্যায়-ব্রাউন রেভলিউশন’, যেখানে মাটির প্রাণ ফেরানোই মূল লক্ষ্য। যদিও সাম্প্রতিক অগ্রগতি আশাব্যঞ্জক, তবুও কৃষি গবেষণার অগ্রযাত্রায় একাধিক সীমাবদ্ধতা বড় বাধা হয়ে আছে। পর্যাপ্ত অর্থায়নের অভাবে গবেষণা প্রকল্পনির্ভর ও স্বল্পমেয়াদি রয়ে গেছে। আধুনিক ল্যাব ও দক্ষ জনবলের ঘাটতি উদ্ভাবনের গতি কমিয়ে দিচ্ছে। অন্যদিকে, মাঠপর্যায়ের কৃষকদের প্রযুক্তি-অজ্ঞতা গবেষণার ফল বাস্তব প্রয়োগে বাধা সৃষ্টি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার একটি স্বতন্ত্র কৃষি গবেষণা সার্ভিস কমিশন গঠনের উদ্যোগ নিতে পারে, যা গবেষণায় স্বচ্ছতা, মর্যাদা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।

এ চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে হলে দরকার সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধির। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। ‘এগ্রি ডেটা হাব’ নামে একটি কেন্দ্রীয় কৃষি তথ্য ব্যবস্থা তৈরি করলে গবেষকরা সহজে ফসলের জিনোম, মাটি, আবহাওয়া ও উৎপাদন সম্পর্কিত তথ্য ব্যবহার করতে পারবেন। তাছাড়া ফিল্ড-লেভেল প্রশিক্ষণ, প্রদর্শনী প্লট ও বাজার সংযোগ বাড়াতে হবে, যাতে কৃষকরা নতুন প্রযুক্তির সরাসরি সুফল বুঝতে পারেন। বিশ্ববিদ্যালয় ও বায়োটেকনোলজি-স্টার্টআপগুলোর অংশগ্রহণ কৃষি প্রযুক্তি উদ্যোক্তা তৈরিতে সহায়ক হতে পারে। আন্তর্জাতিক সহযোগিতা, বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর বাড়ালে বাংলাদেশের কৃষি গবেষণা আরও ফলপ্রসূ হবে।

কৃষি এখন শুধু খাদ্য উৎপাদনের খাত নয়– এটি অর্থনীতি, পরিবেশ ও প্রযুক্তির সমন্বিত উন্নয়ন প্ল্যাটফর্ম। তাই প্রয়োজন দক্ষ মানবসম্পদ, শক্তিশালী আইন ও কৃষকবান্ধব নীতিমালা। বায়োইনফরমেটিক্স, বায়োটেকনোলজি বিষয়ক উচ্চশিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়ানো দরকার। পাশাপাশি জৈব কৃষির সার্টিফিকেশন ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তোলা জরুরি; যাতে জৈব পণ্যের রপ্তানি সক্ষমতা বাড়ে। বায়োইনফরমেটিক্স দিচ্ছে তথ্য ও বিশ্লেষণের শক্তি, বায়োটেকনোলজি দিচ্ছে উদ্ভাবনের গতি আর জৈব কৃষি দিচ্ছে টেকসইতার নিশ্চয়তা। এই তিন ধারার সমন্বয় ঘটাতে পারলে বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, বরং রপ্তানিমুখী কৃষি অর্থনীতিতে পরিণত হতে পারবে। এখন প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, রাজনৈতিক সদিচ্ছা ও বিনিয়োগে অগ্রাধিকার– যাতে কৃষক, বিজ্ঞানী, উদ্যোক্তা ও রাষ্ট্র একসঙ্গে এগিয়ে আসতে পারে। কারণ, ভবিষ্যতের কৃষি হবে জ্ঞাননির্ভর, প্রযুক্তিনির্ভর ও পরিবেশ-সংবেদনশীল, যেখানে ‘উৎপাদন’ নয়, ‘টেকসইতা’ হবে উন্নয়নের নতুন মানদণ্ড।

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, খাদ্য ঘাটতি ও অপুষ্টি সমস্যা যখন তীব্র হচ্ছে, তখন বাংলাদেশ চাইলে হতে পারে দক্ষিণ এশিয়ার কৃষি উদ্ভাবনের পথপ্রদর্শক। বাংলাদেশের কৃষি যদি বায়োইনফরমেটিক্স, বায়োটেকনোলজি ও জৈব কৃষির সম্মিলিত প্রয়োগে এগিয়ে যায়, তবে আগামী এক দশকের মধ্যেই দেশ গড়ে তুলতে পারবে এক টেকসই, উদ্ভাবননির্ভর ও বিশ্বমানের কৃষি অর্থনীতি; যা হবে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পরিবেশ সুরক্ষার এক অনন্য উদাহরণ।

কৃষিবিদ ড. মো. আল-মামুন: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট